২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লয়েড-ক্রফটেরও পছন্দ সারওয়ান

ব্রায়ান লারার পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের ব্যাটনটি রামনরেশ সারওয়ানের হাতেই উঠতে যাচ্ছে ! না, এটা কোনো সিদ্ধান্ত নয়, দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ও সাবেক ফাস্ট বোলার কলিন ক্রফটের সার্টিফিকেট নিয়ে এখন রামনরেশ সারওয়ানই অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 11:22 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন, এই ঘোষনা ব্রায়ান লারা আগেই দিয়ে রেখেছিলেন। সেটা তিনি পাকাপাকিভাবে জানিয়ে দিয়েছেন সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনা উবে যাওয়ার পর। তাই তার উত্তরসূরী হয়ে কে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

ওয়েস্ট ইন্ডিজের পত্রিকা ‘নেশন নিউজ’ যে খবর দিয়েছে তাতে ওই প্রশ্নের জবাবে দুটো নাম আলোচিত হচ্ছে। পত্রিকাটি সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডকে উদ্ধৃত করেছে এভাবে, “সবার মুখে মুখে ফিরছে রামনরেশ সারওয়ান ও ড্যারেন গঙ্গার নাম, তবে দুজনের মধ্যে সারওয়ানেরই সম্ভবত এগিয়ে থাকা উচিত। এই মুহুর্তে এই দুটো নামই হাওয়ায় ভাসছে।” সাবেক ফাস্ট বোলার কলিন ক্রফটও স্পষ্ট করে বলে দিয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান সারওয়ানেরই দায়িত্ব নেওয়া উচিত, “সারওয়ানকেই অধিনায়ক করা উচিত। আর ভবিষ্যতের জন্য চিন্তা করে দীনেশ রামদিনকে তৈরি করা উচিত।”

শুধু অধিনায়ক পরিবর্তন করে ক্যারিবীয় ক্রিকেটের ভাগ্য পরিবর্তন করা যাবে না। সুদিন ফেরাতে হলে অনেক কিছুই পরিবর্তন করতে হবে বলে মনে করেন ক্লাইভ লয়েড। সাবেক উইন্ডিজ অধিনায়কের মতে, “অন্যান্য দলগুলোর দিকে তাকালেই আমাদের ঘাটতিগুলো স্পষ্ট হয়ে যায়। ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার, খেলাসহ সবদিক দিয়েই অন্যরা আমাদের চেয়ে এগিয়ে।” অন্য দলগুলো প্রযুক্তির সাহয়তা নিয়ে নিজেদের অনেক এগিয়ে নিয়েছে, তাই এগোতে হলে তাদের পথেই হাঁটতে হবে বলে মনে করেন দলের ম্যানেজার লয়েড, “আমি কেবল কয়েক মাস ধরে দলের সঙ্গে আছি, সঠিক পথে এগোনোর চেষ্টা করেছি আমরা। কিন্তু সুফল পেতে কিছু সময়ও লাগবে। প্রযুক্তিই হচ্ছে একমাত্র পথ, সেই পথেই এগোতে হবে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। এটাই সামনে এগোনোর পথ।”

এজন্য অনেক টাকারও প্রয়োজন। অর্থ যোগ না হলে ক্রিকেটের আধুনিকায়ন একেবারেই অসম্ভব। অথচ ১৫ মিলিয়ন ডলার ঋণের বোঝা আছে এখন ক্রিকেট বোর্ডের ঘাড়ে। অর্থ যোগাড়ের বিকল্প পথ একটাই-স্পন্সর খোঁজা। ক্যারিবীয় ক্রিকেটের স্বার্থে ক্লাইভ লয়েডের আহ্বান “স্পন্সরদের কাছে যেতে হবে। তাদের বোঝাতে হবে, কেন আমাদের টাকার প্রয়োজন।”