২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেছনে হোয়াইট ওয়াশের স্মৃতি, সামনে সেমিফাইনাল

দু'দলই সেমিফাইনালে উঠেছে সহজে। অস্ট্রেলিয়া যে এক নাম্বার দল হিসাবে সেমিফাইনাল খেলবে, তাও মোটামুটি নিশ্চিত। তবু শুক্রবারের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের গুরুত্ব একটুও কমছে না। না কমার সবচেয়ে বড় কারণ গত ফেব্রুয়ারির চ্যাপেল-হ্যাডলি সিরিজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তিন ম্যাচের সেই সিরিজে প্রবল পরাক্রান্ত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বে হৈ-চৈ ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড। সেই তিন জয়ের শেষ দুটো আবার ৩৩৬ ও ৩৪৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করে জিতেছিল স্টিফেন ফ্লেমিংয়ের দল। বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার দিকে ছুটে চলা অস্ট্রেলিয়া নিশ্চয়ই সেই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য উন্মুখ!

অবশ্য ঐ সিরিজে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছিল দ্বিতীয় সারির দল নিয়ে। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল ক্লার্ক ও ব্রেট লি’র অনুপস্থিতিতে খর্বশক্তির দল নিয়েই নিউজিল্যান্ড যেতে হয়েছিল তাদের। তারপরও শেষ দুই ম্যাচে বিশাল সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। তবু হেরে যাওয়াটা তাদের জন্য অস্বাভাবিকই। সেজন্য আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পর্যন্ত হারাতে হয়েছিল তাদের। যাহোক, সেই স্মৃতি পেছনে ফেলে বিশ্বকাপে অস্ট্রেলিয়া আবার স্বরূপে উপস্থিত। ক্রিকেটের মহাযজ্ঞে টানা ২৬ ম্যাচ তারা অপরাজিত। রেকর্ডটাকে আরো সমৃদ্ধ করার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না তারা।

তবে সামনে নিউজিল্যান্ড বলেই অস্ট্রেলিয়া খুব একটা নির্ভার থাকতে পারছে না। কিউইদের সঙ্গে তাদের লড়াইয়ে সব সময়ই বাড়তি আকর্ষণ থাকে। তার ওপর স্টিভেন ফ্লেমিং জানাচ্ছেন, শ্রীলঙ্কার পথে না হেঁটে পুরো শক্তি নিয়েই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তার দল। এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২, আর নিউজিল্যান্ডের ১০। তবে অস্ট্রেলীয়া নেট রানরেটে এগিয়ে থাকায় এক নম্বর দল হিসাবে সুপার এইট শেষ করতে হলে এই ম্যাচ বড় ব্যাবধানে জিতে হবে কিউইদের। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিংয়ের ভাবনাতেও ব্যাপারটা আছে,“আমরা যদি শীর্ষে থাকতে পারি, সেটা হবে দারুণ এক ঘটনা। অস্ট্রেলিয়ার সঙ্গে বড় ব্যবধানে জয় পেলে (দ্বিতীয় সেমিফাইনালে খেলতে) সেন্ট লুসিয়ায় খুশি মনেই যেতে পারবো আমরা। তবে আমার ধারণা গাণিতিক সমীকরণের মাধ্যমে কাজটা করা বেশ কঠিন। তাই প্রথমত এবং প্রাথমিকভাবে আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। তাহলে জ্যামাইকায় (প্রথম সেমিফাইনালে) ভালো একটা অনুভূতি নিয়ে যেতে পারবো।” অবশ্য বুধবার জ্যাকব ওরামের গোড়ালির চোট বড় এক ধাক্কা দিয়েছে নিউজিল্যান্ডকে। এ কারণে ম্যাচটা মাঠের বাইরে বসেই দেখতে হবে অলরাউন্ডার ওরামকে। তবে সেমিফাইনালের আগে তার সুস্থ হয়ে ওঠা প্রায় নিশ্চিত।

নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়া যে কঠিন এক চ্যালেঞ্জ, তা নির্দ্বিধায় স্বীকার করছেন পন্টিংও,“ওরা লড়াই করতে খুব ভালবাসে।” অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠেও অধিনায়কের কথারই যেন প্রতিধ্বনি,“আমি নিশ্চিত, ওদের সব খেলোয়াড় এই ম্যাচে খেলতে উদগ্রীব হয়ে থাকবে।” নিউজিল্যান্ডের সব খেলোয়াড়, বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা স্কট স্টাইরিসের (৮ ম্যাচে ১০৮ দশমিক ৭৫ গড়ে ৪৩৫ রান) প্রতি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক যথেষ্ট শ্রদ্ধাশীল,“নিউজিল্যান্ড এখন খুবই ভালো খেলছে। পুরোপুরি ফিট স্কট স্টাইরিসকে ফিরে পেয়েছে তারা। আর সে-ও প্রমাণ করেছে দলের সাফল্যে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।” বিশ্বকাপের ঠিক আগে পিঠের ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরা স্টাইরিসের মতো ম্যাথু হেইডেনও এখন দারুণ ফর্মে। ৮ ম্যাচে ৭৯ দশমিক ৫ গড়ে ৪৭৭ রান করা হেইডেনের সঙ্গে স্টাইরিসের লড়াইও বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিতে পারে এই ম্যাচে।

দু দেশের লড়াইয়ে পরিসংখ্যান বেশ এগিয়ে রেখেছে অস্ট্রেলিয়াকে। নিজেদের মধ্যে ১০৮টি লড়াইয়ের ৭৫টিতে তারা বিজয়ী, কিউইরা জিতেছে ৩০টিতে। বাকি তিন ম্যাচে কেনো ফল আসেনি। বিশ্বকাপেও বর্তমান সময়ের সেরা দলটা এগিয়ে। বিশ্বকাপে ৬ টি লড়াইয়ে অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ৪ আর নিউজিল্যান্ডের ২। তবে পরিসংখ্যানই তো আর শেষ কথা নয়। শুক্রবারের ‘বড়’ ম্যাচের জন্য ফ্লেমিংয়ের দল বরং অনুপ্রেরণা খুঁজে নিতে পারে দু মাস আগের চ্যাপেল-হ্যাডলি সিরিজ থেকে। সেই সিরিজ আবার অস্ট্রেলিয়ার কাছে এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন। সব মিলিয়ে জমজমাট এক লড়াই-ই হয়তো উপহার পেতে যাচ্ছে গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়াম।