২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীতা নয়, হাবিবুলের জন্য প্রার্থনার সময়

হাবিবুল বাশার বাংলাদেশের এক নাম্বার ব্যাটসম্যান ছিলেন। আছেন। এবং সম্ভবত আরও অনেকদিন থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 11:32 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

কথাটা শুনে যে বা যারা ভুরু কোচকাবেন তাদের জন্য তথ্য-মন্তব্যটা শুধুই টেস্ট ক্রিকেটের প্রসঙ্গে।

হাবিবুল বাশার বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন না। এখনও নেই।

বিচার্য যখন ওয়ানডে ক্রিকেট, তখন এটাই হাবিবুল সম্পর্কিত মুল্যায়ন।

হাবিবুল বাশার বাংলাদেশের সবচেয়ে বাজে ব্যাটসম্যান। ছিলেন। এবং আছেনও।

এটা তখনকার বিবেচনা যখন বিচার হবে বিশ্বকাপ ক্রিকেট দিয়ে।

হাবিবুল বাশার বাংলাদেশের সফলতম অধিনায়ক। আছেন। থাকবেনও বোধহয় আরও বেশ অনেকদিন।

হাবিবুল বাশার সম্পর্কিত এই বহুমুখী মুল্যায়নে বিভ্রান্ত হয়ে যাওয়ারই কথা। কিন্তু যোগ-বিয়োগে ঘটনা আসলে এমনই। টেস্টে দুই হাজারের বেশি রান, তিনটি সেঞ্চুরি এবং ২৪টি ফিফটি নিয়ে হাবিবুল যে জায়গায় তার ধারে-কাছেও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। ওয়ানডেতেও দুই হাজার পেরোনো একমাত্র ব্যাটসম্যান তিনি, সর্বোচ্চ ১৪টি ফিফটিও তার, কিন্তু মাত্র ২১-এর বেশি কিছু গড় পুরোনো আমলের বাংলাদেশের জন্য একটা ব্যাপার হতে পারে। এই বাংলাদেশ দলে এটা মানায় না। অধিনায়ক হিসেবে তো আরও বেমানান। এবং বিশ্বকাপ। গত বিশ্বকাপে দুটো ইনিংস খেলে দুটোতেই শুন্য করে বিশ্বকাপের সঙ্গে সেই যে তিক্ত সম্পর্ক শুরু হয়েছিল সেটা এই বিশ্বকাপেও অটুট। ৭ ম্যাচের ৬ ইনিংস শেষে দেখা যাচ্ছে তার রান ৬১, গড় ১০-এর বেশি কিছু। বোলার হলে ঠিক আছে, কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য এই পরিসংখ্যান লজ্জারই। আর বাংলাদেশের এই দলের অধিনায়কের জন্য এই পরিসংখ্যান কলংকচিহ্নই। আর অধিনায়কত্ব! টেস্ট ক্রিকেটের একমাত্র জয় তার নেতৃত্বেই। ওয়ানডেতেও বাংলাদেশের ৩৬টি জয়ের ২৯টিতেই যিনি অধিনায়ক তার নাম হাবিবুল বাশার।

বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজে যেসব প্র্যাকটিস ম্যাচ, সেগুলো এবং তার আগে জিম্বাবুয়ে-কেনিয়ার বিপক্ষে সীমিত সুযোগেও হাবিবুল যা করেছেন তাতে মনে হচ্ছিল বড় একটা সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা বলতে, বাংলাদেশের এই তরুণ দলটির আরও কিছুদিন ছায়া দরকার। আর হাবিবুল গত আড়াই বৎসরে ব্যাটসম্যান হিসাবে যেমনই করুন, এই দলটার কাছে এমন এক ‘বড় ভাই’ হয়ে উঠেছেন যে তিনি না থাকলে দলটা যেন পুরো অভিভাবকহীন। আর সেজন্য এমনকি দলের খেলোয়াড়দের কেউ কেউও নিজের সঙ্গে হাবিবুলেরও সাফল্য চান।

বিশ্বকাপে নিজে মোটামুটি রান পাচ্ছেন এমন একজন ব্যাটসম্যান আফসোস করছিলেন,“আমি চাই সুমন ভাই রান পাক। সুমন ভাই রান না পেলে পুরো দলের জন্য একটা সমস্যা।” সেই সমস্যার একটাই সমাধান-হাবিবুলের ব্যাটের রান। হাবিবুল নিজেও জানেন, “আমি জানি, দলের স্বার্থে আমার আরও কিছুদিন থাকা প্রয়োজন। কিন্তু আমি সবসময়ই থাকতে চাই পারফর্মার হিসাবে। কাজেই আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। অনেক বেশি। আমি সেটা করবো।” বলছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতার পর দেয়া সাক্ষাৎকারে। কিন্তু হচ্ছে না যে কিছু!

ব্যাটিং অর্ডার বদলে তিন নাম্বারে উঠে এসেছিলেন, ওটা তার অনেকদিনের পুরনো পজিশন, তাছাড়া ওখানে সময়ও বেশি পাওয়া যায়, কিন্তু তারপরও দুই ম্যাচেই রান নেই। ভাগ্যেরও একটা দায় থাকছে। বিশ্বকাপের ছয়টা ইনিংসের তিনটিতেই তিনি রান আউট। আর রান না পাওয়াজনিত যে আত্মবিশ্বাসহীনতা, সেটা তার ব্যাটিংয়ে এমন প্রভাব বিস্তার করেছে যে তার চিরাচরিত সৌন্দর্যটাই হারিয়ে গেছে। যে আয়েশী সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল তার ব্যাট, এখন সেই ভঙ্গিটাকে মনে হয় অক্ষমতা। মনে হয়, বয়স ক্ষমতাটাকে কেড়ে নিয়ে তাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে সীমান্তরেখায়। সূর্যাস্তের বাকি নেই বেশি। এবং ভুল মনে হয়। কারণ, স্মৃতি ঘেটে দেখছি, তার ব্যাটিংয়ের ধরণটাই এমন যে পুরো ফর্মে থাকার সময়ও যে দুয়েকদিন রান পেতেন না তখন দেখে মনে হতো, “এ কী সত্যিই কোনোদিন ব্যাট করেছে! পা নেয় না। বল বুঝতে পারে না।” কিন্তু পরের ম্যাচে আবার পা না নিয়ে গেলেও চলেছে। মনে হয়নি, বয়সের কাছে বিলীন হয়ে গেছে তার রিফ্লেক্স।

হাবিবুল তার ক্যারিয়ারভরই মানুষ এবং মানুষের ভাবনাকে ভুল প্রমান করে এসেছেন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় এমনকি নির্বাচকদেরও মনে হয়েছিল, দলে থাকার যোগ্যতা তার নেই। মিডিয়া আর মানুষের চাপের মুখেই দলে। তারপর তো বাংলাাদেশের ক্রিকেটের রথ ঘুরেছে তাকে চাকা বানিয়েই। টেস্টে যেমন চলেছে ওয়ানডেতে অতটা নয়। তবু ওয়ানডেতেও তিনি তখনকার আর সবার চেয়ে এগিয়ে। তার সিনিয়ররা সব বিদায় নিয়েছেন, সমবয়সীদের কেউ কেউ এখন পেশাই বদলে ফেলেছেন। কিন্তু হাবিবুল সিনিয়র-সমবয়সীদের পর তুলনায় অনেক কম বয়সীদের সঙ্গে যথাযথ লড়াই করেই দলে। কিন্তু বিশ্বকাপে এসে যেন মনে হচ্ছে, তার ব্যাটেও বেলা শেষের গান। হাবিবুল মানছেন না,“আমি কিন্তু এই বিশ্বকাপের আগেই ভালো ফর্মে ছিলাম। এখানে প্র্যাকটিস ম্যাচগুলোর পারফরম্যান্স দেখুন। বিশ্বকাপে এসে কেন যেন হচ্ছে না। খারাপ সময়ে ভাগ্যটাও পক্ষে থাকে না। তিনটা ম্যাচে রান আউট হলাম। আমি নিশ্চিত, একটা বড় ইনিংস খেললেই সব ঠিক হয়ে যাবে।”

সেই ভালো ইনিংসের জন্য বাড়তি যে চিন্তা দরকার, নিজেকে সময় দেয়ার জন্য যেটুকু সময় দরকার, অধিনায়কত্বের জন্য সেটা আবার হয়ে উঠছে না। সমস্যাটা তাই দ্বিমুখী। দলের স্বার্থেই তার রান দরকার। আবার দলের স্বার্থেই নিজেকে নিয়ে মগ্ন হয়ে থাকার সময় নেই,“সত্যি বললে কিছুটা তো প্রভাব থাকেই। আগে আমি যখন খেলতাম, তখন নিজের খেলাটা নিয়ে ভাবতাম। একটা ইনিংস রান না পেলে শুধুই ভাবতাম, কী কী ভুল করেছিলাম। এখন তো সময় একটু কম।” তার হাতে সময় কম। এদিকে আবার সময় বয়ে যাচ্ছে।

কিন্তু আসলে কী সব শেষ হয়ে যাচ্ছে? অধিনায়কত্বের জন্য হাবিবুল যে দলের পেছনে বাড়তি সময় দিচ্ছেন, তার আমলেই যে বাংলাদেশের ক্রিকেট গায়ের ছেড়া কাপড় ফেলে সুবেশ ধারণ করেছে তার কি কোনো দামই নেই! ক্রিকেট অধিনায়করা সবসসয়ই একটু বাড়তি সময় এবং সুযোগ পেয়ে থাকেন। দল ভালো খেললে সেই সুযোগটা আরও বেশি পাওনা হয়। সেদিন আফসোস করে বলছিলেন,“দল তো ভালো করছে। আমাদের যারা খারাপ ফর্মে আছে তাদের তো আরেকটু সময় দেয়া উচিত।” ক্রিকেটের চিরন্তনবোধই এই দাবির পক্ষের সবচেয়ে বড় যুক্তি, চাইলে ছড়িয়ে থাকা আরও বহু উদাহরণ জড়ো করা যায়। এই বিশ্বকাপ ক্রিকেটেই টানা ব্যর্থ হয়ে যাওয়ার পরও বহু ব্যাটসম্যান ঠিক ঘুরে দাঁড়িয়েছেন। মার্ক টেলরকে অস্ট্রেলিয়া ম্যাচের পর সুযোগ দিয়ে গেছে তার ফর্মে ফেরার প্রার্থনা করতে করতে।

বাংলাদেশের ব্যাটিংয়ের ভার দীর্ঘদিন একা বহন করা, অধিনায়কত্ব নিয়ে দলকে নতুন দিকের খোঁজ দেয়া হাবিবুলকে আরেকটু সময় আমাদের দিতেই হবে। এবং এটা তার জন্য যত না তার চেয়ে বাংলাদেশ দল আর বাংলাদেশ ক্রিকেটের জন্য।

হাবিবুল-বিরোধীতার সময় এটা একটুও নয়। সময় বরং হাবিবুলের রানে ফেরার প্রার্থনার।