২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনের চোখে সেমিফাইনাল আর ফ্লেমিং পড়েছেন দুর্ভাবনায়

এই ম্যাচের আগের দিন মাহেলা জয়াবর্ধনে বলেছিলেন,“ভালো দল হলেও এবারের বিশ্বকাপে এখনো বড় কোনো পরীক্ষার সামনে পড়তে হয়নি নিউজিল্যান্ডকে।” শ্রীলঙ্কার অধিনায়ক নিশ্চয়ই ভেবে-চিন্তেই মন্তব্যটা করেছিলেন। কিউইদের সামনে সেই ‘বড় পরীক্ষা’টা এলো বৃহস্পতিবার এবং তাতেই তারা ভূ-পাতিত! গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়ামে ’৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি স্টিভেন ফ্লেমিংয়ের দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

৬ উইকেটের সহজ জয়ে শ্রীলঙ্কার সেমিফাইনালের পথ এখন অনেকটাই প্রশস্ত। আর সেজন্য ম্যান অব দ্য ম্যাচ চামিন্ডা ভাস এবং দলের স্পিনারদের পূর্ণ কৃতিত্ব দিচ্ছেন জয়াবর্ধনে। অন্যদিকে এই বিশ্বকাপে অপরাজিত থাকার গৌরব ভূলুন্ঠিত হওয়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিং ভাবনায় পড়েছেন দলের নেট রানরেট নিয়ে।

ভাসের তোপে ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই দিগ্ভ্রান্ত হয়ে পড়া নিউজিল্যান্ডের ২১৯ রান পেরিয়ে যেতে মোটেও বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে। ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্যে পৌঁছাতে শ্রীলঙ্কার মতো দলের সমস্যা হওয়ার কথা নয়। তা হয়ওনি। প্রায় ৫ ওভার হাতে রেখে জয় পাওয়ার পর উচ্ছ্বসিত জয়াবর্ধনে দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন অকুণ্ঠে,“নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সব সময়ই একটা চ্যালেঞ্জ। গত কয়েক মাসে ওদের সঙ্গে আমরা বেশ কিছু ম্যাচ খেলেছিও। তবে চামিন্ডা ভাস সত্যিই দুর্দান্ত সূচনা এনে দিয়েছে আমাদের। মাঝের ওভারগুলোতে স্পিনাররাও ওদের ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পেরেছে। আর সেজন্যই ওদেরকে ২২০-এর মধ্যে আমরা আটকে রাখতে পেরেছি। এর পর বুঝে-শুনে ব্যাট করেছি বলেই শুরুতে খুব বেশি উইকেটও হারাইনি।”

গোড়ালিতে সমস্যা থাকায় বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক লাসিথ মালিঙ্গা খেলতে পারেননি এই ম্যাচে। তবে জয়াবর্ধনে জানিয়েছেন মালিঙ্গার অনুপস্থিতি মোটেও দুশ্চিন্তায় ফেলেনি তার দলকে,“আমরা তো এক জন খেলোয়াড়ের ওপর নির্ভর করা কোনো দল না! গত এক বছরে অনেক ইনজুরি সমস্যায় পড়তে হয়েছে আমাদের। কিন্তু আমরা একটা দল হিসাবেই খেলেছি। সেজন্যই এত ম্যাচ জিতেছি আমরা। লাসিথ না থাকায় অন্য এক কম্বিনেশন পেয়েছি আমরা। সে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তার অনুপস্থিতি একটা বড় আঘাত তো বটেই। তবে ভাসি (ভাস) এগিয়ে এসে ভালো পারফর্ম করলো, মুরালিও যথারীতি জ্বলে উঠলো আর অন্য বোলাররা তাদের দারুণভাবে সাহায্য করলো।”

টানা ৬ ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা নিউজিল্যান্ড এই ম্যাচে হেরে বেশ বিপদেই পড়ে গেছে। বিপদটা নেট রানরেট সংক্রান্ত। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে তাদের নেট রানরেট সবচেয়ে ভালো থাকলেও বৃহস্পতিবারের পরাজয় এক্ষেত্রে তাদের ঠেলে দিয়েছে তৃতীয় স্থানে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দু দলেরই এখন ৮ পয়েন্ট। আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়ারও তা-ই । এবারের বিশ্বকাপের নিয়মানুযায়ী একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রানরেটে এগিয়ে থাকা দল সেমিফাইনালে উঠবে। সুপার এইটে শুধু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেই ম্যাচ বাকি থাকায় শেষ চারে না যাওয়ার একটা আশঙ্কা কিছুটা হলেও উঁকি দিচ্ছে কিউই শিবিরে। যদিও অনেক অঙ্কের মারপ্যাঁচ, অনেক সমীকরণ এখনো বাকি।

তারপরও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের চেয়ে নেট রানরেটে পিছিয়ে পড়াতেই ফ্লেমিং বেশি কাতর। শ্রীলঙ্কাকে একটু বেশি ওভার খেলানোর জন্যই তিনি দ্বিতীয় পাওয়ার প্লে নিয়েছেন ৩৩তম ওভারে,“পাওয়ার প্লেগুলো সামলানো খুব কঠিন। বিশেষ করে দু জন আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকা অবস্থায় পাওয়ার প্লে ব্যবহার করলে রান রেট আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। আমিও তাই ১০ ওভারে পাওয়ার প্লে নিয়ে ৩৮ ওভারের মধ্যে ম্যাচ হারতে চাইনি। বরং ওদেরকে আরো ৭/৮ ওভার বেশি খেলাতে চেয়েছি । কেউ নেট রানরেট নিয়ে চিন্তা না করলে নিঃসন্দেহে সে বিরাট বোকা লোক। এক জন অধিনায়ককে সব দিক নিয়েই চিন্তা করতে হবে।” ফ্লেমিংয়ের সেই উদ্দেশ্যকে সফলই বলতে হবে। কারণ শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৪৫ দশমিক ১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

নেট রানরেট জনিত কারণে ফ্লেমিং এই মুহূর্তে দুশ্চিন্তায় আক্রান্ত। তবে অপরাজিত ১১১ রানের দারুণ এক ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ভরাডুবির হাত থেকে রক্ষা করা স্কট স্টাইরিস সেমিফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী,“আমরা এখনো ভালো অবস্থাতেই আছি। এই মাঠে একটা ম্যাচ খেলে ফেলায় আমরা বাড়তি সুবিধাও পাবো। আমাদের বাকি ম্যাচ দুটো হবে এখানেই। এই ম্যাচের ভুলগুলো শুধরে তা কাজে লাগাতে পারলে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়!”