২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু টিম ম্যানেজমেন্টের মন পেলেন না আশরাফুল

বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংসটি খেলার সুবাদে আশরাফুল একটা পুরস্কার পেয়েছিলেন। ম্যান অফ দি ম্যাচ। এটা টুর্নামেন্টের পক্ষ থেকে দেয়া পুরস্কার। তার দলও তাকে একটা পুরস্কার দিল। ব্যাটিং অর্ডারে আরও নীচে নামিয়ে দিয়ে। বিষয়টা আগে থেকেই বিস্ময়কর, কিন্তু এই ইনিংস খেলার পর সেটা এমন বিস্ময়কর যে বিদেশী সাংবাদিকরাও তাদের ক্রিকেটবোধ থেকে কিছু বুঝতে না পেরে বাংলাদেশিদের দ্বারস্থ হলেন। তারাই বা কী বলবেন! বাংলাদেশ ক্রিকেট দল আশরাফুলের সামর্থ্যকে কাজে লাগানোর ক্ষেত্রে এমন অভূতপূর্ব ক্রিকেটমেধা ব্যবহার করছে যার কোনো ব্যাখ্যাই হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 01:06 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

জাভেদকে বাদ দিয়ে এই ম্যাচে শাহরিয়ার নাফীসকে ফেরানো হলো, আনুষ্ঠানিক কারণ, “শাহরিয়ার নাফীসের মতো ব্যাটসম্যানদের দীর্ঘসময় বসিয়ে রাখা ঠিক নয়।” কিন্তু এটাও কারণ যে জাভেদ ওমর ধীরগতির ব্যাট করায় তার ওপর টিম ম্যানেজমেন্ট পুরো সন্তুষ্ট ছিল না। তার ধীর গতির কারণে পরের ব্যাটসম্যানদের ওপর চাপ পড়ে যায়, তাছাড়া পাওয়ার প্লের সুবিধাও তিনি ঠিক নিতে পারেন না। যুক্তি ঠিক এবং এটাও ঠিক গত এক-দেড় বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের সেরা পারফরমার শাহরিয়ারকে আরেকটা সুযোগ দেয়া উচিতই ছিল। কিন্তু জাভেদকে যদি বসিয়ে রাখা হয়, তাহলে কেন মুশফিকুর রহিমকে আগে পাঠানো হবে! তিনি উইকেটের পতন ঠেকাবেন! ওয়ানডেতে চার নম্বরে মাঠে আসা একজন ব্যাটসম্যানের কাজ হলো উইকেটের পতন ঠেকানো-এমন তথ্য বাংলাদেশ দলই সম্ভবত প্রথম জানালো ক্রিকেট দুনিয়াকে। চিন্তা আর গবেষণার এ এক নতুন দিগন্ত। ডেভ হোয়াটমোর অবশ্য পারলে মুশফিুককে দিয়ে ওপেনও করাতে চান বলে খবর, তা কোচ হিসাবে যে কোনো কিছু তিনি চাইতেই পারেন, কিন্তু তাহলে জাভেদকে বাদ দেয়ার যুক্তি আবার মেনে নেয়া যায় না।

আর মুশফিকুর ঠেকাবেন, এর মানে কী আশরাফুল-আফতাবরা বেসবল খেলোয়াড়! ওরা একেবারে ঠেকাতেই জানেন না! মুশফিক কাল ব্যাট-প্যাড ডিফেন্স করে যেভাবে বোল্ড হলেন, তারচেয়ে একজন ব্যাটসম্যান শট খেলে যদি টিকে থাকতে পারে তাহলে নিশ্চয়ই ফৌজদারি অন্যায় হয়ে যায় না! ভাবা যায়, আফতাব-আশরাফুলের মতো ব্যাটসম্যান আছেন যে দলে তাদের হয়ে পাওয়ার প্লেতে খেলছেন সাকিব-মুশফিকুর! আফতাবকে কাল খেলতে হলো সাত নম্বরে!

বিশ্বকাপের বাংলাদেশ দলকে ঘিরে সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হলো আশরাফুল কেন এত নীচের দিকে ব্যাট করেন! টিম ম্যানেজমেন্টের যুক্তি আশরাফুলকে এক ধরনের শাস্তি হিসাবেই ছয় নাম্বারে পাঠানো হয়েছে, যাতে তিনি নিজের উইকেটের গুরুত্বটা বোঝেন! আশরাফুল এবং দলের স্বার্থে; তাকে ফিরে পেতেই এই পুনরুদ্ধার প্রকল্প। তা গত ম্যাচে আশরাফুল নিজেকে ফিরে পাওয়ারও তাহলে কেন তাকে আরেক ধাপ নামানো?

ওদের ক্রিকেট বোধ কী বলে কে জানে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সিংহভাগই মনে করেন এই দলের মধ্যে সেরা ডিফেন্সিভ টেকনিক আশরাফুলের। আশরাফুল সবসময় খেলবেন না, খেলা সম্ভব নয়, কিন্তু যেদিন খেলবেন সেদিন এমন একটা কিছু হবে যেটা আর কেউ ঘটাতে পারবে না। জানা জিনিসটা গত ম্যাচে আবার জানার পরও এই কাণ্ড ভাবা যায় না!

ক্রিকেটে, বিশেষত ওয়ানডে ক্রিকেটে সহজ হিসাব হলো দলের সেরা ব্যাটসম্যানকে যত বেশি সম্ভব খেলার সুযোগ দাও। ওপেনার হলে ভালো, কিন্তু আশরাফুল যখন ঐ জায়গাটায় স্বস্তি বোধ করতে পারেন না তখন অবশ্যই তার জায়গা হওয়া উচিত চার। চার নাম্বারে সব দেশেই তাদের সেরা ব্যাটসম্যানরা খেলেন, এবং একইসঙ্গে তাকে পাওয়ার প্লেতে খেলার মতো সক্ষমও হতে হয়। আশরাফুল তো সব শর্তই পূরণ করেন।

একটা যুক্তি দেখানো হয় সাকিব এত ভালো খেলছেন যে তাকে সরানো ঠিক হবে না। এ ম্যাচেও সাকিব অসাধারণ খেললেন, তবে মুশফিককে চারে পাঠিয়ে তাকে কিন্তু খেলানো হলো পাঁচে! আর একটা তফাত তো আছেই। আশরাফুল খেললে বাংলাদেশ দল জেতার জায়গায় যাবে, সাকিব খেললে বাংলাদেশের সম্মান বাঁচবে।

বাংলাদেশ মুখে বলে জেতার জন্য খেলে। কিন্তু মনের কথা আর মুখের কথা বোধহয় এক নয়।