২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে নয়, জয়ের চাপকেই বাংলাদেশের ভয়

আচ্ছা, ভারত আর পাকিস্তান কী এই ম্যাচ দেখবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দেখার মুডে অবশ্য নেই। বিশ্বকাপের পর যা যা গেছে এবং এখনও যে অবস্থা তাতে নিজেদের পিঠ বাঁচাতেই ওরা ব্যস্ত। উলমার মারা গেছেন, ইনজামাম অধিনায়কত্ব ছেড়েছেন, নতুন কেউ অধিনায়ক হতে চাচ্ছেন না, করাচি-লাহোরের বার্বাডোজে চোখ রাখার খুব সুযোগ নেই। দিল্লি-মুম্বাইয়ের অবস্থাই বা সুবিধার কোথায়! পত্রিকাগুলোতে এখনও ওদের শ্রাদ্ধ চলছে। টিভি চ্যানেলগুলোতে এক-আধটা টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে প্রাজ্ঞ-বিজ্ঞ সেজে দলকে এমন ধোলাই করছেন যে এখনও দ্রাবিড়দের ঐ দিকটাই সামলাতে হচ্ছে। তবু ফাঁক বের করে ম্যাচ দেখতে বসলে দীর্ঘশ্বাসের বাতাস ভারত-পাকিস্তানকে আবার এক করে দেবে। আজকের ম্যাচটা ওদেরই খেলার কথা ছিল। কত আয়োজন। দেশ-বিদেশ থেকে এই ম্যাচ কেন্দ্র করে কত লোকের ছুটে আসার কথা! কিন্তু খেলছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। দুই ক্রিকেট জায়ান্টের বিশ্বকাপ অভিযানকে রক্তমাখা পরিনতি দিয়ে নিজেদের রাঙ্গিয়েছে স্বপ্নের রংয়ে। সেই দুই দল, বিশ্বকাপের অঘটনঘটনপটিয়সীরা পরস্পর মুখোমুখি।

অস্ট্রেলিয়ানরা এখন যে ক্রিকেটটা খেলে সেটা সোজা ভাষায় ‘অন্য গ্রহের ক্রিকেট’। কোনো ক্ষমা নেই, দয়া নেই, মায়া নেই। ছোট-বড় সবার দিকেই তাদের খাপখোলা তলোয়ার। সেই অস্ট্রেলিয়া বাংলাদেশের স্বপ্নযাত্রাকে বড় এক চোট দিয়েছিল। সুপার এইটের প্রথম ম্যাচেই একেবারে ১০ উইকেটের হার। এবং সেই অস্ট্রেলিয়া ক্ষতিটা পূরণও করে দিয়েছে। আগের ম্যাচে আয়ারল্যান্ডকে এমন নাস্তানাবুদ করেছে যে দেখে জানা হয়ে গেছে, তাদের দৌড় আসলে কতটুকু। এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও আইরিশরা ভূ-পাতিত। দুটো ম্যাচে এমন দুই ঘা খাওয়াতে প্রাক ম্যাচ সমীকরণে বাংলাদেশ নিশ্চিন্ত। সুপার এইট পর্যন্ত আয়ারল্যান্ড সমান তালেই ছিল। বাংলাদেশ-ভারতকে হারালে ওরা পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ সুপার এইটে উঠলে ওরাও উঠেছে। কিন্তু একটা জায়গায় বাংলাদেশ ঠিক তফাতটা ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েও ফের উঠতে জানে। কিন্তু আয়ারল্যান্ড পাকিস্তানের অবিমৃশ্যকারিতা এবং অনিশ্চিত আচরনের সুযোগ নেয়ার বেশি কিছু করতে পারে না।

সুপার এইটে ওদের পারফরম্যান্স শুধুই নিম্নগামী। এই ম্যাচে ‘বাংলাদেশ ফেভারিট’-কথাটা তাই বাহুল্যের মতোই ঠেকছে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার দ্বিমত পোষন করতে চাইছেন। ফেভারিট বললেই নাকি চাপ চলে আসবে, চাপ চলে এলে গোলমাল হয়ে যেতে পারে কিছু, কাজেই এটাকে আর দশটা ম্যাচের মতো একটা হিসাবে তারা নেবেন। খেলবেন সর্বশক্তি দিয়ে। ব্যাস। এই পর্যন্তই চিন্তার সীমানা।

আয়ারল্যান্ড সৌখিন ক্রিকেটারদের দল। খেলোয়াড়দের কেউ ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে এসেছেন, কেউ হয়তো কাজ করেন কোনো ফ্যাক্টরিতে, সেখানকার মালিকদের বুঝিয়ে-টুঝিয়ে তবেই আসতে হয়েছে বিশ্বকাপে। বাংলাদেশের মতো দেশে তাদের জন্য ক্রিকেটামোদী জনতা অপেক্ষা করে নেই। আশার বেলুন নেই। নেই প্রত্যাশার চাপ। খেলার আনন্দে খেলা। যতদূর যা করা যায় তাতেই ওদের চলবে।

কিন্তু আয়ারল্যান্ডকে সৌখিনতার এই সাদামাটা মোড়কে ঢুকিয়ে ফেললে চলবে না। এই আয়ারল্যান্ডই কি ’৯৭ আইসিসি ট্রফিতে কুখ্যাত অখেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ বঞ্চিত করতে চায়নি! ম্যাচটার গল্প এরকম। বাংলাদেশ ওদেরকে প্রত্যাশামতোই ১২৯ রানে অলআউট করে দিয়েছিল। তারপর বৃষ্টি। সমীকরণটা বাংলাদেশের সামনে এরকম যে, এই ম্যাচ না জিতলে তখনকার কঠোর প্রতিপক্ষ হল্যান্ডকে পরের ম্যাচে হারাতেই হবে। বাংলাদেশ তাই যে কোনোভাবে ম্যাচটা খেলতে চাইছিল। বৃষ্টি শেষে খেলা শুরু হলো, আর শুরু হলো আইরিশদের অভিনয়। শুকনো জায়গায় পা পিছলে পড়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষন করতে থাকল, বোলার বল করতে গিয়ে খামোখা পড়ে গিয়ে দেখান ভেজা মাঠের জন্য দৌড়াতেই পারছেন না। ছলনায় ভুললেন আম্পায়ার। খেলা পণ্ড। বাংলাদেশের এক পয়েন্ট নষ্ট। এরপর ২০০৪-এ আয়ারল্যান্ড সফরে গিয়ে দুটো ম্যাচ জিতে বদলা বাংলাদেশ নিয়েছে বটে, কিন্তু বিশ্বকাপেও কি একটা শিক্ষা ওদের পাওনা নয়! বাংলাদেশ শিক্ষার কথা ভাবছে না। ঐ যে চাপ চলে আসে! তাহলে আর দশটা ম্যাচের মতো একটা মনে হবে না। এবং তাতে যদি...

অতি সতর্ক। কিন্তু অতিরিক্ত সতর্কতাই কি আরেকটা চাপের জন্ম দেয় না! হাবিবুল বললেন,“আসলে মাথায় তো চলে আসে সব হিসাবই। কিন্তু যথাসাধ্য এটাকে দূরে রাখতে চাই। আর সবাইকে বলতে চাই, বিশ্বকাপে আমরা যা খেলেছি, তা দারুণ। কাজেই এই ম্যাচ না জিতলে জীবন শেষ হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।”

জীবন কোনো ম্যাচেই শেষ হয়ে যায় না, তেমনি দূর দূর করে তাড়াতে চাইলেও যে ম্যাচের যা হিসাব তা থাকবেই। এই ম্যাচের হিসাব বাংলাদেশের আর দশটা ম্যাচের চেয়ে উল্টো। এখানে জিততেই হবে। না জিতলে বাংলাদেশের চার পয়েন্ট বাতিল হয়ে যাবে না, আইসিসি বলবে না যে তোমরা আয়ারল্যান্ডকে যখন হারাতে পারোনি তখন ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা কেড়ে নেয়া হলো। তবু সবল দুর্বলের লড়াইয়ে সবলদেরও কিছু সমস্যা থাকে। কিছু দায় থাকে। এটা সেই দায়পূরণের ম্যাচও।

আবার এটা হতে পারে বাংলাদেশের ফর্মহীন খেলোয়াড়দের ফর্মে ফিরে আসার ম্যাচ। অধিনায়ক-সহ-অধিনায়ক কেউ রানে নেই, বড় দলের বিপক্ষে চাইলেও অনেক সময় পারা যায় না, কিন্তু এই সাদামাটা আয়ারল্যান্ডের বিপক্ষে তো পারা উচিত। শাহরিয়ার নাফীসের এই সুযোগটা বোধহয় নষ্ট করা ঠিক হবে না। গত ম্যাচের একাদশই এই ম্যাচে থাকছে। কাজেই নাফীস খেলছেন। শুরুতে ব্যাট করতে হলে অবশ্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতোই হবে চ্যালেঞ্জটা। কেনসিংটন ওভালের এই নতুন উইকেটে সকালের দিকে পেস আর বাউন্স এত বেশি থাকে যে বাংলাদেশ শুধু ভাবছে টসটা নিয়ে। এখানে আগে ব্যাট করা ক্যারিবিয়ান সাগরে বাংলাদেশের ডিঙ্গি নৌকা বেয়ে চলার মতোই কঠিণ একটা কাজ।

২০০০ সাল থেকে বড় দলগুলোর সঙ্গে ক্রমাগত হারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিখেছে, ছোট দলগুলোর বিপক্ষে কীভাবে জিততে হয়। গত এক দেড় বছর ছোট দলগুলোর সঙ্গে জিতে জিতে আবার শিখেছে জিততে কী করতে হয়!

বড়-ছোট সবার সঙ্গে করণীয় যখন জানা, তখন পচা শামুকের ভয় বোধহয় আর নেই। তবু দেখে পথ চলাই ভালো। যত সাবধান তত নিরাপদ। যত সতর্ক তত নিশ্চিত।