বাজে ফিল্ডিংয়ের পর জঘন্য ব্যাটিং
জঘন্য ফিল্ডিং, রান আউট আর ক্যাচ মিসের মহড়া এবং তারপর ব্যাটসম্যানদের আত্মহননের মিছিল। একটা ম্যাচ হারার জন্য যা কিছু দরকার, রোববার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে তার সবকিছুই দেখালো বাংলাদেশ। ফল, মাত্রই এক ম্যাচ আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশাল এক আপসেটের জন্ম দেওয়া হাবিবুল বাশারের দল এক ম্যাচ পরে নিজেরাই শিকার আপসেটের। প্রতিপক্ষ, পাকিস্তানকে হারিয়ে হৈ চৈ ফেলে দেওয়া আয়ারল্যান্ড। ২৪৩ রান তাড়া করতে নেমে ৪১ ওভার ২ বলে ১৬৯ রানে অলআউট হয়ে ৭৪ রানের বিশাল হার বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ অভিযানকে এক ঝটকায় নামিয়ে এনেছে দুঃস্বপ্নের অতলে।
শুরুটা করেছিলেন ফিল্ডাররাই। কিন্তু ব্যাটসম্যানরা কোনো অংশে কম যাননি। বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন, আর ফিল্ডিং সাজানো দিয়ে নজর কেড়েছেন আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টন, কিন্তু আয়ারল্যান্ডের বোলাররা এমন কিছু আহামরি বোলিং করেননি। বয়েড র্যাংকিন, ল্যাংফোর্ড-স্মিথ, জনস্টন ও ম্যাককালান দুটি করে আর আন্দ্রে বোথা একটি উইকেট নিয়েছেন, কিন্তু বাংলাদেশের হারে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার দায়ও কম নয়। যে মাঠে বাংলাদেশের ১৪৩ রান টপকাতেই ঘাম ঝরেছিল ইংল্যান্ডের, সেই মাঠেই আয়ারল্যান্ডের ৭ উইকেটে ২৪৩ রানের স্কোর তাড়া করতে গিয়ে তামিম, আশরাফুল, মুশফিকুর রহিমরা সব নেমেছেন আত্মহননের মিছিলে। দুর্দান্ত এক শটে স্বপ্ন ফিরিয়ে এনেছেন, কিন্তু সেই স্বপ্নের ঘোরটা কাটার আগেই জঘন্য এক শটে বিলিয়ে দিয়েছেন সেটা।
তামিমকে দিয়েই শুরু। আগের বলেই দারুণ একটা বোলারস ব্যাকড্রাইভে বাউন্ডারি মেরে পরের বলে আবার উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তামিম (২৯), আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টনের ইয়র্কারে এলোমেলো হয়ে গেছে তার স্টাম্প।
তারপর আশরাফুল। দ্বিতীয় স্পেলে ফেরা বয়েড র্যাংকিনের বলে ডিপ ফাইন লেগে একটা ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়ার তিন বল পরেই আবার একই রকম শট, এবার সোজা বাউন্ডারি লাইনে দাঁড়ানো ল্যাংফোর্ড-স্মিথের হাতে। অথচ ৩৬ বলে তার ৩৫ রানের ইনিংসটাই সত্যিকারের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। একটি ছক্কা ছাড়াও পাঁচটি বাউন্ডারি মেরেছেন এই তরুণ, যতক্ষণ ক্রিজে ছিলেন, মনেই হয়নি বাংলাদেশ কোনো চাপের মধ্যে ছিল।
অথচ তিনি যখন নামেন ততক্ষণেই ঘোর বিপদের মুখোমুখি বাংলাদেশ। রান খরা কাটানোর সুযোগ পাওয়া সহঅধিনায়ক শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ আর ‘মিস্টার কনসিসট্যান্ট’ সাকিব আল হাসান ফিরে গেছেন স্কোরবোর্ডে মাত্র ৪৮ রান যোগ করেই। ওই অবস্থায় তামিমের সঙ্গে আশরাফুলের ৪৫ রানের জুটি, ওইটুকু সময়েই কেবল মনে হচ্ছিল বাংলাদেশ জিততেও পারে।
কিন্তু তিন ওভারের ব্যবধানে তাদের বিদায় আবার ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। তখনো ক্রিজে ছিলেন দুই স্পেশালিস্ট ব্যাটসম্যান হাবিবুল বাশার আর মুশফিকুর রহিম। তাই ক্ষীণ হলেও একটা আশা ছিল। অফ স্পিনার কাইল ম্যাককালানকে পর পর দুবলে বাউন্ডারি মেরে সেই আশাটা উস্কে দিয়েছেন মুশফিক, কিন্তু পরের বলেই চোখ বুঁজে ব্যাট চালিয়ে বোল্ড হয়ে তিনিই শেষ করে দিয়েছেন সেই স্বপ্নও।
আর এরপর দ্বিতীয় স্পেলে ফেরা ডেভিড ল্যাংফোর্ড-স্মিথ পর পর দু ওভারে দুই হার্ডহিটার মাশরাফি বিন মর্তুজা (০) ও মোহাম্মদ রফিককে (২) ফিরিয়ে দিলে বাংলাদেশের হার হয়ে ওঠে সময়ের ব্যাপার। মাশরাফির রিটার্ন ক্যাচ নেওয়ার পর রফিককে মিড অনে অধিনায়ক জনস্টনের ক্যাচ বানিয়েছেন এই মিডিয়াম পেসার।
নবম উইকেটে ৩১ রানের জুটি গড়ে এরপরও লড়েছেন আব্দুর রাজ্জাক (১১) ও হাবিবুল বাশার (৩২), কিন্তু সেই লড়াই কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। পর পর দু ওভারে তাদের দুজনকে বোল্ড করে দিয়ে বাংলাদেশের ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন ম্যাককালান আর জনস্টন।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের দুঃস্বপ্নের শুরুটা আসলে হয়েছে সহঅধিনায়ক শাহরিয়ার নাফীসের হাত ধরেই। বিশ্বকাপে আগের পাঁচটি ইনিংসে করেছেন ২, ০, ১২, ১ ও ৯। এদিন ৭ রানে পৌঁছানোর পথে ফ্লিক মারা বাউন্ডারিটা অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু পারলেন না নাফীস। বয়েড র্যাংকিনের লাফিয়ে ওঠা বলে পুল করার চেষ্টা করতে গিয়েছিলেন, বল তার গ্লাভসে লেগে উঠে গেছে আকাশে।
আফতাব এসে অবশ্য পরিস্থিতি বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। উইকেট পাওয়া র্যাংকিনেরই করা নবম ওভারে তার ছক্কা এনে দিয়েছে ১৭ রান। কিন্তু আশার বেলুনটা ভালোমতো ফুলে ওঠার আগেও চলে গেলেন তিনিও। এ ম্যাচেই দলে ফেরা আন্দ্রে বোথার প্রথম বলটা ছিল অফস্টাম্পের বাইরের। সেটাকে তাড়া করতে গিয়েছিলেন আফতাব, বল তার ব্যাটের ক্ষীণতম ছোঁওয়া নিয়ে জমা পড়েছে উইকেট কিপারের গ্লাভসে। ৯ বলে তার ১২ রানের ইনিংসটার সেখানেই সমাপ্তি।
সাকিবের (৩) বিদায়টা হয়েছে আরো দুঃখজনক। বোথারই পরের ওভারে দারুণ একটা শট খেলেছিলেন তামিম, বোলারের অভ্যাসবশত বাড়িয়ে দেওয়া হাতের মৃদু ছোঁওয়া লেগে বল যখন ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙ্গে দেয় সাকিবের ব্যাটটা তখন মাটি থেকে ইঞ্চিখানেক ওপরে।
তামিম আর আশরাফুল দুজনই কিন্তু বিলিয়ে দিয়েছেন উইকেট। আগের বলেই দারুণ একটা বোলারস ব্যাকড্রাইভে বাউন্ডারি মেরে পরের বলে আবার উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তামিম (২৯), আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টনের ইয়র্কারে এলোমেলো হয়ে গেছে তার স্টাম্প।
আশরাফুলও করেছেন একই রকম ভুল। দ্বিতীয় স্পেলে ফেরা বয়েড র্যাংকিনের বলে ডিপ ফাইন লেগে একটা ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়ার তিন বল পরেই আবার একই রকম শট, এবার সোজা বাউন্ডারি লাইনে দাঁড়ানো ল্যাংফোর্ড-স্মিথের হাতে। ৩৬ বলে তার ৩৫ রানের ইনিংসে একটি ছক্কা ছাড়াও ছিল পাঁচটি বাউন্ডারি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশরা ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ২৪৩ রান।
প্রথম উইকেটে ৯২ রানের জুটি। তাতে রানের গতি খানিকটা ধীর হলেও হাতে উইকেট থাকায় শেষ দিকে এসে সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে তারা। আর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন কেভিন ও’ব্রায়েন। উইলিয়াম পোর্টারফিল্ডের ৮৫ রানে গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে তার মাত্র ৪৪ বলে ৪৮ রানের ইনিংসটাই আয়ারল্যান্ডকে এনে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। অধিনায়ক ট্রেন্ট জনস্টনও বলে ২৩ বলে ৩০ রানের ইনিংস খেলে রেখেছেন খানিকটা অবদান।
আউট হওয়া ৭ ব্যাটসম্যানের চারজনই রানআউট, শুনলে যেমন মনে হবে বাংলাদেশের ফিল্ডিং কিন্তু মোটেই তেমন হয়নি। আরো অন্তত আধ ডজন রানআউটের সুযোগ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচও ফেলেছেন উদারভাবেই। সর্বোচ্চ স্কোরার উইলিয়াম পোর্টারফিল্ড আর শেষ দিকে ঝড় তোলা কেভিন ও’ব্রায়েন দুজনই আউট হতে পারতেন অনেক আগে। নিজের ৪৬ রানে পোর্টারফিল্ড আর ৭ রানে ও’ব্রায়েনের সহজ ক্যাচ ফেলেছেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো বাংলাদেশের ফিল্ডাররা।
৪৮তম ওভারে কেভিন ও’ব্রায়েন আর ৪৯তম ওভারে অ্যান্ড্রু হোয়াইটের (৪) রানআউট দুটি তবু রানের গতিতে বাধ দিয়েছে খানিকটা। দুটিতেই অবদান বদলি ফিল্ডার ফরহাদ রেজার। আর মাশরাফির করা শেষ ওভারে মিডঅফে শাহরিয়ার নাফীসে হাতে ক্যাচ দিয়ে শেষ হয়েছে জনস্টনের ঝড়ো ইনিংসটা।
তবে সকাল থেকে হাবিবুল বাশার, তামিম ইকবাল, শাহাদত হোসেনরা যে ভাবে একের পর এক মিস করছিলেন রান আউটের সুযোগ, সেটাই হয়তো আত্মবিশ্বাসী করে তুলেছিল আয়ারল্যান্ডের দু ওপেনারকে। নইলে বোলারের হাতেই বল রেখে রানের জন্য ছুটবেন কেন তারা? সাকিব অবশ্য ভুল করেননি, ঠান্ডা মাথায় বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন উইকেট কিপারের হাতে, আর তাতেই অবসান হয়েছে বাংলাদেশের অপেক্ষার। ২৬তম ওভারে এই প্রথম সাফল্য আসার এক বল পরেই আরেকটি উইকেট পেতে পারতো বাংলাদেশ, নতুন ব্যাটসম্যান ইওইন মরগ্যানের শট যখন মিড উইকেট দিয়ে উড়ে যাচ্ছিল বাউন্ডারি লাইনে দাঁড়ানো শাহাদত হোসেন বুঝতেই পারেননি। তবে সে জন্য যন্ত্রণায় পুড়তে হয়নি বেশিক্ষণ, এক ওভার পর সেই শাহাদতই দারুণ এক থ্রোয়ে ফিরিয়ে দিয়েছেন মরগ্যানকে (৫)।
জেরেমি ব্রের (৩১) সঙ্গে পোর্টারফিল্ডের ৯২ রানের জুটিটার সময় কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশের ফিল্ডিংয়ের খারাপ দিনই যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সেই ফিল্ডিং দিয়েই ম্যাচে ফেরা হলো টাইগারদের।
রানআউটের সুযোগ মিসটা পুষিয়ে দিলে ক্যাচটাই বা বাকি থাকবে কেন? শর্ট থার্ডম্যান থেকে অনেকটা লাফিয়ে আয়ারল্যান্ডের সেরা ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়েনকে ফিরিয়ে দিয়ে খানিকটা পুষিয়ে দিয়েছেন তামিম। সাকিবকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন ও’ব্রায়েন (১০)।
তবে এরপর আরেকটা সুযোগ মিস করেছেন সেই তামিম। সময়ের দাবি মেনে হাত খুলে খেলার চেষ্টা করতে থাকা কেভিন ও’ব্রায়েনের একটা শট আকাশে উড়লেও তার ফ্লাইট বুঝতে না পারার ভুলটাই করেছেন তিনিও।
পরের ওভারেই অবশ্য দুঃখটা খানিকটা ভুলিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা পোর্টারফিল্ডকে ফিরিয়ে দিয়ে। লেগস্টাম্পের ওপরে করা বলটি ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আকাশে তুলে দিয়েছেন এই বাঁহাতি, সেটা মুঠোবন্দী করতে কোনো ভুল করেননি রফিক। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা পোর্টারফিল্ড তার ১৩৬ বলের ইনিংসটা সাজিয়েছেন মাত্র তিনটি বাউন্ডারিতে।
এই বিশ্বকাপে আইরিশ ওপেনিং জুটি এই প্রথমবার পেরোলেন দু অংক। তবে গল্পটা অন্য রকম হতেও পারতো। আয়ারল্যান্ডের দু ওপেনারই আউট হতে পারতেন আরো আগেই। একবার শাহাদতের বলে ব্রে আরেকবার মাশরাফির বলে পোর্টারফিল্ড ক্যাচমতো দিয়েছিলেন, কিন্তু দুবারই দ্বিতীয় স্লিপের একটু সামনে ড্রপ খেয়েছে বল। পোর্টারফিল্ডের একটা সহজ ক্যাচও ছেড়েছেন কভারে দাঁড়ানো আব্দুর রাজ্জাক, তবে সেটা নিতে পারলেও লাভ হতো না কারণ শাহাদতের বলটা ছিল নো বল। এরপরও একবার সুযোগ দিয়েছিলেন এই বাঁহাতি, ৪২ রানে তার দেওয়া সহজ রিটার্ন ক্যাচ রাখতে পারেননি মোহাম্মদ রফিক।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক ট্রেন্ট জনস্টন ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
একটা করে পরিবর্তন আছে দু দলেই। অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট পাওয়ায় খেলতে পারছেন না সৈয়দ রাসেল। তার জায়গায় খেলছেন শাহাদাত হোসেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে গো-হারা দল থেকে জন মুনিকে বাদ দিয়ে বোথাকে ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৪৩/৭ (পোর্টারফিল্ড ৮৫, ব্রে ৩১, মরগান ৫, নিয়াল ও’ব্রায়েন ১০, কেভিন ও’ব্রায়েন ৪৮, জনস্টন ৩০, হোয়াইট ৪, ল্যাংফোর্ড-স্মিথ অপ. ৬, বোথা অপ. ১; মাশরাফি ২/৩৮, শাহাদত ০/৫১, রাজ্জাক ০/৪৮, রফিক ০/৪২, সাকিব ১/৪৪, আফতাব ০/৮)।
বাংলাদেশ: ৪১ দশমিক ২ ওভারে ১৬৯ (তামিম ২৯, নাফীস ৭, আফতাব ১২, সাকিব ৩, আশরাফুল ৩৫, হাবিবুল ৩২, মুশফিক ১৬, মাশরাফি ০, রফিক ২, রাজ্জাক ১১, শাহাদাত অপ. ০; র্যাংকিন ২/৪২, স্মিথ ২/২৭, বোথা ১/৩১, জনস্টন ২/৪০, ম্যাককালান ২/২৫)।
ফল : আয়ারল্যান্ড ৭৪ রানে জয়ী।
