২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট বিক্রি থেকে দ্বিগুণ আয়

টিকেটের উচ্চমূল্যের কারণে শুরু থেকেই সমালোচনার স্রোত সামলাতে হচ্ছে বিশ্বকাপের আয়োজকদের। তাতে যে ক্যারিবীয় দ্বীপমালার মাঠে মাঠে দর্শক উপস্থিতির হতাশাজনক চিত্রটা প্রকট হয়ে উঠছিল! তবু আয়োজকরা নির্বিকার ছিলেন। এর কারণ বোধহয় এটাই যে, দর্শক-খরা অপ্রত্যাশিত হলেও টিকেট বিক্রি থেকে আয়টা তাদের প্রত্যাশামতোই হয়ে এসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

২০০৩-এ দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপের চেয়ে চলতি বিশ্বকাপ ইতিমধ্যেই টিকেট বিক্রি করে দ্বিগুণ আয় করে ফেলেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে এই খাতে আয় হয়েছিল ১০ দশমিক ৫৬ মিলিয়ন ইউএস ডলার। এবার দ্বিগুণ আয়ের তথ্যটা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস ডেহরিং। উচ্চমূল্যে টিকেট বিক্রি করে যদি আয়টা ঠিকঠাকমতো হয়ে যায়, তাহলে দর্শক উপস্থিতি নিয়ে মাথা ঘামাতে যায় কে!

ডেহরিং আরো জানিয়েছেন, সেমিফাইনালের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ টিকেট এরমধ্যেই বিক্রি হয়ে গেছে। এবং যারা টিকেট কিনেছেন তাদের কেউই নির্দিষ্ট কোনো দলের কথা মাথায় রেখে কিনেছেন বলে তার মনে হয় না।