২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ফেভারিটের ‘মহারণ’

‘সেমিফাইনাল’-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলে এখন এই শব্দটাই বেশি উচ্চারিত হচ্ছে নিঃসন্দেহে। সুপার এইট শুরু হওয়ার আগে দুটো দলেরই শেষ চারে ওঠা নিয়ে বাজি ধরার লোকের অভাব ছিল না। তবে সুপার এইটে চারটি করে ম্যাচ খেলে ফেলার পর দুই দলকে সেমিফাইনাল নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে। সেই দুর্ভাবনা মাথায় নিয়েই শনিবার গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 10:59 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সেমিফাইনালের পথ কণ্টকমুক্ত করতে যে ম্যাচে জয়টা ভীষণ দরকার দু দলেরই।

এক দিক দিয়ে অবশ্য শনিবারের প্রতিপক্ষের চেয়ে নিউজিল্যান্ডাররা কিছুটা এগিয়ে। সমান ম্যাচ খেললেও দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা এগিয়ে আছে দুই পয়েন্টে। কিউইদের ৮ পয়েন্টের বিপরীতে গ্রায়েম স্মিথের দলের সংগ্রহ ৬ পয়েন্ট। প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে সেটা যদি নিউজিল্যান্ডের জন্য স্বস্তির কারণ হয়, তবে অস্বস্তিকর ব্যাপার হলো, তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে টানা ৬ ম্যাচে জেতার পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে বিধ্বস্ত হওয়াও কিউইদের জন্য বড় এক ধাক্কা। অবশ্য দক্ষিণ আফ্রিকা এর চেয়েও অনেক বড় আঘাত পেয়েছে বাংলাদেশের কাছে ৬৭ রানে হেরে। তবে তার পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস অনেকটাই পুনরুদ্ধার করেছে তারা।

তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ডও যথেষ্ট ভালো। শনিবারের আগে ৪৬ টি লড়াইয়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২৭টিতে, আর নিউজিল্যান্ড বিজয়ী ১৫ ম্যাচে। গত মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠিত একটি ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও এই ম্যাচে অনুপ্রাণিত করতে পারে দক্ষিণ আফ্রিকাকে। গ্রায়েম স্মিথ অবশ্য অতীতের রেকর্ড নিয়ে মোটেও উচ্ছ্বসিত নন। তিনি বরং নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তিত,“এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে। ওরা বেশ ভারসাম্যপূর্ণ দল। ওদের ব্যাটিং অর্ডার যেমন দীর্ঘ তেমনি বোলিং বিভাগেও অনেক বিকল্প আছে। সাম্প্রতিক সময়ে আমরা ওদের বিপক্ষে ভালো করেছি, আবার ওরাও বেশ কয়েক বার আমাদের হারিয়েছে।” আর সেজন্যই এই ম্যাচে সতীর্থদের নিজেকে উজাড় করে দেয়ার পরামর্শ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক,“ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের মতো খেলতে হবে আমাদের। স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী সেই ম্যাচের মতো স্বচ্ছন্দে খেলে, প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়ার সব সুযোগের সদ্ব্যবহার করতে পারলে জয় না পাওয়ার কোনো কারণ নেই।”

বিশ্বকাপে দু দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য কেউ এগিয়ে নেই। ক্রিকেটের সেরা আসরে ৪টি ম্যাচ খেলে দু দলই জিতেছে দুটি করে। সর্বশেষ লড়াই হয়েছিল গত আসরে। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে হার্শেল গিবসের ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংসও জয় এনে দিতে পারেনি স্বাগতিকদের। স্টিভেন ফ্লেমিংয়ের অসাধারণ অপরাজিত ১৩৪ রানের সৌজন্যে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। শনিবারের ম্যাচে অধিনায়কের কাছ থেকে তেমন আরেকটা ইনিংস নিশ্চয়ই আশা করছে কিউইরা। দক্ষিণ আফ্রিকাও নিঃসন্দেহে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে। তবে দু দলের লক্ষ্য আসলে একটাই-ম্যাচটা জিতে সেমিফাইনালের রাস্তা প্রশস্ত করে রাখা।