স্বাগতিকদের বিদায় প্রায় নিশ্চিত
সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। গ্রেনাডায় সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার করা ৩৫৬ রান টপকাতে হবে। খুব কঠিন শর্ত, তারপরও সমর্থকরা আশায় ছিল লারা-গেইল-চন্দরপল-সারওয়ানদের দিকে চেয়ে। কেবল সারওয়ানই আশার প্রতিদান দিয়েছেন, বাকিরা পারেননি বোলারদের ব্যর্থতা ভুলিয়ে দিয়ে রেকর্ড গড়ে স্বাগতিকদের জয় উপহার দিতে। আর এই ব্যর্থতার সঙ্গে শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ-স্বপ্নও। দক্ষিণ আফ্রিকার কাছে ৬৭ রানে হেরে গিয়ে সুপার এইট থেকে নিজেদের বিদায় অনেকটা নিশ্চিত করে ফেলেছে মাত্র ২ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ, বাকি আছে তাদের সুপার এইটে দুটো ম্যাচ । তারা ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৮৯ রান। এই জয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বেড়ে হয়েছে ৬ পয়েন্ট, মানে সেমিফাইনালের পথে তারা আরো একধাপ এগিয়ে গেছে।
দলের স্কোর যখন মাত্র ৫ তখনই শন পোলক আঘাত হেনেছেন; উইন্ডিজ ওপেনার চন্দরপলকে (৪) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে গেইল ও স্মিথ দ্রুতগতিতে রান তুললেও ৬৫ রানের মাথায় আন্দ্রে নেলের বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ডেভন স্মিথ (২৭ বলে ৩৩)। তার একটু পরেই হার্ড হিটার ক্রিস গেইলও রান আউট হয়ে গেছেন ৩৫ বলে ৩২ রান করে।
তারপরও ওয়েস্ট ইন্ডিয়ানদের আশা ব্রায়ান লারা আছেন, যার ব্যাটে আছে অসম্ভবকে সম্ভব করে তোলার অসাধারণ ক্ষমতা। কিন্তু সত্যি হচ্ছে দলের চরম দুঃসময়েও প্রয়োগ দেখাতে পারেননি সেই ক্ষমতার, সারওয়ানকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান যোগ করেই ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক বোল্ড হয়ে গেছেন জ্যাক ক্যালিসের বলে। ২৬ বল খেলে ২১ রান করেছেন তিনি। তারপর একদিকে সারওয়ান একাই লড়ে গেছেন, অন্যপ্রান্ত থেকে কেউ আর সেভাবে সঙ্গ দিতে পারেননি। ব্রাভো (৬), পোলার্ড (১০), রামদিন (৭) আউট হওয়ার পর সারওয়ানও আত্মসমর্পন করেন রানের চাপের কাছে। ৩৯-তম ওভারে মাখায়া এনটিনিকে উড়িয়ে মারতে গিয়ে তিনি মিডঅফে শন পোলকের হাতে ক্যাচ তুলে দিয়ে নিজেকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন। তার ৭৫ বলে ৯২ রানের ইনিংসে আছে ১০টি চার ও একটি ছক্কা।
২১৩ রানের মাথায় সারওয়ান আউট হওয়ার পর জয়ের আনুষ্ঠানিকতাটুকুই কেবল বাকি ছিল দক্ষিণ আফ্রিকার। তখনই চার-ছক্কা মেরে সমর্থকদের একটু আনন্দ দিয়ে গেছেন ড্যারেন পাওয়েল। ৩টি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করা অপরাজিত এই ব্যাটসম্যানই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ! অথচ তার মূল পরিচয় বোলার হিসেবে, তিনি চালিয়ে খেললেও ব্র্যাডশ ৪৫ বলে খেলে করেছেন মাত্র ২০ রান। দক্ষিণ আফ্রিকার শন পোলক, জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথ নিয়েছেন দুটি করে উইকেট।
তার আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসের পুরোটাই হচ্ছে ব্যাটসম্যানদের গৌরবগাঁথা। জ্যাক ক্যালিস পাননি অল্পের জন্য, কিন্তু এবি ডিভিলিয়ার্স ঠিকই পেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছেন তিনি। দ্বিতীয় উইকেটে এই দুজনের ১৭০ রানের জুটিতে পাওয়া ভিত্তির ওপর শেষ দিকে সৌধই গড়েছেন হার্শেল গিবস-মার্ক বাউচাররা। সুবাদে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৬ রান তুলেছে তারা।
২১ রানে প্রথম উইকেট পতনের পর জুটি বেঁধে ক্যালিস (৮১) আর ডিভিলিয়ার্সই (১৪৬) স্কোরটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। ইনিংসের ৩৬তম ওভারে ক্যালিসকে বোল্ড করে দিয়ে ক্রিস গেইল যখন এই জুটি ভাঙ্গেন, ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দুশো ছুঁই ছুঁই। ৮৬ বলে ৮১ রানের ইনিংসে একটি ছক্কা আর ছয়টি বাউন্ডারি মেরেছেন ক্যালিস। অথচ ৪০ রানেই ফিরে যেতে পারতেন তিনি। নিজের প্রথম ওভারে ১৮ রান দেওয়া ডোয়াইন ব্র্যাভোর দ্বিতীয় ওভারে উইকেটের পিছনে একটা ক্যাচ দিয়েছিলেন, সেটা রাখতে পারেননি দিনেশ রামদিন।
তিনি সেঞ্চুরি না পেলেও ভুল করেননি ডিভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিয়ান ফিল্ডারদের দুর্বল থ্রোয়ের কল্যাণে দু’দুবার রান আউট হতে হতে বেঁচে গিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছেন তিনি।
এই জুটির আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে নিতে ভুলেই গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ব্রায়ান লারা। ক্যালিসের বিদায়ের পর নেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু এরপর ডিভিলিয়ার্স এমনই রুদ্্রমূর্তি দেখাতে শুরু করেছেন যে সেটা আর তখন নেওয়ার সাহস পাননি লারা। যখন নিয়েছেন, সেটা হয়ে উঠেছে বুমেরাং।
৪৪তম ওভারে পাঁচটি ছক্কা ও ১২টি বাউন্ডারিতে সাজানো ডিভিলিয়ার্সের ১২৯ বলের ইনিংসটা শেষ হওয়ার পর তৃতীয় পাওয়ার প্লে নিয়েছেন লারা। আর ফিল্ডিং বাধ্যবাধকতার পুরো সুবিধা কাজে লাগিয়ে ৪৫ থেকে ৪৯তম ওভারে ঝড় বইয়ে দিয়েছেন গিবস ও বাউচার। ওই পাঁচ ওভার থেকে তারা তুলে নিয়েছেন ৭৭ রান। শেষ ওভারে ব্র্যাভোকে রিটার্ন ক্যাচ দেওয়ার আগে মাত্র ২৩ বলে ৫২ রান করেছেন বাউচার, দুটি বাউন্ডারির সঙ্গে মেরেছেন পাঁচটি বিশাল ছক্কা। তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে ৪১ বলে ৬১ রান নিয়ে অপরাজিত ছিলেন গিবস।
এর আগে দ্বিতীয় স্পেলের প্রথম বলেই ডিভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কোরি কলিমোর। ১০ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি, অন্য বোলারদের কেউই ওভারপিছু সাড়ে ছয়ের কম রান দেননি। সবচেয়ে দুর্দিন গেছে ব্র্যাভোর, ১ উইকেট নিয়ে ৭ ওভারেই ৬৯ রান দিয়েছেন এই মিডিয়াম পেসার।
প্রথম দশ ওভারে কিন্তু টস জিতে ফিল্ডিং নেওয়া ব্রায়ান লারাকে একেবারে হতাশ করেননি কোরি কলিমোর, ড্যারেন পাওয়েলরা। দক্ষিণ আফ্রিকাকে প্রথম বেঁধেই রাখেননি তারা, কলিমোর ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথকেও। উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন স্মিথ (৮), কলিমোর বুদ্ধিদীপ্ত এক স্লোয়ারে বোকা বানিয়েছেন তাকে। ব্যাটের কানায় লেগে বল জমা পড়েছে উইকেট কিপারের গ্লাভসে। ১০ ওভারে ওই একটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৫।
তবে গ্রায়েম স্মিথের ফিরে যাওয়াটা যদি একটা ধাক্কা হয়, তাহলে বলতে হবে সেই ধাক্কা খেয়েই গতি পেয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১০ থেকে ১৫, এই পাঁচ ওভারে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন জ্যাক ক্যালিস। বাধ্য হয়েই ব্রায়ান লারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত তৃতীয় পাওয়ার প্লে না নেওয়ার। ফিল্ডিং ছড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিয়ানরা রানের চাকায় খানিকটা বাঁধ দিলেও বিশতম ওভারেই তিন অংক ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে টিকে থাকার এই লড়াইয়ে ক্যারিবীয় দলে পরিবর্তন এসেছে তিনটি। মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ ও জেরম টেলরের জায়গায় দলে এসেছেন ডেভন স্মিথ, কিয়েরন পোলার্ড ও কোরি কলিমোর। দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন। জাস্টিন কেম্প ও শার্ল ল্যাঙ্গাফেল্টের বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন লুটস বসম্যান ও অ্যান্ড্রু হল।
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩৫৬/৪ (স্মিথ ৭, ডিভিলিয়ার্স ১৪৬, ক্যালিস ৮১, গিবস অপঃ ৬১, বাউচার ৫২, পোলক অপঃ ০, কলিমো ২/৪১, পাওয়েল ০/৭৮, ব্র্যাডশ ০/৭৩, ব্রাভো ১/৬৯, পোলার্ড ০/২০, গেইল ১/৪২, সারওয়ান ০/৩০)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৮৯/৯ (গেইল ৩২, চন্দরপল ৪, ডেভন স্মিথ ৩৩, লারা ২১, সারওয়ান ৯২, ব্রাভো ৬, রামদিন ৪, পোলার্ড ১০, ব্র্যাডশ ২০, পাওয়েল ৪৮, কলিমোর ১২, পোলক ২/৩৩, এনটিনি ১/৫৭, নেল ১/৫৪, হল ০/৪৯, ক্যালিস ২/৩৬, স্মিথ ২/৫৬)
