এখন ভারতীয়রাও বাংলাদেশের সমর্থক!
তাদের বিশ্বকাপ প্রথম রাউন্ড থেকেই যারা শেষ করে দিলো সেই বাংলাদেশেরই সমর্থক হয়ে উঠছে ভারতীয়রা! ভারতের হারের পর কোটি কোটি ভারতীয় দর্শকের বিশ্বকাপ থেকে আগ্রহ উঠে গিয়েছিল। তাদের আগ্রহ ফিরিয়ে এনেছে হাবিবুল বাশারের বাংলাদেশ দল। এখন ভারতীয়রাও চান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ যেন সেমিফাইনালে খেলে!
গতমাসে প্রথম রাউন্ডেই ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বকাপে বড় চমক উপহার দিয়েছিল বাংলাদেশ। শনিবার সুপার এইটের ম্যাচে ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ। উপমহাদেশীয় আবেগ থেকে ভারতীয়দের অনেকেই এখন বাংলাদেশী সমর্থক। দিল্লীর ছাত্র শৌমিক বোস বললেন, ‘‘ভারত হারার পর আমি বিশ্বকাপের খেলা দেখাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ আমাকে বাধ্য করেছে আবারো আমার টেলিভিশন চালু করতে।”
আরেক দর্শক ভিনায়েক গুপ্তা উপমহাদেশের দুটি দলকেই সেমিফাইনালে দেখতে চান, ‘‘ভারত আর পাকিস্তান বিদায় নিয়েছে বলে আমার আগ্রহ শুধু শ্রীলঙ্কা আর বাংলাদেশকে ঘিরে। এশিয়ার একটি দেশ বিশ্বকাপ জিতলে দারুণ হয়।’’
৯০-এর দশকে বাংলাদেশের কোচ ছিলেন বলে আগের বাংলাদেশ দলকে ভালো জানা আছে ভারতের সাবেক ব্যাটসম্যান মহিন্দর অমরনাথের। সে কারণেই হয়তো বর্তমান দলটি দেখে অমরনাথ রোমাঞ্চিত, ‘‘দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে তারা দারুণ দেখিয়েছে। দলটি আত্মবিশ্বাসী। তাদের জানা আছে যে তারা জিততে পারে।’’
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ভারতের বিদায়ে বিপদে পড়েছেন সে দেশের ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। নানা সমালোচনায় বিদ্ধ ক্রিকেট বোর্ড এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়কেই পুঁজি করছেন। পরোক্ষভাবে নিজেদের সাফাইও গাইছেন। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ এন শ্রীনিবাসনের কথা, ‘‘ভারত বিশ্বকাপে কত বাজে খেলেছে তাই নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু দারুণ খেলা বাংলাদেশকে অবশ্যই তাদের কৃতিত্বের জন্য মূল্যায়ন করতে হবে।’’
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ সব টেস্ট খেলুড়ে দেশে গিয়ে সিরিজ খেললেও কখনো ভারতের আমন্ত্রণ পায়নি। প্রত্যেকবার কথা দিয়েও নানা ছুতোয় এড়িয়ে গেছে ভারতীয় বোর্ড। বাংলাদেশের মতো ছোটো দলকে আমন্ত্রণ করে আর্থিকভাবে তারা খুব লাভবান হতে পারবে না, এই ভয়ই এড়িয়ে যাওয়ার আসল কারণ।
তবে ভারত বা এতদিন যারা সমালোচনায় বিদ্ধ করেছে বাংলাদেশকে, তাদের জন্য জবাব হয়ে এসেছে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স। বৃটিশ একটি দৈনিকের এমনই দাবি, ‘‘বছরের পর বছর বড় ভাইদের হাতে অপমানিত হওয়ার পর ছোটটি ঘুরে দাঁড়িয়ে পাল্টা এক ধাপ্পর বসিয়ে দিয়েছে। ছোট বলে অবহেলার দিন এখানেই শেষ। ১৫ কোটি উন্মাতাল সমর্থক সঙ্গী করে বাংলাদেশের ক্রিকেট নোঙ্গর ফেলেছে, তারা এখানে থাকতেই এসেছে।”
পত্রিকাটি তারপরই এনেছে ভারতের বাংলাদেশকে আমন্ত্রণে অনীহার প্রসঙ্গটি, ‘‘এখন ভারতের কাছে আমন্ত্রনের মূল্য কত? উপমহাদেশের নতুন টাইগাররা সেই আমন্ত্রণ না নিলে সেটা কি অমূল্য হয়ে উঠবে না?’’ বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত মে মাসেই। তবে এখনো বাংলাদেশের ভারত সফরের কোনো দিন তারিখ ঠিক হয়নি।
