২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ক্রিকেটে দিন-তত্ত্ব

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট শেষ পর্যন্ত রহস্যের জালে ঢুকে গেল! গৌরবের সৌধ থেকে রহস্যের আধো-অন্ধকারে। রহস্যটা অবশ্য সহজভেদ্য। নিজেদের দিন হলে তারা দুনিয়া উল্টে দিতে পারে, দিন না এলে নিজেরাই উল্টে-পাল্টে গড়াগড়ি খায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি না হতো তাহলেও সমস্যা ছিল না। কিন্তু ম্যাচ যখন হলো এবং যখন বাংলাদেশ হেরে গেল, তখন প্রমানিত যে বাংলাদেশ আসলে সেদিনই দুর্ধর্ষ দল যেদিন দিনটা তাদের থাকে। যেদিন থাকে না, ভাগ্য যেদিন বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেদিন সব ঘুিরয়ে দেয়ার মতো ক্রিকেটশক্তি এখনও হয়ে ওঠা হয়নি। নিজেদের দিনে এখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা-ভারতকে হারাতে পারে বটে, কিন্তু নিজেদের দিন না হলে আয়ারল্যান্ডের কাছেও হেরে যেতে পারে। গত এক-দেড় বছরে জিম্বাবুয়ে-কেনিয়াদের ক্রমাগত হারনোয় মনে হয়েছিল, চোখ বন্ধ করে উন্নয়নশীল দেশগুলোকে হারানোর ক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে, এই ম্যাচে জানা গেল, সেই দিন এখনও আসেনি। এখনও দিনের অপেক্ষা করতে হয়। অপেক্ষা নিজেদের সেরা খেলা এবং বিপক্ষের খারাপ খেলারও। নইলে এমনকি পুঁচকে আয়ারল্যান্ডের সঙ্গেও হয় না।

উত্থান-পতনের গ্রাফটা বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে পায়ে পা রেখেই চলছিল। ভারতের সঙ্গে হারের পরের ম্যাচে শ্রী লংকার সঙ্গে খুঁজে পাওয়া যায় না। সুপার এইটে ওঠার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে দাঁড়ানো যায় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫১ এর পরের ম্যাচেই ইংল্যান্ডের সঙ্গে ১৪৩। তবু মানা যায়। বড় দলের বিপক্ষে এসব হয় বলেই বাংলাদেশ এখনও ঠিক বড় দল নয়। তাই বলে আয়ারল্যান্ডের সঙ্গে হার! অধিনায়কও যেন দিশেহারা। মাথা নীচু করা সেনাপতির মতো সংবাদ সম্মেলনে স্বীকার করে নিচ্ছেন,“এটা অধিনায়ক হিসাবে এবং খেলোয়াড় হিসাবেও আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনগুলোর একটি। এটা আমরা মোটেও আশা করিনি। এই অ-ধারাবাহিকতা ভীষণ হতাশার।”

যে বাংলাদেশ দলের ফিল্ডিং দেখে দলে আলাদা ফিল্ডিং কোচ আছে কিনা, খেলোয়াড়রা সবাই তরুণ বলেই মাঠে এমন দুর্ধর্ষ কিনা-এসব গবেষনা হচ্ছিল, সেই ফিল্ডারদের হাত থেকে পড়েছে ক্যাচের পর ক্যাচ। আয়ারল্যান্ড বলতে গেলে তাদের ইনিংসটার ভীত তৈরি করেছে রান চুরি করে করে, সেই চুরি ঠেকানোর উপায় জানা নেই ফিল্ডারদের। উল্টো তাদের চাপে বাংলাদেশের ওপর পাল্টা চাপ। ফিল্ডিং তাতে এলোমেলো। তার চেয়েও বেশি বোলিং। হাবিবুল বিদেশী সাংবাদিকদের কাছে বারবার ব্যাখ্যায় বললেন,“রাসেল না থাকাতে খুব বড় ক্ষতি হয়েছে। ও শুরুতে আমাদের ব্রেক থ্রু দেয়। সেটা খুব জরুরী। তাছাড়া বিশ্বকাপে ওভার প্রতি সে রান দিয়েছে চার এর কম। তাকে খুব মিস করেছি।” যুক্তি হিসাবে পুরো ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে যারা অন্যান্য ম্যাচগুলোতে তুখোড় ছিলেন, তারাই এই ম্যাচে দশজনের একজন। রাসেল থাকলেও হয়তো...। আসলে সবমিলিয়ে পুরো দল এমনভাবে ব্যর্থ যে আলাদা করে কিছু ভাবাই মুশকিল।

টেন্ডুলকারের ঘনিষ্ট মুম্বাইয়ের এক সাংবাদিক আশরাফুলের খুব ভক্ত হয়ে গেছেন। বিশ্বকাপে আশরাফুলকে দেখে তিনি নষ্টালজিক। শচীনের সেরা দিনগুলোর কথা তার মনে পড়ে। আর তিনি বিস্মিত, কেন তার ব্যাটিং গড় মাত্র ২১-২২। কালও তিনি আশাবাদী। এবং আর সবার মতো তারও আশার মৃত্যু হওয়ার পর বলছেন,“এতদিনে বুঝতে পারছি কেন তার গড় ২১-২২। এভাবে খেললে এর চেয়ে বেশি বাড়বে না।” নেমে প্রতিটা শটে আশরাফুল বোঝাচ্ছেন তিনি আলাদা। স্পষ্ট বোঝা যাচ্ছে, ম্যাচের চাবি হয়ে যাচ্ছে তার ব্যাট, অথচ সেই মুহুর্তেই আত্মহত্যা। কয়েকটা বল আগেই একটা হুকের চেষ্টা ব্যর্থ হয়েছে, তবু তাকে হুক করতে হবে। লং লেগের ফিল্ডার অপেক্ষায় ছিলেন, বল পোষ মানা পাখির মতো একেবারে তার হাতে গিয়ে জমা পড়ল। আশরাফুল-আখ্যানে নির্মান আর ধ্বংস এত পাশাপাশি অবস্থান করে, এবং এত বছর আমরা সেটা দেখে আসছি যে আর নতুন কিছু নয়। দুঃখটা হলো এই বিশ্বকাপে অন্যরকম হওয়ার ঝলক ছিল, মাঠে নেমেই যেমন দায়িত্ব নিয়ে তামিমকে অভিভাবকত্ব দিচ্ছিলেন, তামিমের অবিমৃশ্যকারিতার মুখে একটা বাঁধও দিতে পেরেছিলেন, কিন্তু সেই তামিম আউট হওয়ার পরও নিজেকে এমন সস্তায় বিলিয়ে দেবেন!

হাবিবুল অবশ্য আশরাফুলকে একমাত্র আসামী করতে রাজি নন,“সমস্যা হলো, আমরা শুরুতেই খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। ২৪৩ রান এমন বেশি কিছু নয়, আমাদের অবশ্যই সামর্থ্য ছিল সেটা টপকে যাওয়ার। কিন্তু শুরুতে এতগুলো উইকেট পড়লে একটু মুশকিল হয়ে যায়। যে পরিকল্পনা ছিল তার কিছুই আমাদের ঠিকঠাক হয়নি।”

একেক দিন কিছুই ঠিকঠাক হয় না। আবার কোনো কোনো দিন বেশি ঠিক হয়ে যায়। ঠিক হলে দক্ষিণ আফ্রিকা-ভারতও কিছু না। আর ঠিক না হলে আয়ারল্যান্ডও পাহাড়সম দল। ‘দিন’ আর ‘হয়ে যাওয়া’ দিয়ে যদি এখনও আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়, তাহলে আর পুরোপুরি গৌরব থাকে কোথায়!

গৌরবের মুকুট তাই মলিন। তাতে কিছু উল্টা-পাল্টা আঁকি-বুকিও যেন দেখা যাচ্ছে। এই দলটা শুধু তাদের দিনেই দুর্দান্ত। দিন না হলে তারা দুর্বলতম। বিপক্ষ এমনকি শখের দল আয়ারল্যান্ড হলেও!