২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এখন বোলারদের দল, বোলিংয়ের দল

বাংলাদেশের বোলাররা সবসময়ই সৎ মায়ের ছেলে। যত যা-ই করুন, শেষ পর্যন্ত ব্যাটসম্যানরাই আদরের ছেলে। দুধ-কলা তাদের জন্য। বোলাররা মাঝে-মধ্যে কিছু পিঠ চাপড়ানো পাবেন, যেমন সৎ মায়ের ছেলেরা এক-আধদিন পায়। এর বেশি কিছু নয়। এতকালের এই নিয়তি বিশ্বকাপে এসে বোলাররা এমন উল্টিয়ে দিয়েছেন যে অবহেলার দিন বোধ হয় এবার শেষ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ক্রিকেট খেলাটাই আসলে ব্যাটস্যানদের। কে কতু উইকেট পেলো, তার ভিত্তিতে নয়, ফলটাই নির্ধারিত হয় কে কত রান করল, তার ওপর ভিত্তি করে। টেস্ট ক্রিকেটে তবু বোলাররা আছে, কিন্তু ওয়ানডে ক্রিকেট পুরোপুরিই ব্যাটিং-অধ্যুষিত। দিন যত যাচ্ছে ব্যাটসম্যানদের ততই আরও মাথায় ওঠানো হচ্ছে, আরও বেশি ব্যাটিং সহায়ক এবং বোলিংবিরোধী আইন। বাউন্সারে নিয়ন্ত্রন। ফিল্ডিং বাধ্যবাধকতা। কাজেই বিশ্বময়ই বোলাররা পেছনের সারির লোক, বাংলাদেশেও তাই। কিন্তু বাংলাদেশের এই হাওয়ার ওপর তৈরি মিথটাকে বিশ্বকাপে এসে বোলাররা যেমন দুমড়ে-মুচড়ে দিলেন, তাতে এরপর বাংলাদেশের ব্যাটিং ভালো, এই কথাটা যতবার বলা হবে ততবারই বোলারদের প্রতি অবিচার করা হবে। অবিচারের দিন এখানেই শেষ হওয়া উচিত। হওয়া উচিত সুবিচার। এবং তাতে বাংলাদেশের ক্রিকেটের ডানা আসলে তার বোলিং। তার তূণের ধারালো সব তীর তার বোলাররাই।

অ্যান্টিগাতে স্থানীয় এক সাংবাদিক একদিন খুব নোট বুক-টুক নিয়ে পাশে এসে বসলেন। বিশ্বকাপ কভার করতে আসা বাংলাদেশী সাংবাদিকদের এটাও একটা দায়িত্ব-বিদেশী সাংবাদিকদের বাংলাদেশের ক্রিকেট শিক্ষা দেয়া। তো সেরকমই কিছু ভেবেছিলাম। এ কথা সে কথার পর তার প্রশ্ন, বাংলাদেশের কতভাগ লোক বাঁ-হাতি। বললাম, খুবই সামান্য। শতাংশের হিসাবে ৫ শতাংশ হয় কিনা সন্দেহ! ভদ্রলোক ঠিক মানতে চান না। শেষে বোঝা গেলো, বাংলাদেশের এই দলে বাঁ-হাতিদের এত ভীড় যে সেটাকে মডেল ধরলে মনে হবে, বাংলাদেশ আসলে বাঁ-হাতিদের দেশ। দলের ৬ ব্যাটসম্যানের মধ্যে তিনজন বাঁ-হাতি। ৫ বোলারের চারজন বল করেন বাঁ-হাতে। এই তথ্যটা গুরুত্বপুর্ণ এজন্যই যে বাংলাদেশের বোলিং শক্তির ভীতিকর হয়ে ওঠার পেছনে এই বাঁ-হাতগুলোর অনেক বড় ভূমিকা।

ক্রিকেট বোলিংয়ে কঠিনতম শিল্প অবশ্যই লেগ-স্পিন, কিন্তু কঠিন বলেই নিয়ন্ত্রনটা অনেক কম থাকে। ওয়ানডের মতো ১০ ওভারের খেলায় তাদের ওপর নির্ভর করা ঝুঁকির কাজ। অফ স্পিন বা ফিঙ্গার স্পিনে নিয়ন্ত্রনটা বেশি থাকে, কিন্তু সেখানে আবার অসুবিধার দিক হলো, সেটাতে বৈচিত্র্য কম এবং খেলাটা খুব সহজ বলে খুব টার্ন না থাকলে, উইকেট্ খুব সহায়ক না হলে কাজের কাজ খুব বেশি একটা হয় না। বাঁ-হাতি স্পিনের সুবিধাটা সেখানেই। ওরা আসলে অফ স্পিনার, কিন্তু হাতটা উল্টা বলে ডান-হাতি ব্যাটসম্যানদের জন্য সেটাই হয়ে যায় লেগ-ব্রেক আর উল্টা দিকে ঘোরা বলে খেলা ব্যাটসম্যানদের জন্য সবসময়ই কঠিন। এসবই তত্বের কথা, আর ক্রিকেটে দক্ষতার কাছে তত্বের মার খাওয়ার ঘটনা এত নিয়মিত যে এই আধুনিকতার যুগে চিরন্তন বেশিরভাগ তত্বই অচল পয়সার মতো অকার্যকর।

বাংলাদেশের তিন বাঁ-হাতি স্পিনার কিন্তু তত্বের সঙ্গে দক্ষতার এমন মিশেল ঘটিয়েছেন যে বিশ্বখ্যাত ব্যাটসম্যানদেরই নাভিশ্বাস। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পর গ্রায়েম স্মিথ বলছিলেন, “এই তিনজনকে দেখে আমার মনে হয়েছে ওরা একে অন্যের পরিপূরক। অসাধারণ!” তিনজনের মধ্যে রফিক অভিজ্ঞতম এবং প্রায় স্পিনহীন একজন স্পিনার যে কত ভীতিকর হতে পারেন রফিককে না দেখলে আমরা জানতামই না। ক্রিকেট ব্যাখ্যার খুব গুণ রফিকের নেই, শুধু একটা কথাই সবসময় বলেন,“আমি ব্যাটসম্যানদের মনটা যেন পড়তে পারি। বুঝতে পারি সে এরপর কী করতে চায়।” বাংলাদেশের একজন ব্যাটসম্যান একবার বলছিলেন, রফিককে দেখলে মনে হয় একঘেয়ে বল, আর্মারই তার ভরসা, কিন্তু যারা খেলে তারা জানে কত বৈচিত্র্য তার মধ্যে। বলের লেংথে কতরকম হের-ফের ঘটায় সে।

দৃশ্যত বৈচিত্র্যহীন এবং আসলে বৈচিত্র্যময় রফিকের ঘরানার সার্থক উত্তরসূরী রাজ্জাক। তিনিও আপাত সাধারণ, টার্নের বালাই নেই খুব, কিন্তু রফিকের মতোই জায়গায় বল ফেলা আর ব্যাটসম্যানদের মনের ভাষা পড়ার ক্ষমতায় তিনিও অপ্রতিরোধ্য। গত এক বছরের পারফরম্যান্সে রফিকও তার পেছনে। একসময় ফিল্ডিং বাধ্যবাধকতার সময় বল করতে আসার যে সাহসিকতা ছিল রফিকের একার সম্পত্তি, সেটা এখন রাজ্জাকের। এবং বিস্ময়ের বিষয়, এ ছাড়া নাকি বল করতে তার ভালো লাগে না,“আমি এই চ্যালেঞ্জটা খুব উপভোগ করি। এই চ্যালেঞ্জটা না থাকলে বল করে খুব আনন্দ পাই না।”

তৃতীয়জন সাকিব আল হাসান। বিকারহীন থাকার এক অদ্ভুত মানসিকতা তার, কাজেই এখানেও নির্বিকার। “বল করছি, উইকেট পড়ছে, ব্যাটসম্যানরা ভালো বল হলে খেলতে পারছে না, খারাপ বল হলে খেলতে পারছে”-তার কাছে বোলিং মানে এই তো! কিন্তু ভেবে দেখলে পুরো স্পিনশক্তিকে বৈচিত্র্য দিচ্ছে তার বোলিং। তার বলই বাতাসে বেশিক্ষণ থাকে, ক্লাসিক্যাল বাঁ-হাতি স্পিনারদের টাইমিংয়ের গোলমাল ঘটিয়ে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার ঘটনা তিনিই বেশি ঘটান।

মাশরাফি বারবার একটা কথা বলেন। তার মতে, বাংলাদেশের বোলাররা কেমন করবে সেটা নাকি আসলে নির্ভর করে পেসারদের ওপর। যুক্তি,“শুরুতে যদি আমি আর রাসেল উইকেট নেই, তাহলে স্পিনারদের কাজ সহজ হয়ে যায়। উইকেট না নিতে পারলেও যদি আমরা রানটাকে আটকে রাখি তাহলেও হয়।” কথাটা মিলিয়ে দেখুন। বাংলাদেশ যে তিনটা ম্যাচ জিতেছে তার প্রতিটিতেই শুরুর ব্রেক থ্রুটা তারা দিয়েছেন। যেদিন তারা পারেননি, সেদিন স্পিনাররাও পারেননি। স্পিনারদের খাটো করতে নয়, এই তথ্যটা বোঝাচ্ছে বাংলাদেশের স্পিনাররা যতই বিজ্ঞাপন হয়ে উঠুন, দুই পেসার তাদের কাজটা করছেন বলেই রথটা ঠিকঠাক চলেছে। স্পিনার-পেসার সবমিলিয়েই আসলে বাংলাদেশের এই এই এক্সপ্রেস বোলিং ট্রেন, যার চাকা পাঁচটা এবং পাঁচটা চাকা তাাদের লাইনে ঠিকঠাক ঘুরছে বলেই বিশ্বকাপের এই বাংলাদেশ। এই সম্মানের। এই শক্তির।

কাজেই এরপর? বোলারদের বহুদিনের বঞ্চনা। হাওয়ায় তৈরি একটা মিথের ওপর দিয়ে ব্যাটসম্যানরা অনেক বছর তো চালিয়ে গেলেন। পরিচয় বদলের দিন বোধহয় এসে গেলো। বিশ্বকাপের বাংলাদেশকে যোগ-বিয়োগ করে মনে হচ্ছে আসলে ব্যাটসম্যানরাই সৎ মায়ের ছেলে। কিন্তু এমন চতুর এবং এমন ছদ্মবেশি যে সেটাই ধরা যায়নি বহুকাল!