এক লাফে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশ নাম্বারে আয়ারল্যান্ড
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পর এখন তিনটি দলের অবস্থান। তবে এরচেয়ে বড় খবর, এবারের বিশ্বকাপে বিস্ময় সৃষ্টি করা আয়ারল্যান্ড পেছনে ফেলেছে জিম্বাবুয়ে ও কেনিয়াকে। বাংলাদেশের অবস্থান আগের নয় নম্বরেই। ১০ নম্বর থেকে জিম্বাবুয়েকে সরিয়ে দিয়ে সেখানে বসেছে আইরিশরা!
ওয়ানডে র্যাঙ্কিংয়ের এলিট তালিকায় উঠতে দুটি টেস্ট দলকে হারানোর প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। স্বপ্নের বিশ্বকাপ থেকে সেই অর্জন তারা ঘরে তুলেছে প্রথমে পাকিস্তান ও পরে বাংলাদেশকে হারিয়ে। আর এখান থেকে অর্জিত পয়েন্টই তাদের তুলে দিয়েছে জিম্বাবুয়ে ও কেনিয়ার ওপরে।
র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি পুনরুদ্ধার করে সেটি ভালোভাবেই ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে তারা এসেছিল দুই নম্বর দল হিসেবে, তাদের ওপরের জায়গাটি কিছুদিন আগেই অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু অস্ট্রেলিয়ার টানা জয় ও দক্ষিণ আফ্রিকার জয়ের ধারাবাহিকতার অভাব এপ্রিলের শুরুতেই র্যাঙ্কিংয়ে পরিবর্তন এনে দেয়। অস্ট্রেলিয়া ফিরে পায় এক নম্বর জায়গাটি।
আইসিসি র্যাঙ্কিং- দল পয়েন্ট
১ অস্ট্রেলিয়া ১২৯
২ দক্ষিণ আফ্রিকা ১২৫
৩ নিউজিল্যান্ড ১১৫
৪ শ্রীলঙ্কা ১১০
৫ পাকিস্তান ১১০
৬ ভারত ১০৬
৭ ইংল্যান্ড ১০৪
৮ ওয়েস্ট ইন্ডিজ ৯৯
৯ বাংলাদেশ ৪৫
১০ আয়ারল্যান্ড ২৯
১১ জিম্বাবুয়ে ২২
১২ কেনিয়া ০
