অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউনিস
পরিবারের সদস্যরা ফোনে মৃত্যুর হুমকি পাচ্ছেন। ক্রিকেটারদের কুশপুত্তলিকা পুড়ছে। কিংবা কোনো পশুর মুখে বসিয়ে দেওয়া হচ্ছে ক্রিকেটারদের ছবি। বিশ্বকাপের প্রথম রাউন্ডেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই চলমান ছবিটা দেশে ফিরেও দেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এসব দেখে ইউনিস খানের এমনই বিতৃষ্ণা এসে গেছে যে পাকিস্তান দলের অধিনায়ক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিতেও কুন্ঠাবোধ করেননি তিনি।
২০০৫ সাল থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসা ইউনিসের সামনে ইনজামাম-উল হকের উত্তরসুরী হওয়ার সুযোগ হাত বাড়িয়েই ছিল। কিন্তু শুক্রবার ইউনিস হাত না মেলানোর খবরটা দিতে গিয়ে বলেছেন,“পুরো ক্ষমতা দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিল। পিসিবি চেয়ারম্যান শক্তিশালী একটা নির্বাচক কমিটি নিয়োগ করতে যাচ্ছেন বলেও আমাকে জানিয়েছিলেন। কিন্তু প্রস্তাবের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সেটা ফিরিয়ে দিয়েছি।”
ভবিষ্যতে শুধু একজন সিনিয়র ক্রিকেটার হিসেবেই পাকিস্তান ক্রিকেটে ভূমিকা রাখতে চান ইউনিস। এক্ষেত্রে ইনজামামের পদাঙ্ক অনুসরণের কথাও ভাবছেন বলে জানিয়েছেন তিনি,“আমি এমনকি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধুই টেস্ট ক্রিকেট খেলার কথাও ভাবছি।”
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এখনো তার মনোবেদনার কারণ হয়ে আছে। তবে এজন্য দেশে মানুষের অপমানজনক প্রতিক্রিয়াই তার মনে দগদগে ক্ষত তৈরী করেছে বেশি। নেতৃত্বের সুযোগ পায়ে দলার কারণ আসলে এটিই,“আমি এসব থেকে দূরে থাকতে চাই।” ইংলিশ কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে খেলতে শনিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন ইউনিস। এই দলটির সঙ্গে চুক্তিবদ্ধ প্রথম পাকিস্তানি ক্রিকেটারের মাঝে জন-প্রতিক্রিয়ার রেশটা এখনো রয়ে গেছে,“বিশ্বকাপ থেকে ফেরার পর থেকেই আমাদের যেভাবে দেখা হচ্ছে তাতে আমি এখনো ব্যথিত। এখনো কষ্ট হচ্ছে আমার। দেশের জন্য নিজের শতকরা একশভাগই দিয়ে এসেছি আমি। অথচ পরিবারকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। প্রতিকৃতি পুড়েছে আমাদের। পশুর পিঠে চড়ানো হয়েছে আমাদের ছবি। এমন পরিস্থিতিতে আমি কিছুতেই দলকে নেতৃত্ব দিতে চাই না।”
বব উলমার হত্যাকান্ডে সন্দেহের তীর পাকিস্তানি ক্রিকেটারদের দিকেও নিক্ষেপ করায় জ্যামাইকান পুলিশের সমালোচনাও করেছেন ইউনিস খান, “আমাদের যেভাবে দেখা হচ্ছিল তাতে এক পর্যায়ে ভীষণ ক্ষেপে গিয়েছিলাম আমি। জ্যামাইকান কর্তৃপক্ষকে বলেছিলাম, আমরা আন্তর্জাতিক ক্রিকেটার, দাগী আসামী নই। জিজ্ঞেস করেছিলাম, উলমারকে খুনের জন্য আমাদের সন্দেহ করছেন কেন। তাকে হারানো মানে বাবার মতো একজনকেই হারালাম আমরা।”
