নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন না হলে সেটা হবে হতাশার : স্টাইরিস
বিশ্বকাপের ক’দিন আগেও অনিশ্চয়তা ছিল তাকে নিয়ে। দেশের ইতিহাসের সেরা ওয়ানডে দলের হয়ে ক্রিকেট মহাযজ্ঞে অংশ নেয়া হবে কিনা তা স্কট স্টাইরিস নিজেও জানতেন না। এখন শুধু খেলছেনই না, রীতিমতো নিজের ব্যাটে তুলে নিউজিল্যান্ডকে নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের দিকে। চতুর্থ বারের মতো সেমিফাইনালে ওঠা সারা।এখন প্রথম ফাইনাল খেলার অপেক্ষা। স্টাইরিস অবশ্য এইটুকুতেও খুশি থাকতে রাজি নন, তার মতে,এবার নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতে গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
নিউজিল্যান্ড বিশ্বকাপ জিততে পারে-এমন কথা বাতাসে ভাসছে বিশ্বকাপ শুরুর আগে থেকেই। সেই যে চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করলো তারপর থেকেই স্টিফেন ফ্লেমিংয়ের দলকে দেয়া হচ্ছে অন্যতম ফেবারিটের মর্যাদা। এ মর্যাদা অবশ্য অতীতের কোনো কোনো নিউজিল্যান্ড দলও পেয়েছে। সেটা অলরাউন্ডার স্টাইরিসের কাছে কোনো গর্বের ব্যাপার নয়। তার কাছে গুরুত্বপূর্ণ হলো, বর্তমান দলটির ‘নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ওয়ানডে দল’-এর স্বীকৃতির যথার্থতা প্রমান করা,“আমরা যদি সেমিফাইনাল আর ফাইনাল জিততে পারি তাহলে প্রমানিত হবে যে, নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ওয়ানডে দলের স্বীকৃতিটার যোগ্য আমরা। আরযদি তা না পারি, সেটা হবে ভীষণ হতাশার।”
সেমিফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলংকা। সুপার এইটে তাদের কাছে হেরেই সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছিল ব্ল্যাক ক্যাপদের। ফাইনালের পথে আবার সেই শ্রীলংকারই বাধা। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ দেখছেন না টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান স্টাইরিস। ‘৯৬-এর চ্যাম্পিয়নদের খুব আমলে না নেওয়ার পেছনে তার একটাই যুক্তি-অস্ট্রেলিয়াই যেখানে অজেয় নয়, সেখানে শ্রীলংকাকে নিয়ে এত মাথা ঘামানো কেন!
বরং সেমিফাইনালে স্টাইরিসকে নিয়েই দুর্ভাবনায় থাকতে হবে শ্রীলংকাকে। এবারের আসরে ইতোমধ্যে ৪৩৫ রান করে ফেলা ডান হাতি এই ব্যাটসম্যানকে না রুখতে পারলে যে নিউজিল্যান্ড অপ্রতিরোধ্য হয়ে ওঠে তা কে না জানে!
বিশ্বকাপে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের বলতে গেলে মূল ভরসাই হয়ে উঠেছেন স্টাইরিস। অথচ গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট পাওয়ার পর তার ওয়েস্ট ইন্ডিকে আসাটাই মনে হচ্ছিল অসম্ভব। সে সময়ের কথা মনে করে যেমন শিউরে ওঠেন, তেমনি আবেগাপ্লুতও হয়ে পড়েন কোচ জন ব্রেসওয়েলের প্রতি কৃতজ্ঞতায়, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরিতে পড়ার পর লম্বা একটা অন্ধকার সময় কাটিয়েছি। আপনাকে যদি মাসের পর মাস একটা সুযোগের অপেক্ষায় কাটিয়ে দিতে হয়, তাহলে একসময় আপনি ভেঙ্গে পড়তে পারেন। কিন্তু জন ব্রেসওয়েল বলতেন, ‘ভেবো না, (সেরে উঠতে) পর্যাপ্ত সময় নাও’। আমি সে কথা মেনে পুরোপুরি সেরে ওঠাটা নিশ্চিত করার চেষ্টা করেছি।” স্টাইরিসের ক্যারিয়ারে অন্ধকারের প্রভাব আপাতত নেই। আছে আলোর বিচ্ছুরণ। সে আলোয় পথ চলে চলে ফাইনালটাও হাসিমুখে পেরিয়ে যেতে চায় নিউজিল্যান্ড।
