২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের মৃত্যু রহস্য উদঘাটনের কাজ আপাতত স্থগিত

কথা ছিল ২৩ এপ্রিল থেকে নতুন করে শুরু হবে বব উলমার মৃত্যু রহস্য উদঘাটনের প্রচেষ্টা। বিষক্রিয়ার পরীক্ষার ফল হাতে পাওয়ার পর উজ্জীবিত তদন্ত দল নতুন উদ্যমে মাঠে নামতে চেয়েছিল। কিন্তু আপাতত স্থগিত হয়ে যাচ্ছে তদন্তের সেই উদ্যোগ, প্রস্তাবিত কার্যক্রম। জ্যামাইকান বিচার মন্ত্রণালয় জানিয়েছে, হাতে ‘নতুন ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়’ আসায় তদন্ত কর্মকর্তারাই আপাতত তদন্ত কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন মিস্টার রবার্ট উলমারের মৃত্যু বিষয়ে নতুন এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু উন্নতির দিকে তারা এগিয়ে গেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতে, তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এই নতুন তথ্যগুলো জরুরি এবং সেগুলো বড় ভূমিকাও রাখবে তদন্তে। আবার প্রয়োজন হলে নতুন করে তদন্তের তারিখ নির্ধারণ করা যেতে পারে।’’

বিশ্বকাপ চলাকালে গত ১৮ মার্চ সকালে কিংস্টনের হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায় পাকিস্তানের কোচ উলমারকে। তার আগের দিনই পাকিস্তান অপ্রত্যাশিতভাবে আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। অচেতন উলমারকে হাসপাতালে নেওয়া হলে জানা যায় তিনি মৃত। পরে জ্যামাইকান পুলিশ জানায়, বিষ প্রয়োগ এই মৃত্যুর অন্যতম কারণ। তদন্ত এখনো চলছে। কিন্তু এখন সম্ভবত কিছু বিষয় গোপন রেখে কাজ চালাতে চাচ্ছে জ্যামাইকান পুলিশ ও স্কটল্যান্ড ইয়ার্ড।

এদিকে বৃটিশ ট্যাবলয়েড ‘সান’ এক জন সিনিয়র পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,“টক্সিকোলজি রিপোর্টে (বিষক্রিয়ার পরীক্ষা) তার শরীরে অ্যাকোনাইট (এক ধরনের উদ্ভিতজাত বিষ) প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। এখন আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ঘটনা হল পাকিস্তানে আগে এই বিষ প্রয়োগের ঘটনা হরহামেশাই ঘটতো।”