হতাশা ভুলতে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা ওই পথে?
পরাজয়ের গ্লানি ভুলতেই কি আজকাল মদের মধ্যে ডুব দিচ্ছে দক্ষিণ আফ্রিকানরা? খবর তেমনই। নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার হারের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের রাত নাকি কেটেছে বার-এ, আকণ্ঠ মদ গিলতে গিলতে!
আরনেস্ট ভ্যান ডি রায়েট দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ এসেছেন দলের খেলা উপভোগ করতে। এসে দেখছেন, ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা তার দলের এখন সেমিফাইনাল খেলাই অনিশ্চিত। আরো বড় ধাক্কা এই ক্রিকেটপ্রেমী খেয়েছেন শনিবার ম্যাচ শেষে রাতে স্থানীয় বার-এ গিয়ে। সেখানে গিয়ে তিনি আবিস্কার করলেন দক্ষিণ আফ্রিকা দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে!
আরনেস্টের দাবি, মদ পান করতে করতে কয়েকজন খেলোয়াড় ‘‘ভীষণ মাতাল’ হয়ে গিয়েছিলেন। এমনকি, তিনি যখন রোববার ভোর ৪টার সময় বার থেকে বেরিয়ে আসছেন তখনো চলছিল ক্রিকেটারদের মদের পার্টি।
এমনিতে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ব্যবহার নানা সময়ে ভক্ত সমর্থকদের আহত করেছে। এই সংবাদে তাদের আরো মর্মাহত হওয়ার কথা। কারণ, দক্ষিণ আফ্রিকা দল এখন সত্যিকার অর্থেই বিশ্বকাপের খাদে দাঁড়িয়ে। সোমবার ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলে বিশ্বকাপের সুপার এইট থেকেই তাদের বিদায় নিতে হতে পারে।
