ম্যাচ শেষেও ফিরে ফিরে এলেন ভাস-মুরালি
ম্যাচ শুরু হওয়ার আগেই সবাই বিস্মিত। প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাস-মুরালিবিহীন শ্রীলঙ্কা! সোমবার বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে যাবার পর স্বাভাবিকভাবেই এই অবাক করা সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি কথা বলতে হলো মাহেলা জয়াবর্ধনেকে।
এবং শ্রীলঙ্কার অধিনায়ক জানালেন, কোনো ‘কৌশলগত’ কারণে নয়, স্রেফ বিশ্রাম দেয়ার উদ্দেশ্যেই চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনকে রাখা হয়নি দলে। যদিও রিকি পন্টিং মনে করেন, দুই গুরুত্বপূর্ণ বোলারকে বিশ্রাম দিয়ে ম্যাচ হারা শ্রীলঙ্কান দলকে বিশ্বকাপের সামনের দিনগুলোতে ভালোই ভুগতে হবে!
ভাস ও মুরালিধরনকে প্রথম একাদশে না দেখে অনেকেরই মনে হয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেন এই দুজনের বলের ‘রহস্য’ বুঝতে না পারে সেজন্যই শ্রীলঙ্কার এমন চমকজাগানো সিদ্ধান্ত। কারণ, অনেকেরই বিশ্বাস, ফাইনালে এই দুটি দল মুখোমুখি হতে পারে। তবে এই ধারণাকে উড়িয়ে দিয়ে জয়াবর্ধনের মন্তব্য,“কেউ যদি মনে করে যে এটা একটা কৌশলগত সিদ্ধান্ত, তা হলে সেটা শুধু তারই ধারণা। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমরা শুধু চেয়েছি ওদের বিশ্রাম দিতে।”
লাসিথ মালিঙ্গার মতো এই দুই গুরত্বপূর্ণ বোলার যেন বড় ধরনের কোনো ইনজুরিতে না পড়েন, সেই লক্ষ্যেই তাদেরকে খেলানো হয়নি বলে জানিয়েছেন জয়াবর্ধনে,“আমরা ম্যাচটাকে অবমূল্যায়ন করিনি। আমাদের শুধু মনে হয়েছে, এ ব্যাপারে একটা দলীয় সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। কারণ, লাসিথের (মালিঙ্গার) মতো এই দু জনের কেউ ইনজুরিতে পড়লে ভীষণ বিপদে পড়ে যাবো আমরা। ওরা দু জনই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত ওরা ফিট থাকতে না পারলে পরে আমাদেরই হয়তো আফসোস হবে-কেন এই সিদ্ধান্ত নিলাম না।”
অবশ্য মুরালিধরন আগে থেকেই চোট-জনিত সমস্যাতে ভুগছেন। কুঁচকির ইনজুুরির কারণে শেষ দুই/তিনটা ম্যাচ ব্যান্ডেজ নিয়েই খেলতে হয়েছে সর্বকালের সেরা অফস্পিনারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বিশ্রাম দেয়ার সেটাই সবচেয়ে বড় কারণ বলে জানিয়েছেন জয়াবর্ধনে,“সে (মুরালিধরন) টানা ছয় ম্যাচে বল করেছে। তাই আমাদের মনে হয়েছে, এখনই তাকে বিশ্রাম দেয়ার সময়। তাছাড়া বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে ভাসকে আমরা খেলাইনি। ভারত সফরেও তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। অস্ট্রেলীয়রা তো ভাসকে দেখেছে, মুরালিধরনকেও দেখেছে। ওরা ভালো মতোই জানে, ভাস ও মুরালিধরন কি করতে পারে।”
তবে জয়াবর্ধনে ভাস-মুরালিকে না খেলানোর পক্ষে যত যুক্তিই দিন না কেন, পন্টিংয়ের ধারণা সেমিফাইনালের আগে এই পরাজয় শ্রীলঙ্কানদের জন্য বড় এক ধাক্কা, “সেমিফাইনাল যখন এগিয়ে আসছে, ঠিক তখনই এত বড় এক পরাজয়ের যন্ত্রণায় পুড়তে হলো তাদের। আবার ওদের সঙ্গে খেললে ওরা নিশ্চয়ই চাইবে ঘুরে দাঁড়িয়ে এই পরাজয়ের প্রতিশোধ নিতে। আজ (সোমবার) আমরা প্রায় ৮ ওভার হাতে রেখেই জিতেছি। তাই ওদের জন্য এটা একটা বড় পরাজয়ই। আগামীতে দেখা হলে ওদেরকে আমাদের ওপরে একেবারে চড়ে বসতেই হবে।” মুখে না বললেও অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাতেই পরিষ্কার, শ্রীলঙ্কার পক্ষে যে কাজটা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে, সেটা মনে প্রাণে বিশ্বাস করছেন তিনি!
সেই সঙ্গে এই ম্যাচে ভাস-মুরালির অনুপস্থিতির ব্যাপারটাকেও পাত্তা দিচ্ছেন না পন্টিং,“সত্যি বলতে কি, এটা আমাকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি। কেন ওদেরকে খেলানো হয়নি সেটা ওদেরকেই আপনারা জিজ্ঞেস করুন। আমরা আজ উজ্জীবিত ছিলাম এবং সেরা দল নামিয়েই ম্যাচটা জিতেছি। এখন পরিষ্কারভাবে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে। এই ব্যাপারটাই দারুণ। আমাদের বিপক্ষ দলে কে খেললো না খেললো তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই!”
