২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে লড়াইয়ের খানিকটা আভাস দিয়েছিলেন স্কট স্টাইরিস। নইলে নিউজিল্যান্ডের ইনিংসের গল্পটা হতে পারতো পিটার ফুলটন বনাম অস্ট্রেলিয়া। এবং সে লড়াইয়ে ফুলটন পরাজিত দলেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 02:25 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিশ্বকাপের আগে দুদলের সর্বশেষ দেখায় নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া, বিশ্বকাপের মাঠে তার নির্মম প্রতিশোধই নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ম্যাথু হেইডেনের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ার পর নিউজিল্যান্ডের ইনিংসটা প্রায় অর্ধেক সময় বাকি থাকতেই গুটিয়ে দিয়েছে তারা। ২৫ ওভার ৫ বলে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে কিউইরা হেরেছে ২১৫ রানের বিশাল ব্যবধানে।

নিউজিল্যান্ডের ইনিংসে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন ফুলটনই। ওপেন করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭২ বলে ৬২ রান করেছেন তিনি। কিন্তু অন্যপ্রান্তে এক স্টাইরিস (২৭) ছাড়া কেউ-ই সঙ্গ দিতে পারেননি তাকে। শন টেইট (৩/৩২), গ্লেন ম্যাকগ্রা (২/২৫) আর ব্র্যাড হগ (৪/২৯) মিলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নামিয়ে এনেছেন পাড়ার ক্রিকেটারদের সারিতে!

ধ্বংসযজ্ঞের সূচনাটা শন টেইটের হাত ধরে। ৩৪৮ রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড প্রথম ধাক্কাটা খেয়েছে শন টেইটের দুর্দান্ত এক বাউন্সারে স্লিপে রিকি পন্টিংয়ের হাতে ক্যাচ দিয়ে অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের (১২) বিদায়ে।

তারপর বল হাতে পেয়েই গ্লেন ম্যাকগ্রা যেন মনে করিয়ে দিয়েছেন, তার অনুপস্থিতিতে চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে কি ভুলটাই না করেছে নিউজিল্যান্ড! নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক, তাকে পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন রস টেলর (৩)। তারপরই ফুলটন আর স্টাইরিসের ওই লড়াই। ১০ ওভার পর্যন্ত তারা সমানে সমানেই লড়েছেন।

কিন্তু স্টাইরিসকে শর্ট মিডউইকেটে ম্যাথু হেইডেনের ক্যাচ বানিয়ে ম্যাকগ্রা ওই জুুটিটা ভাঙ্গার পর আর কোনো লড়াই-ই জমেনি। টেইট, শেন ওয়াটসন এবং তারপর বল হাতে পেয়ে ব্র্যাড হগও ধ্বংসযজ্ঞে যোগ দেওয়ায় নিউজিল্যান্ডের মিডল অর্ডার ভেঙ্গে পড়েছে তাসের ঘরের মতো।

ত্রয়োদশ ওভারেই টেইটের দ্বিতীয় শিকার হয়েছেন আগের ম্যাচেই নিউজিল্যান্ডের জয়ের নায়ক ক্রেগ ম্যাকমিলান (১), দারুণ গতির একটা ফুল লেন্থ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন এই অলরাউন্ডার।

ওয়াটসন তার প্রথম ওভারে শিকার করেছেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া জেমস ফ্র্যাংকলিনকে (৬)। গতির চাতুর্যে বোকা বানিয়ে তাকে বোল্ড করে দিয়েছেন ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংস খেলা ওয়াটসন।

পরের তিনটি শিকার হগের, ব্রেন্ডন ম্যাককালাম (৭), ড্যানিয়েল ভেট্টরি (৪) আর মার্ক গিলেস্পি (২) তিনজনই এই বাঁহাতি লেগস্পিনারের ফ্লাইটেড বলে প্রলুব্ধ হয়ে ক্যাচ দিয়েছেন যথাক্রমে ডিপ মিড উইকেট, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ আর মিড অনে।

দ্বিতীয় স্পেলে ফেরা টেইট এরপর মাইকেল ম্যাসনকে (০) উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করলে সঙ্গীহীনতার আশংকায় পড়ে যান ফুলটন। হগের পরের ওভারে বিগ হিট নেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি বোল্ড হয়ে গেলে ষোলকলা পূর্ণ হয় নিউজিল্যান্ডের ব্যর্থতার।

এর আগে ম্যাথু হেইডেনের সেঞ্চুরি আর শেষ দিকে শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টস জিতে রিকি পন্টিং ব্যাটিংয়ের সিদ্ধান্তটা অনেক সহজে নিতে পেরেছেন সেন্ট জর্জেসে বিশ্বকাপের আগের ম্যাচগুলোর কথা ভেবে। এখানে আগে ব্যাট করা দলগুলোই সাধারনত জেতে। সিদ্ধান্ত নিতে অনুঘটক হিসেবে হয়তো কিউই ফাস্টবোলার শেন বন্ডের অনুপস্থিতিটাও কাজ করেছে।

শুরুতে জেমস ফ্র্যাঙ্কলিনের বলে গিলক্রিস্টকে (১) হারিয়ে অস্ট্রেলিয়া হোঁচট খেলেও ওপেনার ম্যাথু হেইডেনকে নিয়ে ধুন্ধুমার ব্যাটিং করে যাচ্ছিলেন রিকি পন্টিং (৭০ বলে ৬৬)। তখন নিশ্চয়ই ইনজুরিতে পড়া বন্ডের কথা বারবার মনে পড়ছিল কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। কারণ তিনি দেখেছেন পন্টিং-হেইডেনের সামনে দুই কিউই ওপেনিং বোলার ফ্র্যাঙ্কলিন ও মাইকেল ম্যাসনের অসহায়ত্ব। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৭ রান যোগ করে বড় এক স্কোরের ভিত্তি গড়ে দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান অধিনায়ক ২৩তম ওভারে কিউই স্পিনার জিতান প্যাটেলের বলে মিড উইকেটে রস টেলরের হাতে ধরা পড়েন।

তিনি ফিরে গেলেও ৬ এর ওপরে রানের গড় ধরে রাখার ব্যাটসম্যানের তো আর অভাব নেই অস্ট্রেলিয়ার! মাইকেল ক্লার্ক (১৮) নেমেও সমানে চালাতে শুরু করেছেন, ২৬ তম ওভারে মার্ক গিলেস্পিকে পর পর তিনটি বাউন্ডারি মেরে যেন পন্টিংয়ের চেয়েও দ্রুতগতিতে রান তোলার দিকে মনযোগী হয়েছেন। অন্যপ্রান্তে সবসময় আক্রমণাত্মক মেজাজে থাকা হেইডেনও পেয়ে গেছেন বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি (১০৩)। ১০০ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করে যখন স্টাইরিসকে রিটার্ন ক্যাচ দিলেন, ততক্ষণে দলের স্কোর ৩ উইকেটে ২১৬। এই ১০৩ রান নিয়ে এবারের বিশ্বকাপে তার সংগ্রহ দাঁড়ালো ৫৮০, সেমিফাইনাল আর ফাইনাল মিলিয়ে আর মাত্র ৯৭ রান করলেই শচীন টেন্ডুলকারকে টপকে তিনিই হবেন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিকও।

তারপর ফ্র্যাঙ্কলিনের বলে মাইকেল ক্লার্ক ৩৫ রানের মাথায় উইকেট রক্ষক ম্যাককালামের হাতে জীবন পেয়েও ইনিংসটা তেমন বড় করতে পারেননি। শেষপর্যন্ত অবশ্য এই পেসারের বলেই বোল্ড আউট হয়েছেন ক্লার্ক (৪৬ বলে ৪৯)।

তারপর কিছুক্ষণের জন্য রান তোলার গতি একটু কমেছে অস্ট্রেলিয়ানদের। কারণ সাইমন্ডসও (১১) আউট হয়ে গেছেন প্যাটেলের বলে। মাইকেল হাসি (৩৭) উইকেটে থাকলেও তাকে ঠিক চেনা রূপে দেখা যায়নি।

কিন্তু এরপর শেন ওয়াটসনের ঝড়ে আবার এলোমেলো হয়ে গেছে কিউইদের গুছিয়ে আনা বোলিং আক্রমণ। ৪৮ তম ওভারে মার্ক গিলেস্পিকে তুলোধুনো করে ২৪ রান নিয়েছেন বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া ওয়াটসন। তার কল্যাণেই শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ানরা ৫১ রান তুলেছে আর ওয়াটসন ৩২ বলে ৪ টি চার ও ৪টি ছক্কা মেরে করেছেন ৬৫ রান।

এই রান বন্যার মধ্যেও ভাল বোলিং করেছেন জিতান প্যাটেল। ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। আর বেশি উইকেট পাওয়ার দিক থেকে বিচার করলে ফ্র্যাঙ্কলিন; ৮ ওভারে ৭৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ম্যাসন, ভেট্টরিসহ অন্যান্য বোলারদের অবস্থাও খারাপ।

অস্ট্রেলিয়া দলে আছে একটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত অল রাউন্ডার শেন ওয়াটসনকে এতদিন বয়ে বেড়ানোটা সেমিফাইনালের আগেই আশা জাগিয়ে দিল অস্ট্রেলিয়ার মনে। হজের জায়গায় ফিরেছেন ওয়াটসন। নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন, দুটিই ইনজুরির কারণে। বন্ডের পাশাপাশি খেলা হচ্ছে না অল রাউন্ডার জ্যাকব ওরামেরও।

তবুও আশাবাদী ফ্লেমিং। অস্ট্রেলিয়া এখনো বিশ্বকাপে অপরাজিত, কিউইরা হেরেছে একটি মাত্র ম্যাচে, শ্রীলঙ্কার কাছে। ফ্লেমিং নিজেই বললেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলে কিভাবে যেন তাদের সেরাটা বেরিয়ে আসে। সেটা তারা বিশ্বকাপের আগেই প্রমাণ করেছেন অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের চ্যাপেল-হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশ করে।

রিকি পন্টিং ভোলেন নি সেই লজ্জা। টস জিতে মনে করিয়ে দিয়ে গেলেন, কিউইদের কাছে ৩-০ তে ওয়ানডে সিরিজ হারার কথা খুব মনে আছে তাদের। আজকের খেলার সারাটা সময় দলের প্রত্যেক সদস্যের মনে থাকবে তা।

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৪৮/৬ (গিলক্রিস্ট ১, হেইডেন ১০৩, পন্টিং ৬৬, ক্লার্ক ৪৯, হাসি ৩৭, সাইমন্ডস ১১, ওয়াটসন অপঃ ৬৫, হগ অপঃ ১৬, ম্যাসন ০/২৭, ফ্র্যাঙ্কলিন ৩/৭৪, প্যাটেল ২/৪৮, ভেত্তোরি ০/৬০, স্টাইরিস ১/৫০, গিলেস্পি ০/৬৭, ম্যাকমিলান ০/২১)

নিউজিল্যান্ড : ২৫.৫ ওভারে ১৩৩/১০ (ফুলটন ৬২, ফ্লেমিং ১২, টেলর ৩, স্টাইরিস ২৭, ম্যাকমিলান ১, ফ্র্যাঙ্কলিন ৬, ম্যাককলাম ৭, ভেত্তোরি ৪, গিলেস্পি ২, ম্যাসন ০, প্যাটেল ০, ব্র্যাকেন ০/২৭, টেইট ৩/৩২, ম্যাকগ্রা ২/২৫, হগ ৪/২৯, ওয়াটসন ১/২০)

ফল : অস্ট্রেলিয়া ২১৫ রানে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : ম্যাথু হেইডেন।