২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোনো কাজেই আসেননি উলমার: রাজ্জাক

হঠাৎ এ কী হলো পাকিস্তানের অল রাউন্ডার আব্দুল রাজ্জাকের! পাকিস্তানের কোচ হয়ে বিশ্বকাপে গিয়ে খুন হয়ে যাওয়া বব উলমারের বিরুদ্ধে ভয়ঙ্কর সব কথা বলতে শুরু করেছেন তিনি। তার দাবি, ২০০৪ সালে উলমার কোচ হয়ে আসার পর তিনি পাকিস্তানের কোনো কাজেই আসেন নি! এমনকি বিশ্বব্যাপী অন্যতম সেরা কোচ হিসেবে স্বীকৃত উলমারকে কোচের মর্যাদাও দিতে রাজি নন রাজ্জাক!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হয়নি রাজ্জাকের। দূর থেকে দলের ব্যর্থতা দেখে এবার মুখ খুলেছেন তিনি। যদিও তিনি বলছেন, একজন মৃত মানুষের সমালোচনার মধ্যে নির্মমতা প্রকাশ পায়, তবু সত্য কথা বলতে তার নাকি কোনো সঙ্কোচ নেই। রাজ্জাকের দাবি, ‘‘আমার চোখে বব ছিলেন ধূর্ত এক পরিচালক। কাজের চরিত্রের কারণে তাকে কোচ বলা যায়। বব জানতেন, সময়টা কিভাবে পার করে দেওয়া যায়। আমার মতে, তিনি ছিলেন চতুর একজন বৃটিশ।’’

সবার চোখে এশিয়ায় এসে এশিয়ান হয়েই কাজ করার চেষ্টা করে গেছেন বব উলমার। রাজ্জাকের মতে, ওটা শুধু দেখানো ব্যাপার। জয় বা পরাজয় তাকে স্পর্শ করতো না, তার একমাত্র আগ্রহ ছিল নিজের চাকরী বাঁচানোতে, এমনই মতামত রাজ্জাকের। তার মতে, ‘‘কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সেই শিল্পটা ভালোই জানা ছিল ববের। টাকা কামানো ছাড়া আর কোনো কিছুতে আগ্রহ ছিল না তার। উলমারের কোচিংয়ে দলের কোনো লাভ হয়নি।’’

বব উলমার শুধু নন, ২০০৩ সালে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকান রিচার্ড পাইবাসকেও ছাড় দিচ্ছেন না রাজ্জাক। উলমারের চেয়েও পাইবাসের প্রতি বেশি নির্মম তিনি। রাজ্জাকের চোখে, ‘‘রিচার্ড তো কোনো কোচই ছিলেন না। বড়জোর তাকে একজন ট্রেনার বলা যায়, কাজটা সে পেয়েছিল তদবিরের জোরে।’’

গত কয়েক বছরের বিদেশী কোচের অভিজ্ঞতায় রাজ্জাক খুব বিরক্ত। তার বিশ্বাস, বিদেশী কোচ দিয়ে পাকিস্তানের ক্রিকেটের কোনো উন্নতি সম্ভব না, একটুও লাভ হবে না। কেবলই কাড়ি কাড়ি টাকার অপচয় হবে। রাজ্জাক মনে করেন, পাকিস্তানের এখন উচিৎ নিজ দেশের কাউকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া। রাজ্জাকের স্বীকার করেন, বিশ্বকাপে দলের ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটের ভয়ানক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে, বিশ্বের এক নম্বর দল হতে লম্বা সময় লাগতে পারে।