তার সমালোচনাটাকে যৌক্তিক মনে করেন না হাবিবুল
শেষ ম্যাচের পর বাংলাদেশের পারফরম্যান্স ছাপিয়ে গেলো অধিনায়ক সংক্রান্ত আলোচনা। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও যতদূর খবর, হাবিবুল বাশার ওয়ানডে দল থেকে বাদ পড়ে যাচ্ছেন। সেই আশঙ্কার মুখে দাঁড়িয়ে কী ভাবছেন তিনি, ওয়ানডে ক্যারিয়ার নিয়ে তার পরিকল্পনাটা কী-সেসব জানতেই বার্বাডোজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন মুখোমুখি হয়েছিলেন তার:
প্রশ্ন : ওয়ানডে দলে আপনার জায়গা নিয়ে কথা হচ্ছে। আপনি আপনার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?
হাবিবুল : সত্যি বললে, আমি বিশ্বকাপে আসার আগেই একবার ভেবেছিলাম বিশ্বকাপের পর অবসর নেবো। কিন্তু টিমমেটদের অনেকের সঙ্গে কথা বলে দেখলাম এবং বুঝলাম, তারা আমাকে চায়। আমার নিজেরও মনে হলো, আরও কিছুদিন থাকা উচিত। এখন অবশ্য আমাকে নতুন করে ভাবতে হবে। আমি দেশে ফিরে গিয়ে ভাবব, ভেবে ওয়ানডে ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবো।
প্রশ্ন : এই যে দলে আপনার জায়গা নিয়ে কথা, সেটা কি পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে হয়?
হাবিবুল : কিছুটা। সত্যি বললে, শেষ কয়েকটা ম্যাচে এটা আমাকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছিল। আমার দলের খেলোয়াড়রা সবাই আমাকে খুব সম্মান করে। সেই সম্মানের একটা বড় কারণ, আমি পারফরম করেছি বা করি। বিশ্বকাপে হয়নি। ভাগ্যটাও সহায় ছিল না। তিনটা ইনিংসে রান আউট হলাম। যা হোক, দলে জায়গা নিয়ে কথা আমার ওপর একটা বাড়তি চাপ তৈরি করেছিল। আমি এতে অভ্যস্ত নই কখনো। সেই শুরু থেকে যদি দেখেন তাহলে খেয়াল করবেন, তিন বছর সময়ের মধ্যে কখনোই এই প্রশ্নটা ওঠেনি।
প্রশ্ন : আপনার কি মনে হয় যে এই সমালোচনাটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে?
হাবিবুল : আমার তাই মনে হয়। সবচেয়ে বেশি মনে হয়, দল যখন ভালো করছিল তখন এরকম সমালোচনা হয়তো ঠিক ছিল না। আপনি দেখবেন, অস্ট্রেলিয়া সবসময় একটা কৌশল অবলম্বন করে, তারা বিপক্ষের অধিনায়কের ওপর একটা চাপ সৃষ্টি করে, মানসিকভাবে তাকে শেষ করে দিতে চায়। আমাদের ক্ষেত্রে উল্টো হলো। আর তাছাড়া এই বিশ্বকাপের আগেও আমি ভালো করছিলাম। অধিনায়ক হওয়ার পর আমার ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অনেক ভালো।
প্রশ্ন : এই যে সমালোচনা তাতে নিশ্চয়ই আপনি হতাশ?
হাবিবুল : হতাশ মানে ... একটু মন খারাপ হয়েছে। আমার মনে হচ্ছে, এটা একটু বেশি হয়ে গেছে। এবারের বিশ্বকাপে দল ভালো করছিল, সেসময় আমরা আরেকটু ধৈর্যশীল হতে পারতাম। সব মিলিয়ে বলতে পারেন, আমার একটু মন খারাপ হয়েছে।
প্রশ্ন : এখন যদি আপনাকে ওয়ানডে থেকে সরিয়ে শুধু টেস্ট অধিনায়ক রাখা হয়, তাহলে আপনি কীভাবে নেবেন বিষয়টাকে?
হাবিবুল : এটা তো বোর্ডের সিদ্ধান্ত। আমি বাংলাদেশ দলে যখন যেখানে খেলেছি, আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই মুহুর্তে আমি এসব নিয়ে ভাবছি না। দেশে যাবো। ভাববো। তারপর সিদ্ধান্ত নেবো।
প্রশ্ন : শুধু টেস্টে অধিনায়ক রাখা হলে কী অধিনায়কত্ব করবেন?
হাবিবূল : শুরুতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপর অধিনায়কত্ব বিষয়টা আমি উপভোগ করেছি। সিদ্ধান্ত যদি হয় আমাকে শুধু টেস্ট অধিনায়ক রাখার, তাহলে আমাকে তো সেটা মেনে নিতেই হবে।
প্রশ্ন : সব মিলিয়ে বিশ্বকাপটা বাংলাদেশের কেমন গেল?
হাবিবুল : সুপার এইটের পারফরম্যান্সটা পুরোপুরি আমাদের প্রত্যাশামতো হয়নি। আমরা আরও ভালো করতে পারতাম বা ভালো করা উচিত ছিল। বিশেষ করে বার্বাডোজের শেষ তিনটা ম্যাচে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। কিন্তু সব মিলিয়ে তবু আমি বলব, খারাপ নয়। আরও ভালো হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত যা-ই হোক, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে জেতাও কম বড় ব্যাপার নয়।
প্রশ্ন : সেক্ষেত্রে কি আয়ারল্যান্ডের সঙ্গে জিতলে আমাদের বিশ্বকাপ মিশন পুরো সফল হতো বলে আপনার মনে হয়?
হাবিবুল : আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটাকে আমি এভাবে আলাদা করে দেখতে রাজি নই। ঐ ম্যাচটাতে আমরা ভালো খেলিনি। ভালো খেলতে পারিনি বার্বাডোজের শেষ তিন ম্যাচের একটিতেও।
প্রশ্ন : বার্বাডোজের উইকেটটা কি বাংলাদেশের ব্যর্থতার একটা কারণ, যেহেতু এরকম ফাস্ট এবং বাউন্সি উইকেটে খেলতে আমরা ঠিক অভ্যস্ত নই?
হাবিবুল : সত্যি বললে, এটা একটা কারণ। এ ধরনের উইকেটে খেলতে আসলে আমরা অভ্যস্ত নই। এখানের পিচ অনেক বাউন্সি, গতিও অনেক। আমার মনে হয়, অন্যান্য উইকেটগুলো আমাদের জন্য তুলনামূলকভাবে সহায়ক ছিল।
প্রশ্ন : কিন্তু অ্যান্টিগাতেও বাংলাদেশ খুব একটা ভালো করেনি। ওখানকার উইকেটে তো অত বাউন্স ছিল না!
হাবিবুল : কিন্তু ওখানকার দুই প্রতিদ্বন্দী দলও দেখতে হবে আপনাকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দল দুটো তুলনামুলকভাবে অনেক শক্তিশালী। তুলনামুলক দুর্বল তিনটি দলের সঙ্গে খেলা ছিল বার্বাডোজে। আমরাও আশা করেছিলাম এখানে আরও ভালো করব।
প্রশ্ন : বিশ্বকাপে বাংলাদেশের সেরা মুহুর্ত কোনটা?
হাবিবুল : অবশ্যই ভারতকে হারানো। দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়টাও একটা বড় ব্যাপার, কিন্তু ভারতের সঙ্গে ম্যাচটা আমাদের সুপার এইটের পথ খুলে দিয়েছিল। ওটা না জিততে পারলে আমরা বোধহয় এতদূর আসতে পারতাম না।
প্রশ্ন : সবচেয়ে বাজে মুহুর্ত নিশ্চয়ই আয়ারল্যান্ডের সঙ্গে হার!
হাবিবুল : অবশ্যই। ঐ ম্যাচটা শুধু হেরে গেছি বলে নয়, ঐদিন আমাদের পরিকল্পনামতো কিছুই করতে পারিনি। অন্য দিকে আয়ারল্যান্ড দল যা যা করতে চেয়েছিল তার সবই হয়েছে।
প্রশ্ন : বাংলাদেশের ব্যাটিংটা শেষ তিন ম্যাচে খুব খারাপ হয়েছে। সামগ্রিকভাবে দেখলেও পারফরম্যান্স খুব ভালো হয়নি। নয় ইনিংসের মধ্যে একবার মাত্র আমরা দুশ’ পেরিয়েছি।
হাবিবুল : এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। আসলে বিশ্বকাপে এসে আমাদের সেরা ব্যাটসম্যানদের অনেকেই ফর্ম হারিয়ে ফেলেছিল। গত এক-দেড় বছরে আমাদের সেরা ব্যাটসম্যান নাফীস, কিন্তু সে রান করতে পারেনি একদম। আমার নিজের ব্যাটেও রান ছিল না। তেমনি আফতাবও ব্যর্থ হয়েছে। একটা দলের ৬ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই যদি অফ ফর্মে থাকে তাহলে দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে বাধ্য।
প্রশ্ন : আচ্ছা, ডেভ হোয়াটমোর চলে যাচ্ছেন। পুরো সময়টাতেই আপনি তাকে পেয়েছেন, অধিনায়ক হিসাবে প্রায় তিন বছর। তাকে কীভাবে মুল্যায়ন করবেন?
হাবিবুল : তিনি চলে যাচ্ছেন কিনা সেটা আমি জানি না। তিনিও এই বিষয়ে আমাকে কিছু বলেননি। অন্য কোনো তরফ থেকেও আমি জানি না কিছুই। তবে তার সময়ে বাংলাদেশ জিততে শুরু করেছে। এই সময়েই আমরা বড় অনেকগুলো দলকে হারিয়েছি। সেই ফলই তার পক্ষে কথা বলছে।
