২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকেই প্রেরণা মানছে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম রাউন্ডে টানা তিন জয় দিয়ে যেন স্বপ্নের আকাশে উড়ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে বাস্তবের কঠিন মাটিতে তারা নেমে এসেছে সুপার এইটের প্রথম তিন ম্যাচ খেলেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা যেন ছেলেখেলাই করেছে তাদেরকে নিয়ে। সেজন্যই ব্রায়ান লারার দলের সেমিফাইনালের পথটা এখন ভীষণ বন্ধুর। শেষ চারে জায়গা করতে বাকি তিন ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই তাদের সামনে। বিশ্বকাপের স্বাগতিকদের জন্য মঙ্গলবারের ম্যাচটা তাই ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কঠিনও। শনিবার বাংলাদেশের কাছে হেরে আহত বাঘের মতো ফুসতে থাকা দক্ষিণ আফ্রিকারও যে জয়টা খুবই দরকার! তাদেরও তো লক্ষ্য সেমিফাইনাল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ব্রায়ান লারা জানেন, আর একটা ম্যাচ হেরে গেলেই বিদায়ঘন্টা বেজে যাবে তার দলের। সামনে দক্ষিণ আফ্রিকার মতো মহাশক্তিধর প্রতিপক্ষ। তবু আশা ছাড়তে রাজি নন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক,“আমি সব সময়ই এক জন আশাবাদী মানুষ। আমাদের উঠে দাঁড়িয়ে লড়াই করতেই হবে। কারণ, (ওয়ানডেতে) কি ঘটতে পারে তা তো কেউ বলতে পারে না।”

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার পর মাত্র ৬ দিনের মধ্যে ৩ টা ম্যাচ খেলার ক্লান্তিকেই পরোক্ষে দায়ী করেছিলেন লারা। ১ এপ্রিল সেই ম্যাচের পর পাওয়া ৮ দিনের বিরতিকে তিনি বাকি ম্যাচগুলোতে কাজে লাগাতে উদগ্রীব,“বেশ কয়েক দিন বিশ্রাম পাওয়ায় আমরা অস্বস্তিকর পরিস্থিতির পুনর্মূল্যায়ন করতে পেরেছি। আমাদের শুধু শেষ তিন ম্যাচের জন্য সতেজ থাকাটা নিশ্চিত করতে হবে। আমি জানি যে ড্রেসিং রুমের এবং পুরো ক্যারিবিয়ানের প্রত্যেকে এখন ভীষণ হতাশ। তবে আমাদের সব আশা এখনো শেষ হয়ে যায়নি।”

তবে অধিনায়কের মতো আশাবাদী হতে পারছেন না বেনেট কিং। সুপার এইটে তিন ম্যাচেই দলকে গুঁড়িয়ে যেতে দেখে ওয়েস্ট ইন্ডিজের কোচ একেবারে হতাশ। এবং দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদেরই আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তিনি,“ আরো বেশি দায়িত্ব নেয়া দরকার-এটা খেলোয়াড়দের, বিশেষ করে প্রথম সারির ব্যাটসম্যানদের বুঝতে হবে। আমাদের প্রথম চার ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে একদমই জ্বলে উঠতে পারেনি। সাধারণত প্রথম চার জনের কোনো একজন সেঞ্চুরি করলে একটি দল ভালো করে। এই মুহূর্তে ভালো খেলছে এমন দলগুলোর দিকে তাকালেই ব্যাপারটা বোঝা যাবে। এর মধ্যে কোনো রহস্য নেই। আমাদের শুধু কঠোর পরিশ্রম করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেদের উজাড় করে দিতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

দীনেশ রামদিন অবশ্য এত কঠিন লক্ষ্য বা ভারী ভারী কথা বলতে আগ্রহী নন। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার বরং বাংলাদেশের কীর্তির মাধ্যমে নিজেদের অনুপ্রাণিত করতে আগ্রহী। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৬৭ রানের অবিস্মরণীয় জয় থেকে অনুপ্রেরণা খুঁজে নিয়ে মঙ্গলবার সাফল্যের আনন্দে ভেসে যেতে চাইছেন তিনি,“সেই ম্যাচটা আমরা কয়েক জন মিলে হোটেলে বসে দেখেছি। দক্ষিণ আফ্রিকা সেদিন যেসব ভুল করেছে এই ম্যাচে সেগুলোকে আমরা কাজে লাগাতে চাই।”

রামদিনের আশা, বাংলাদেশের তিন স্পিনারের মতো ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও বিপদে ফেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের,“বাংলাদেশের তিন স্পিনার ওদেরকে একেবারে বেঁধে ফেলেছিল। আশা করি, আমাদের স্পিনাররা সেই কাজটা করতে পারবে।” ওয়েস্ট ইন্ডিজের এই দলে অবশ্য কোনো স্পেশালিস্ট স্পিনারই নেই। ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলসকেই সেই অভাব পূরণ করতে হয় প্রতি ম্যাচে।

লারা-রামদিনরা যা-ই বলুন না কেন, পরিসংখ্যান কিন্তু দক্ষিণ আফ্রিকাকেই বেশি অনুপ্রাণিত করবে। দু দলের ৩৯টি লড়াইয়ের মধ্যে ২৬ টিতেই বিজয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১২টিতে, অন্যটাতে কোনো ফল আসেনি। তবে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়রা এগিয়ে। মঙ্গলবারের আগ পর্যন্ত ক্রিকেটের মহাযজ্ঞে তিনটি লড়াইয়ের দুটোতেই জিতেছে তারা। এবং সেই দুই ম্যাচেই দুটো অসাধারণ সেঞ্চুরি এসেছিল লারার ব্যাট থেকে। ’৯৬ বিশ্বকাপে তার ৯৪ বলে ১১১ রানের জন্যই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা দক্ষিণ আফ্রিকা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। গত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবার লারার ১১৬ রানের একটি ‘ম্যাজিক’। সেই সঙ্গে স্লগ ওভারে রিকার্ডো পাওয়েল (১৮ বলে অপরাজিত ৪০) ও রামনরেশ সারওয়ানের (১৫ বলে অপরাজিত ৩২) দুটো ‘বিস্ফোরক’ ইনিংসের সৌজন্যে সেদিন ২৭৮ রান করে ৩ রানের নাটকীয় জয় পেয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের হাতে দক্ষিণ আফ্রিকা ‘বধের’ মতো সেই ম্যাচ দুটোও ওয়েস্ট ইন্ডিজের জন্য কম অনুপ্রেরণাদায়ক নয়!