২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে পারা গেলে ইংল্যান্ড কেন নয়!

ওয়েস্ট ইন্ডিজে লাগান-এর মতো কোনো ছবি তৈরি হয়েছে এমন খবর নেই। দরকারও নেই আসলে। ক্রিকেট দিয়ে ক্রিকেট আবিষ্কারকদের এত এত শিক্ষা ওরা দিয়েছে যে সিনেমার চেয়ে বাস্তবটা অনেক বেশি রং ঝলমল। কিন্তু বাংলাদেশ আর ইংল্যান্ডের ক্রিকেট সম্পর্কে রোমান্টিকতার উদাহরণ এখনও বোধহয় আমির খানের সেই সিনেমাটাই। ইংলিশ প্রভুদের যে ক্রিকেট শিক্ষা দেয়ার কোনো ঘটনা বাংলাদেশ মাঠে আজও ঘটায়নি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দক্ষিণ আফ্রিকার মতো ইংল্যান্ডকেও বাংলাদেশ হারায়নি কোনোদিন! দক্ষিণ আফ্রিকার দিন তবু খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ব্যখ্যা মিলছিল। দক্ষিণ আফ্রিকা সুইচ টেপা মেশিনের মতো যান্ত্রিক ক্রিকেট খেলে, সেই যান্ত্রিকতার জবাব বাংলাদেশের নেই, কাজেই...। বাংলাদেশের ক্রিকেট-উত্থানের পর থেকেই ইংল্যান্ড সমস্যাজর্জর দল। কিন্তু কেন যেন কখনো হয়নি। ব্যখ্যা নেই। আবার বাংলাদেশের এই দলের চরিত্রই তো ব্যখ্যার অতীত। যা অতীতে ঘটেনি তাই তারা একের পর ঘটিয়ে যাচ্ছে এবং ক্লান্ত হচ্ছে না একটুও। দক্ষিণ আফ্রিকাকে আগে কখনো হারানো যায়নি, ইতিহাসের সেই কালিটা আগের ম্যাচেই মুছে গেছে। এবার সামনে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতোই তারাও অধরা দল, কিন্তু অধরাকে ধরাই তো বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নতুন ধর্ম।

আর পৃথিবীর ইতিহাসের মতো ওয়েস্ট ইন্ডিয়ান এই দ্বীপগুলোর বুকেও লেগে আছে বৃটিশ আধিপত্যবাদী মানসিকতার চিহ্ন। যেখানেই ভূুমি, যেখানেই জমি, সেখানেই তারা। উদ্দেশ্য বানিজ্য এবং বিস্তারের নেশা। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও তো ঠিক যে এসব দেশে ক্রিকেট নামের খেলাটা তারাই ছড়িয়েছিল। এই ওয়েস্ট ইন্ডিজে আখচাষের শ্রমিক আর ক্রীতদাস হিসাবেই তারা আমদানি করেছিল ভারতীয় আর আফ্রিকানদের। ওয়েস্ট ইন্ডিয়ানরা তাদের কাছেই ক্রিকেট শিখেছে, শিখে তাদের অস্ত্রেই তাদের ঘায়েল করেছে বছরের পর বছর। একই কাজ করেছে ভারত-পাকিস্তানও। এই ঐতিহাসিক জবাবটা বাংলাদেশেরও কি দেনা নয়! বাংলাদেশ পারেনি। পারার দিন কি বুধবার?

শুরুটা বিশ্বকাপে হলে দারুণ একটা ব্যাপার হয়। সবাইকে দেখিয়ে, সবার সামনে....। বাংলাদেশের এই দলটি এমনই ব্যখ্যা আর ব্যাকরণবহির্ভুত ক্রিকেট খেলছে যে ভবিষ্যদ্বানী করাটাই একটা মুশকিলের কাজ। মানসিক শক্তি, সাহস দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এই ম্যাচে অনেক বেশি থাকার কথা। কিন্তু মনে রাখুন সেটা শ্রী লংকার সঙ্গে ম্যাচের আগেও ছিল। বাংলাদেশ মাঠে একেবারে ডুবে গেছে। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে এমন হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন সতেজ দল!

হাবিবুল বাশারকে বিষয়টা ধরিয়ে দিতেই তিনি একটা ব্যখ্যা দেয়ার চেষ্টা করলেন,“আসলে ভারতের সঙ্গে ম্যাচের পর আমরা একটু বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। প্রথম ম্যাচ জেতার পর আমাদের মনে হচ্ছিল এই ম্যাচ জেতাটাও যেন আমাদের দায়িত্ব। তাই...।” এবার বিষয়টা কিরকম? “এবার আর আমরা চাপ নিচ্ছি না। লোকে সেমিফাইনাল এটা-সেটা বলছে, কিন্তু আমরা হিসাব করছি ম্যাচ ধরে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, খেলোয়াড়রা দেশে ফিরতে চায় মাথা উঁচু করে। যা কিছু পেয়েছি তাকে কোনোভাবেই হারিয়ে ফিরতে চাই না।” ভারত-শ্রী লংকা ম্যাচ দুটোর আকাশ-পাতাল পারফরম্যান্স এই শিক্ষাও দিয়েছে যে ক্রিকেটে আলো আর অন্ধকার কতো কাছাকাছি। সেই শিক্ষাটা এই ম্যাচের আগে মাথায় থাকছে। এটা নতুন ম্যাচ। নতুন করে সবকিছু। আগের ম্যাচের কিছুই এই ম্যাচে আর গন্য হবে না।

পুরো দেশের মতো বাংলাদেশ দলেও এটা একটা তর্কের বিষয় যে গত দুই ম্যাচের ওপেনিংটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? দৃশ্যত খুবই ভালো, শুরুতে উইকেট পড়েনি। কিন্তু আবার এটাও তো ঠিক যে তখন রান এত কম হয়েছে যে পরের ব্যাটসম্যানদের ওপর চাপটা অনেক বেশি পড়ে যায়। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে সেটাই বাংলাদেশ দলকে পথভ্রষ্ট করেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে করেনি, কারণ আশরাফুল। যে অসাধারণ ইনিংসটি তিনি খেলেছিলেন সেটা রোজ রোজ হবে না, তাই এই ইনিংস ধরে কোনো হিসাব চলে না। হিসাব হতে হবে স্বাভাবিক শক্তি আর ক্রিকেটবোধকে সামনে রেখে। আর সেজন্যই এমনকি ‘উইনিং কম্বিনেশন’ ভেঙ্গেও দেয়া হতে পারে। জাভেদের জায়গায় ফিরতে পারেন শাহরিয়ার নাফীস, যেমন তিন স্পিনার ক্যারিবিয়ানে বাংলাদেশ দলের পোস্টার হয়ে গেলেও বার্বাডোজের কেনসিংটন ওভালের উইকেট না দেখা পর্যন্ত তাদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। শেষ মুহুর্তে উইকেট এবং উইকেটের চরিত্র দেখে ঠিক হবে তিন স্পিনার না তিন পেসার।

বলছিলাম ‘লাগান’ ছবিটার কথা। ‘লাগান’ ঠিক যতোটা না ক্রিকেট তার চেয়ে বেশি জাতীয়তাবোধের প্রতীক। সেখানে ক্রিকেটের আগে ইতিহাসের দেনা। অংকের আগে রোমান্টিকতা। আর এই হিসাবে তো বাংলাদেশের ক্রিকেট এখন ‘লাগান’ ছবির চিত্রনাট্যের মতো। নিয়তি আর নিয়মকে অগ্রাহ্য করা এক অবিশ্বাস্য কল্পকাহিনী। আর কল্পকাহিনীতে তো সবই সম্ভব। পরপর দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডকে হারানোও।

সত্যিই ক্যারিবিয়ানের বাংলাদেশের ক্রিকেট কল্পলোকের কল্পনাকেও হার মানানো। সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি রোমান্টিকতা তার বাস্তবতায়।