টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রানের স্কোরে বেঁধে রেখে আয়ারল্যান্ডের বোলার-ফিল্ডাররা যে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন জবাব দিতে নেমে তাদের ব্যাটসম্যানরা ধরে রাখতে পারলেন না সেটা। ১২.২ ওভার হাতে রেখেই ১৩৪ রানে আয়ারল্যান্ডকে শেষ করে দিয়ে ১২৯ রানের এক সহজ জয় পেয়েছে কিউইরা। টানা ৬ ম্যাচ জিতে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা এখন অনেকটাই নিশ্চিত।
সোমবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার এইটের এই ম্যাচে আইরিশদের পক্ষে প্রতিরোধ গড়েছেন কেবল দুই ভাই কেভিন আর নিয়াল ও’ব্রায়েন। চতুর্থ উইকেটে তাদের ৭৫ রানের জুটির পর কিন্তু নিউজিল্যান্ডের দুই স্পিনার ড্যানিয়েল ভেট্টরি আর জিতান প্যাটেল গুঁড়িয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ইনিংস। ৩২ বলের মধ্যে মাত্র ৯ রানেই শেষ ৬ উইকেট হারিয়েছে তারা।
শুরুটা অবশ্য করেছিলেন শেন বন্ড। নিজের প্রথম ওভারেই ওপেনার জেরেমি ব্রেকে (১) উইকেট কিপার ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচ বানিয়ে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিয়েছেন এই পেসার। অন্য ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডও (১১) তারই বলে পুল করতে গিয়ে ফাইন লেগে স্কট স্টাইরিসের হাতে ধরা পড়েছেন। আর ইওইন মরগ্যানকে (৯) ম্যাককালামের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন ওরাম।
ও’ব্রায়েন ভাইদের জুটিটা গড়ে উঠেছে এর পরেই। তুলনায় দ্রুত গতিতে রান তোলা কেভিন রান আউট হওয়ার আগে চতুর্থ উইকেট জুটিতে নিয়ালের সঙ্গে ৭৫ রান যোগ করেছেন। তার ৪৫ বলে ৪৯ রানের ইনিংসে আছে তিনটি ছয় ও দুটি চার। হামিশ মার্শালের দারুণ এক থ্রোয়ে কেভিনের বিদায়ের পর হুড় মুড় করে ভেঙ্গে পড়েছে আইরিশদের ইনিংস।
শুরুটা করেছেন প্যাটেল। তার বলে ওরামের হাতে তালুবন্দী হয়ে শেষ হয় নিয়াল ও’ব্রায়েনের ধীরগতির ইনিংসটি, ৭৫ বলে ৩০ রান করেছেন এই আইরিশ ব্যাটসম্যান। এই অফ স্পিনারের দ্বিতীয় শিকার হয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক জনস্টন (১৩) এলবিডব্লু হয়ে। তার আগে হেয়াইটকে (০) এলবিডব্লু করা ভেট্টোরি শেষের তিনটি উইকেট তুলে নিয়ে ১৩৪ রানেই শেষ করে দেন আয়ারল্যান্ডকে। আর ২৩ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার এই বাঁহাতি স্পিনার।
আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৩ রান এখনকার ওয়ানডে ক্রিকেটে চ্যালেঞ্জিং, কিন্তু মোটেই নিশ্চিন্ত হওয়ার মতো স্কোর নয়। নিউজিল্যান্ডকে এই স্কোরে বেঁধে রাখতে আয়ারল্যান্ডের বোলার-ফিল্ডাররা সবাই মিলেই রেখেছেন ভূমিকা।
এক সময় তো স্কোরটা আরো কম হবে বলেই মনে হচ্ছিল। ১৮৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর অষ্টম উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম আর জেমস ফ্র্যাংকলিনের ৭১ রানের ঝড়ো জুটিই নিউজিল্যান্ডকে নিয়ে গেছে এতদূর। ২০ বলে একটি ছক্কা আর তিনটি বাউন্ডারিসহ ফ্র্যাংকলিন করেছেন অপরাজিত ৩৪ আর ম্যাককালামের ৩৭ বলে ৪৭ রানের ইনিংসে আছে দুটি বাউন্ডারি ও একটি ছক্কা। ইনিংস শেষ হওয়ার দুবল বাকি থাকতে আরেকটি ছক্কা মারতে গিয়ে মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে শেষ হয়েছে ম্যাককালামের ইনিংসটা।
এর আগে নিয়মিত বিরতিতে উইকেট ফেলে নিউজিল্যান্ডকে এক রকম বেঁধেই রেখেছিল আয়ারল্যান্ড।
শুরুটা করেছিলেন বয়ড র্যাংকিন। এই বিশ্বকাপে নিয়মিত সাফল্য পাওয়া এই ‘খামারকর্মী’ তার তৃতীয় ওভারেই স্টিফেন ফ্লেমিংকে (১০) ফিরিয়ে দিলে প্রথম সাফল্যটি পায় আয়ারল্যান্ড। অফস্টাম্পের বাইরের বলটিকে তাড়া করতে গিয়ে সোজা পয়েন্টে দাঁড়ানো পোর্টারফিল্ডের হাতে তুলে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
একাদশ ওভারে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ধাক্কাটি দিয়েছেন তার নতুন বল সঙ্গী ল্যাংফোর্ড-স্মিথ। তবে হামিশ মার্শালের উইকেটটি পাওয়ার কৃতিত্ব অনেকটাই পাওনা ইওইন মরগ্যানের। অফস্টাম্পের বাইরের বলে দারুণ একটা কভার ড্রাইভ করেছিলেন মার্শাল (১৬), অনেকটা লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন মরগ্যান।
পাঁচ ওভার পর বুদ্ধিদীপ্ত গতি বদলে চমকে দিয়ে স্কট স্টাইরিসকে (১০) প্যাভিলিয়নের পথ দেখিয়ে দ্বিতীয়বার মনে রাখার মতো এক উদযাপনে মেতেছেন এই মিডিয়াম পেসার। উইকেটের পিছনে দাঁড়িয়ে তার ক্যাচটা নিয়েছেন নিয়াল ম্যাককালান।
আর ক্রেইগ ম্যাকমিলান (২২) উইকেট ছেড়ে দিয়ে লেগ স্টাম্পের বাইরের বলকে অফসাইড দিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডম্যানে। বোলার ছিলেন ‘বিক্রয়কর্মী’ কেভিন ম্যাককালান।
৩৬.৩ ওভারে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৬৮ রানে পৌঁছানোর পর বৃষ্টি নামলে কয়েক মিনিটের জন্য বন্ধ করতে হয়েছিল খেলা। সেই বিরতির পর মাঠে ফিরেই আরেকটা ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন ওপেনার পিটার ফুলটন, কিন্তু নিয়াল-ম্যাককালানের অফস্টাম্প নিশানার একটি বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি। ১১০ বলে ৮৩ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি মেরেছেন নিউজিল্যান্ডের এই ওপেনার। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংসে একপ্রান্ত ধরে রেখেছিলেন এই ফুলটনই, সুবাদে তিনিই ম্যান অব দ্য ম্যাচ।
তার আউটের পর বৃষ্টিতে মিনিট দশেক খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে পর পর দু ওভারে আরো দুটি উইকেট ফেলে দিয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেন অ্যান্ড্রু হোয়াইট। রানের জন্য সংগ্রাম করতে থাকা জ্যাকব ওরাম (২০) এই অফস্পিনারের বলে লং অনে ক্যাচ দিয়েছেন, আর ড্যানিয়েল ভেট্টরি (৫) তাকে সুইপ করতে গেলে গ্লাভসে লেগে বল জমা পড়েছে উইকেট কিপারের গ্লাভসে।
এরপরই শুরু ম্যাককালাম আর ফ্র্যাংকলিনের ওই ঝড়ো জুটির।
সকালে টস জিতে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচের জন্য নিউজিল্যান্ড দলে আছে একটা পরিবর্তন, পেসার মাইকেল ম্যাসনের জায়গায় দলে এসেছেন অফ স্পিনার জিতান প্যাটেল।
নিউজিল্যান্ড দল : ৫০ ওভারে ২৬৩/৮ (স্টিফেন ফ্লেমিং ১০, পিটার ফুলটন ৮৩, হামিশ মার্শাল ১৬, স্কট স্টাইরিস ১০, ক্রেগ ম্যাকমিলান ২২, জ্যাকব ওরাম ২০, ব্রেন্ডন ম্যাককালাম ৪৭, ড্যানিয়েল ভেট্টরি ৫, জেমস ফ্র্যাংকলিন অপঃ ৩৪, শেন বন্ড অপঃ ০, ল্যাংফোর্ড স্মিথ ৪১/২, বয়েড র্যাংকিন ১/৫৫, ট্রেন্ট জনস্টন ১/৬৩, কাইল ম্যাককালান ২/৩৫, অ্যান্ড্রু হোয়াইট ২/৪৫, নিয়াল ও’ব্রায়েন ০/২০) ।
আয়ারল্যান্ড দল : ৩৭.৪ ওভারে ১৩৪/১০ (জেরেমি ব্রে ১, উইলিয়াম পোর্টারফিল্ড ১১, ইওইন মরগ্যান ১৫, নিয়াল ও’ব্রায়েন ৩০, কেভিন ও’ব্রায়েন ৪৯, ট্রেন্ট জনস্টন ১৩, অ্যান্ড্রু হোয়াইট ০, পিটার গিলেস্পি ২, কাইল ম্যাককালান ০, ডেভিড ল্যাংফোর্ড-স্মিথ অপঃ ০, বয়েড র্যাংকিন ০, জেমস ফ্র্যাংকলিন ০/২৭, শেন বন্ড ২/১৮, জ্যাকব ওরাম ১/১৫, জিতেন প্যাটেল ২/৩২, ড্যানিয়েল ভেট্টোরি ৪/২৩, স্কট স্টাইরিস ০/১৬)।
