২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ব্যাটিং বেলুন

বাংলাদেশের ব্যাটিং হচ্ছে ফোলানো বেলুনের মতো। দেখতে বিশাল, কিন্তু ভেতরে হাওয়া ছাড়া আর কিছু নেই। ক্যারিবিয়ানের দেড়-দুই মাসের শিক্ষা অন্তত তাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ সবসময়ই বিশ্বাস করে এসেছে, তার শক্তির জায়গাগুলোকে আলাদা করলে ব্যাটিংটাই বেশি নম্বর পাবে। ব্যাটসম্যানরাই দলের বড় তারকা। অথচ বারবারই তারা নামের প্রতি অবিচার করেছেন, দলকে ভুগিয়েছেনও, আবার কীভাবে কীভাবে যেন ছাড়ও পেয়ে গেছেন। বিশ্বকাপের পর বোধহয় ছাড় বন্ধ হওয়া উচিত। বন্ধ হওয়া উচিত ‘বাংলাদেশ ব্যাটিং শক্তির দল’-এই স্লোগানও। বহির্বিশ্বের কাছে অবশ্য সেটা বন্ধ হয়ে গেছে। বিশ্বকাপ দিয়ে যিনি বা যারা বাংলাদেশকে চিনলেন, তাদের হিসাবে, বাংলাদেশ আসলে বোলিং-সর্বস্ব দল। বোলিং-সুরেই বাজে বাংলাদেশের ক্রিকেট। ব্যাটসম্যানরা সেখানে অ-সুরের প্রতীক।

দুটো ম্যাচ জিতেছে বটে, কিন্তু অংকের আলোয় ফেললে দেখা যাচ্ছে ৮ ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একবার পেরিয়েছে দুশ’। ৩ উইকেটে ৪০, ৪ উইকেটে ৫০-এগুলোই বিশ্বকাপের বাংলাদেশের স্কোর কার্ডের বৈশিষ্ট্য। বার্বাডোজের উইকেটটা খানিক সমস্যা, কিন্তু বাকি সবগুলো বাংলাদেশের জন্য একেবারে ঘরের উঠান। উইেেকটে এমন কিছু বাউন্স নেই, বল তুলনামুলক স্লো হয়ে আসে, তাতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সমস্যা হতে পারে, কিন্তু এমন উইকেটেই তো খেলে বাংলাদেশের বড় হওয়া। এই উইকেটইতো বাংলাদেশ ব্যাটিং শিক্ষার নিকেতন। তাহলে! হাবিবুল বাশার মনে করেন,“আসলে আমাদের ব্যাটসম্যানদের ম্যাচ-পরিস্থিতি বুঝে নিজেদের মতো করে পরিকল্পনা করায় একটা বড় সমস্যা আছে। সবাই তার খেলাটাই খেলতে চায়। ম্যাচের গতি-প্রকৃতি-বোলিং এসবকিছু সিদ্ধান্ত নিতে হয় মাঠে গিয়ে, কিন্তু সেটা বিশ্বকাপে হয়ইনি। সবমিলিয়ে ব্যাটসম্যানদের পারফরম্যান্স হতাশাব্যঞ্জকই।”

বিশ্বকাপে বাংলাদেশের রানের ফোয়ারার সবচেয়ে বড় উৎস হওয়ার কথা ছিল তার ব্যাট। কিন্তু নানান চিকিৎসার পর শেষ পর্যন্ত মনে হচ্ছে, শাহরিয়ার নাফীসের এই রোগ ওষুধে সারার নয়। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা লাগবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখে তো মনে হলো দুনিয়াতে একটা কাজই তিনি পারেন না। সেটার নাম ব্যাটিং। তাকে বাদ দিয়ে সম্ভবত শেষ ম্যাচে জাভেদ ওমরকে ফেরানো হচ্ছে, কিন্তু জাভেদের ব্যাটিং তো ‘ওয়ানডের অনুপযোগী’ বলে চিরকাল মনে করে এসেছে টিম ম্যানেজমেন্ট। সঙ্গী তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ক্রিকেট-সাহসিকতার সবচেয়ে বড় পোস্টার। ক্রিকেট সাহসিকতাটাই কখনো কখনো হয়ে গেছে ক্রিকেট-কৌতুকও। উইকেট ছেড়ে এসে মারাটা তখনই সাহসিকতা যখন ওটা হয়, যখন হয় না তখন হাস্যকর অপচেষ্টা মাত্র।

আয়ারল্যান্ডের সঙ্গে যেভাবে চোখ বন্ধ করে বেরোচ্ছিলেন তাতে অবশ্য হওয়ারও ছিল না। অধিনায়ক বলছেন,“তামিমকে কিছু জিনিস বুঝতে হবে। বয়স কম, কিন্তু কয়েক বছর ধরে তো সে ক্রিকেট খেলছে। বোলিংয়ের লাইন-লেংথ মেপেই না তারপর আক্রমনে যেতে হবে।” আফতাবের ক্ষেত্রে তার মুল্যায়নটা হলো,“আফতাবের আসলে সিঙ্গেলের দিকে মনযোগ নেই। সেটা না হলে আন্তর্জাতিক ক্রিকেটে বড় ইনিংস খেলাটা কঠিন।” নেমেই চোখ জুড়ানো দু-চারটা শট, দেখে মনে হবে কাজির দেউড়ি মাঠে চট্টগ্রামের লালু-ভুলু বোলারদের সঙ্গেই যেন তিনি খেলছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই লালু-ভুলুদের ভোলানো ফাঁদেই তার পা। আফতাব মানে তাই শুরুতে আশা এব্ং অবিলম্বে আফসোস।

আশরাফুলও তাই ছিলেন। এখনও ক্ষেত্র বিশেষে আছেন। তবু চরিত্র বদলেছেন। এখন নেমেই আর বড় শটে না গিয়ে ফিল্ডিং গলিয়ে রান বের করার চেষ্টা করেন, তাই দু-দুটো ম্যাচ জেতানো ইনিংস। সেটা হতে পারতো আরও বেশি। কিন্তু আশরাফুলের রোগ ছাড়ার লক্ষণ দেখা যাচ্ছে মাত্র, ছাড়েনি এখনও। ছাড়লে আয়ারল্যান্ডের সঙ্গে এমন মৃত্যুমুখী ছক্কার চেষ্টা হয় না। উজ্জল ব্যতিক্রম আসলে একজনই। সাকিব আল হাসান। বয়সের তুলনায় মাথাটা এত পরিষ্কার, চিন্তাটা এত বিন্যস্ত যে অধিনায়কও তার ভক্ত,“সাকিবের বয়স ১৯, খেলছে মাত্র কয়েক মাস, কিন্তু আমি তো বলবো, ম্যাচ আর পরিস্থিতি বোঝার ক্ষমতা অতুলনীয়। যেমন পরিকল্পনা থাকে সেভাবেই সে শুরু করে। আবার যখন দরকার হয় তখন নিজের মতো করে বদলে নেয়। সবসময় সিঙ্গেলের জন্য চোখ থাকে। সত্যিই প্রশংসনীয়।’ তাই বিশ্বকাপে সাকিবের দুটো ফিফটি, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে সাকিব না দাঁড়ালে সেই ম্যাচেই হয়তো সর্বনিম্ন রানের লজ্জায় ডুবতে হয়। আর সবচেয়ে বড় সমস্যা অবশ্যই হাবিবুলের নিজের রান না পাওয়া। অধিনায়ক পারফর্ম না করলে দলের ওপর তার কুপ্রভাব পড়তে বাধ্য, দলের ব্যাটসম্যানরা সব ১৯-২০ হওয়াতে সেটা পড়ল আরও বেশি। অধিনায়কেরও মানতে আপত্তি নেই,“সত্যি বললে আমার রান না পাওয়াটা দলের জন্য একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। আমি রান করলে হয়তো এত সমস্যা হতো না।”

মোটামুটি এই হলো বাংলাদেশ ব্যাটিংয়ের ক্যারিবিয়ান পাঁচালি। ব্যাটিং ঢোলটা ফেটে টুকরো টুকরো। ঢোল তো নয়, আসলে ফোলানো বেলুন। ভেতরে হাওয়া ছাড়া আর কিছু নেই।