র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো দক্ষিণ আফ্রিকা
পয়েন্টের ব্যবধান সামান্য থাকায় এমনিতেই দক্ষিণ আফ্রিকার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছিল অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে ০-৩ এ চ্যাপেল-হ্যাডলি সিরিজ হেরে এলজি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুঁইয়েছিল রিকি পন্টিংয়ের দল। তবে তাদের জায়গায় দক্ষিণ আফ্রিকার অবশ্য খুব বেশিদিন থাকা হলো না।
বাংলাদেশের কাছে হার আরো তাড়াতাড়ি সর্বনাশ ডেকে এনেছে তাদের। শনিবার ৬৭ রানের হারে ২ কমে তাদের রেটিং পয়েন্ট এখন ১২৫। আর রোববার ইংল্যান্ডকে ৭ উইকেটে হারানোয় ১২৮ পয়েন্ট নিয়ে আবার শীর্ষস্থানে ফিরে গেছে অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ে এ পরিবর্তনের খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
প্রথমে ভারত তারপর দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোয় অবস্থানে পরিবর্তন না এলেও র্যাংকিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আগে বাংলাদেশ নবম স্থানে ছিল ৪৪ পয়েন্ট নিয়ে। এখন দুই বেড়ে বাংলাদেশের পয়েন্ট ৪৬।
তবে বাংলাদেশের কাছে হেরে শীর্ষস্থান হারানোর পরও একটা স্বান্তনা ঠিকই জুটছে গ্রায়েম স্মিথের দলের। নিয়মানুযায়ী প্রতি বছরের ১ এপ্রিলের ভেতর দলগুলোর অবস্থানকে পুরস্কারের জন্য চূড়ান্ত বলে ধরা হয়। এবছর ওই সময়ের মধ্যে শীর্ষে থাকার পুরস্কার হিসেবে ১লাখ ৭৫ হাজার ইউএস ডলার ঠিকই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রানার্স আপ অস্ট্রেলিয়া পাবে ৭৫ হাজার ডলার।
২০০২ সালের অক্টোবরে র্যাঙ্কিং প্রবর্তনের পর থেকে দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল হিসেবে এবার অস্ট্রেলিয়াকে শীর্ষস্থান থেকে হটিয়েছিল। তবে পয়েন্টের ব্যবধান সামান্য হওয়ায় এই বিশ্বকাপেই এক ও দুই নাম্বার জায়গাটায় অদল-বদলের সম্ভাবনা ছিল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে অস্ট্রেলিয়া সদম্ভেই এগিয়ে চলেছে। রোববার অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ইংল্যান্ড র্যাঙ্কিংয়ের সাত নাম্বারেই রয়ে গেছে। ভারতের (১০৬) চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে থাকা ইংলিশরা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের (১০১) চেয়ে ২ পয়েন্ট এগিয়ে। সুপার এইটে নিজেদের বাকী ম্যাচগুলোতে জিতলে ব্রায়ান লারার দল নিয়ে নিতে পারে মাইকেল ভনদের জায়গাটা।
এলজি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং
র্যাঙ্ক দল পয়েন্ট
১ অস্ট্রেলিয়া ১২৮
২ দক্ষিণ আফ্রিকা ১২৫
৩ নিউজিল্যান্ড ১১৫
৪ শ্রীলঙ্কা ১১০
৫ পাকিস্তান ১১০
৬ ভারত ১০৬
৭ ইংল্যান্ড ১০৩
৮ ওয়েস্ট ইন্ডিজ ১০১
৯ বাংলাদেশ ৪৬
১০ জিম্বাবুয়ে ২২
১১ কেনিয়া ০
