২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রায়ান লারাদের পাশে উইন্ডিজ বোর্ড সভাপতি

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে-এখন পর্যন্ত তেমনটা দেখা না গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি (ডব্লুআইসিবি) কেন গর্ডনের দাবি এমনটাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিশ্বকাপে স্বাগতিকরা দারুণভাবে ব্যর্থ। সেমিফাইনালে তাদের জায়গা না পাওয়ার আশঙ্কাই বেশি। সুপার এইটে টানা চার হারের আগে থেকেই তারা সমালোচনার তীরে বিদ্ধ। পরিবর্তনের দাবি যখন চারপাশে, তখন বোর্ড প্রেসিডেন্ট কেন গর্ডন বলেছেন, ‘‘বিশ্বাস করা ভালো যে সেটা শুরু হয়ে গেছে।’’ খুব সংক্ষিপ্ত করে এটা বলা হলেও এর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি গর্ডন।

ক্যারিবিয় দ্বীপপুঞ্জের একটি সংবাদপত্রের সম্পাদকীয়তে উঠেছে খোদ বোর্ড প্রেসিডেন্ট কেন গর্ডনের পদত্যাগের দাবি। ওটাকে খুব ‘হালকা বিচার’ হিসেবে দেখছেন গর্ডন। তার কথায়, ‘‘এক মুহূর্তের জন্য যদি আমার মনে হয় যে আমি পদত্যাগ করলে পরিস্থিতির জন্য তা ভালো হবে, তাহলে আমি দ্বিধা করবো না।’’

দল এবং অধিনায়ক ব্রায়ান লারার পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বিশ্বকাপের মাঝপথে যারা দল ও লারার সমালোচনা করেছেন তাদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তিনি, ‘‘যখন আপনার একটাই উদ্দেশ্য থাকে যে শুধু আক্রমন, আক্রমন আর আক্রমন করতে হবে। তাহলে সেটা কারো জন্যই ভালো কিছু বয়ে আনতে পারে না। অন্তত এরকম সময়ে তো না-ই।’’

গর্ডনের মতে মিডিয়া ও ধারাভাষ্যকারদের মধ্যে যারা দলকে আক্রমণ করে গেছেন, আসলে তারা দলের মনোবল কমিয়েছেন। বিশ্বকাপের মতো আসরের মাঝপথে এমন সমালোচনা করা উচিত নয় বলে মনে করেন তিনি। তার মতে, বিশ্বকাপ শেষ হলে তো অফুরন্ত সময় পাওয়া যাবে সবকিছু বিশ্লেষন করার ও সমালোচনার। গর্ডনের ভাষায়, ‘‘এরকম একটা সিরিজের মাঝপথে দল ও অধিনায়ককে সমালোচনায় বিদ্ধ করা পুরোপুরি অন্যায় কাজ। এমন সময় তো আসবে যখন বিশ্লেষনে কোনো বাধা থাকবে না। কিন্তু এই সময়ে প্রয়োজন একটু যত্ম, যথাযথ বিচার ও সময়জ্ঞান।’’

ব্রায়ান লারা নিজেই জানিয়েছেন, বিশ্বকাপই তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট। এরপর শুধু টেস্টেই দেখা যাবে তাকে। তবু দলের পারফরম্যান্সের কারণে তার পদত্যাগের দাবি তুলতে বাঁধছে না অনেকের। এটাকে বালখিল্যসুলভ ও অবিচার হিসেবে অভিহিত করে গর্ডনের বক্তব্য, ‘‘এটার মুখোমুখি হতে হবে। ম্যানেজমেন্ট তাকে (লারা) ওই পদে বসিয়েছে। সময় এলে এর জন্য দায় নিতে রাজি আমি নিজেই।’’

গর্ডন অবশ্য নিজেই মানছেন, কিছু কিছু ব্যাপারে ‘ভুল সিদ্ধান্ত’ নিয়ে ফেলেছেন লারা। তবে সেসব সিদ্ধান্তের ব্যাপারে কথা বলার জন্য এটাকে আদর্শ সময় মনে করেন না গর্ডন। তিনি বলেছেন, ‘‘কোনো ম্যাচে তারা ৫০ রানের মধ্যে অল আউট হয়ে যাক, এটাই কি আপনাদের চাওয়া? তাদেরকে তাদের মতো করে খেলতে দিন।’’

তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার দুঃখটা ঠিকই বাজছে খোদ প্রেসিডেন্ট কেন গর্ডনের বুকে, ‘‘দু বছর আগে দলটার তো কোনো আশাই ছিল না। তারা ছিল সবার নিচে।” মাঝে পরিবর্তন এসেছে এবং দলই দেখিয়েছে আশার আলো-একথা জানিয়ে গর্ডনের আফসোস, ‘‘আমরা সবাই জানি, নিজেদের সেরা দিনে দলটি যে কাউকে হারাতে পারে। কিন্তু বাস্তবতা এটাই যে দলটির সামনে সেরা দিন আসেনি। অনেক পথ হেঁটে এসেছি আমরা। চাওয়া ছিল, শীর্ষস্থানটি ফিরে পাওয়ার। কিন্তু তা ঘটলো না।’’

cricinfo-এর সহায়তায়