২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক-দেড় বছরের মধ্যে আমরা নিয়মিত জিততে শুরু করবো

বিশ্বকাপে এখনও হাবিবুলের ব্যাট সেভাবে কথা বলেনি। তবু বাংলাদেশ দলের গত এক-দেড় বছরে যে রুপান্তর, তাতে হাবিবুলের অনেক অবদান। ব্যাট এবং ব্যক্তিত্ব দিয়ে বাংলাদেশ দলকে তিনি পরিণত করেছেন এমন দলে যারা এখন মাঝে-মধ্যেই জিততে পারে। অধিনায়ক বিশ্বাস করেন, এমন চলতে থাকলে এক-দেড় বছরের মধ্যে বাংলাদেশ মাঝে-মধ্যে নয়, নিয়মিতই জিতবে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে গায়ানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনকে দেয়া সাক্ষাৎকারে হাবিবুল বাশার ব্যাখ্যা করেছেন দলের বদলে যাওয়ার রহস্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

প্রশ্ন : বাংলাদেশের অনেকগুলো দলে আপনি খেলেছেন। তার তুলনায় এই দলটির বিশেষত্ব কী? কোন জায়গাটায় এই দল আলাদা?

হাবিবুল : এই দলে পারফরমার অনেক বেশি। পারফরমার বেশি বলে দলের মধ্যে বিশ্বাসটাও অনেক বেশি। তারা কখনোই প্রতিপক্ষের নামে ভীত নয়। সবসময়ই মনে করে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব, সেটা পেছনে যে পরিস্থিতিই থাকুক না কেন! আরেকটা বিষয় হলো, গত এক বছর আমরা প্রচুর ম্যাচ জিতেছি। জেতাটা একটা অভ্যাসের বিষয়। সেটা যত ছোট দলের সঙ্গে হোক না কেন জয়টা একটা অন্য বিশ্বাস দেয়। সেই বিশ্বাসটা আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে। এটাই আমার মনে হয় পরিবর্তনের সবচেয়ে বড় কারণ!

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের আগে পরিস্থিতিটা অন্যরকম ছিল না? আগের দুই ম্যাচে এরকম হার...

হাবিবুল : হ্যাঁ। সত্যি বলতে সেজন্য আমাদের সবার মধ্যে একটা জেদও ছিল। সবাই বলছিল, আমরা ভারতকে বিদায় করে সুপার এইটে উঠে বিশ্বকাপের আকর্ষণ অনেক কমিয়ে দিয়েছি। সেটাই একটা জেদ তৈরি করেছিল সবার মধ্যে। এটা দেখানোর খুব ইচ্ছা ছিল যে আমরা শুধু সংখ্যা পূরণ করতে এখানে আসিনি।

প্রশ্ন : কিন্তু এই ম্যাচেও তো শুরুতে ব্যাটিংটা ভালো হয়নি। টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়েছেন।

হাবিবুল : এই পর্যায়ের ক্রিকেটে নিজের উইকেটটার গুরুত্ব নিজেকে বুঝতে হবে। হ্যাঁ। আমাদের মধ্যে সেটার কিছু ঘাটতি আছে। কিন্তু ঘাটতিটা কেটেও যাচ্ছে। আশরাফুলকে দেখুন, ও কী করতে পারে সেটা আমরা সবাই জানি, শুধু একটা জিনিসই ওর বোঝার ছিল, সেটা হলো, নিজের উইকেটটা অনেক মূল্যবান। সেই মূল্যটা আমার মনে হয় আশরাফুল এখন বুঝতে পেরেছে।

প্রশ্ন: ঠিক কখন মনে হলো যে ম্যাচটা বাংলাদেশ জিততে পারে?

হাবিবুল : ২৫১ হওয়ার পরই একটা বিশ্বাস তৈরি হয়েছিল। আমরা আগেই দেখেছিলাম, এই উইকেটটা আমাদের জন্য তুলনামূলক ভালো হবে। তারপর বোলিংয়ে শুরুর ব্রেক থ্রু পাওয়ার পর স্পিনাররাও যখন ভালো বল করতে থাকল, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যাই, আজ আমাদের দিন। মনসংযোগটা ঠিক রেখে খেলে গেলেই হয়ে যাবে।

প্রশ্ন : অস্ট্রেলিয়ার সঙ্গে জয় আছে। ভারতের সঙ্গে এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তার তুলনায় এই জয়টাকে কোথায় রাখবেন?

হাবিবুল : প্রত্যেকটা জয়ই আমাদের জন্য মূল্যবান। তুলনামূলক বড় শক্তির দলগুলোর বিপক্ষে জয়গুলো আনন্দের সঙ্গে সঙ্গে একটা বিশ্বাসও দেয়। এই জয়টা গুরত্বপুণর্, কারণ, আমাদের সুপার এইটে ওঠা নিয়ে যে কথা হচ্ছিল সেটা বোধহয় এখন বন্ধ করা গেছে।

প্রশ্ন : অন্য জয়গুলো পেতে আমাদের মোটামুটি ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে। কিন্তু এই ম্যাচে ওদের ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যেই যেন নিশ্চিত হয়ে গিয়েছিল, আমরা জিততে যাচ্ছি। সেদিক থেকে কী এটা অন্যরকম নয়?

হাবিবুল : সেটাও একটা ব্যাপার। আসলে ব্যাটিংয়ে খারাপ অবস্থায় এভাবে ঘুরে দাঁড়ানোর পর আমাদের বিশ্বাসটা অনেক বেড়ে গিয়েছিল। তাছাড়া উইকেটটার কারণে আমাদের মনে হচ্ছিল, এই সুযোগ নষ্ট করার নয়। আমার একটা জিনিস একটু অবাক লাগে। যেদিন ফিল্ডিং এ নেমে আমরা শুরুটা ভালো করি সেদিন সবকিছু অন্যরকম হয়ে যায়।

প্রশ্ন : আচ্ছা ফিল্ডিংয়ের কথা যখন এলো তখন একটু জিজ্ঞেস করি, এবার বাংলাদেশের ফিল্ডিংটা দুর্দান্ত হচ্ছে, এর কারণ কি? খেলোয়াড়দের সবার বয়স কম বলেই .....?

হাবিবুল : মূল কারণ, আমি মনে করি, আমাদের কোচ সালাউদ্দিন। খেলোয়াড়দের বয়স কম এটা একটা কারণ হয়তো, কিন্তু সালাউদ্দিন যে পরিশ্রম করে সেটাই আসলে মূল কারণ। আপনি লক্ষ্য করবেন, শুধু জুনিয়র ক্রিকেটাররা নয়, দলে যারা সিনিয়র তারাও দারুণ ফিল্ডিং করছে এখন।

প্রশ্ন : সেটা আপনার ক্ষেত্রেও সত্যি। এর চেয়ে বয়স যখন অনেক কম ছিল তখন ঢাকার ক্রিকেটেও আপনাকে এত ভালো ফিল্ডিং করতে আমরা দেখিনি।

হাবিবুল : হ্যাঁ। আসলে হয় কি, দলের পুরো আবহটা কাজে লাগে অনেক। দলে সবাই ভালো ফিল্ডিং করছে, কাজেই অধিনায়ক হিসাবে আমারও কিছু দায়িত্ব দাঁড়ায়। আমিও পরিশ্রম করি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিংটা এখন খুব গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : দলে সিনিয়র খেলোয়াড় কম। এর অভাব কী আপনি কখনো বোধ করেন না! মনে হয় না যে ওরা থাকলে আপনার জন্য ভালো হতো। পরামর্শ নেয়া বা কথা বলার জন্য...

হাবিবুল : আমি আসলে এমনকি আমার জুনিয়র খেলোয়াড়দের কাছ থেকেও পরামর্শ নেই। আশরাফুল-নাফীস-মাশরাফি ওদের সঙ্গেও কথা বলি। আমি মনে করি এই পর্যায়ে যারা খেলছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। এবং দেখেছি, সত্যিই এটা কাজে লাগে। আর আমার দিক থেকে বলতে গেলে সিনিয়র বা জুনিয়র খেলোয়াড় আমার কাছে বিষয় নয়, বিষয় হলো পারফর্মার।

প্রশ্ন : দলের খেলোয়াড়রা সবাই শৃংখলাপরায়ন। কারো বিরুদ্ধেই আমরা এমন কিছু শুনি না, যা আগে কখনো কখনো শোনা যেতো। এটা কি দলের পরিবর্তনের একটা কারণ?

হাবিবুল : আমার মনে হয় এটাও ভূমিকা রাখে। খেলোয়াড়রা প্র্যাকটিস আর খেলা নিয়েই ভাবে শুধু। আমি মনে করি, এই দলের একটা বড় শক্তি হলো, সবাই যেমন ভালো খেলোয়াড়, তেমনি ভালো ছেলেও। কেউ কেউ একটু অন্যরকম ছিল হয়তো, কিন্তু দলের পরিবেশটা এমন যে এখানে এসে সেই পরিবেশে খেলা ছাড়া আর কিছু নিয়ে ভাবার সুযোগ নেই কারো। তাছাড়া পারফর্মার বেশি থাকায় দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতাও অনেক।

প্রশ্ন : আপনি দলের অধিনায়ক। এই বিশ্বকাপে পারফরম্যান্স অতটা ভালো নয়। কিন্তু অধিনায়ক হওয়ার পর আপনার ওয়ানডে পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। আর দলটা যেহেতু তরুণ, কাজেই এটা একটা ধারণা যে দলটাকে ঠিক পথে রাখতে হলে আপনার আরও বেশ কিছুদিন, অন্তত দুই বছর থাকা দরকার।

হাবিবুল : আমারও মনে হয়। মনে হয় কিছু কাজ বাকি। এজন্য আমার পরিশ্রম করতে হবে। আমি সেটা করবো। আমি সবসময় মনে করি, অধিনায়কের পারফর্মার হওয়া উচিত। কারণ, পারফর্মার না হলে অন্য কাউকে কিছু বলা যায় না। দলকে অনুপ্রানিত করাও মুশকিল। কাজেই আমাকে আমার স্বার্থে এবং দলের স্বার্থে আরও পরিশ্রম করতে হবে।

প্রশ্ন : অধিনায়ক হওয়ার প্রভাব কি খানিকটা ব্যাটিংয়েও পড়ে না? আগের মতো আর ব্যাটিং নিয়ে অত চিন্তা করতে পারেন না।

হাবিবুল : সত্যি বললে কিছুটা তো হয়ই। কারণ, আগে শুধু নিজের ব্যাটিং নিয়ে ভাবতে পারতাম। এখন অন্য অনেক কিছু নিয়ে ভাবতে হয়। দলের খেলোয়াড়দের কারো কোনো সমস্যা হলে চিন্তা করতে হয়। কেউ রান না পেলে, ভালো বল না করলে তার সঙ্গে কথা বলতে হয়।

প্রশ্ন : একটা জিনিস সবসময়ই আমরা খেয়াল করি যে আপনি সবসময় জয়ের কথা বলেন। কিন্তু আপনার দলেই এমন কেউ কেউ আছেন, যারা মনে করেন, আমাদের এখন জয়ের কথা সবসময় না ভেবে প্রতিদ্বন্দিতার কথাই ভাবা উচিত। তাতে অসম্মানজক কিছু হবে না।

হাবিবুল : আমি এই ভাবনার সঙ্গে একমত নই। আমি সবসময়ই মনে করি, জেতার জন্য খেলা উচিত। আমার কাছে এক রানে হার আর ১০০ রানে হারার মধ্যে কোনো পার্থক্য নেই। হার হারই। জয় জয়ই। এখন সম্মানজনক হারের কথা বললে কোনোদিনই জেতার জায়গায় যাবো না। সবসময়ই জেতার কথা ভাবতে চাই। তাতে এখন মাঝে-মধ্যেই আমরা বড় ব্যবধানে হারছি, কিন্তু আস্তে আস্তে জয়ের সংখ্যাটা বাড়তে থাকবে। বিপক্ষ আমাদেরকে সমান শক্তির দল হিসাবে দেখবে। এবং এমনি এমনিই আমাদের সবগুলো ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। একশটা ম্যাচ সম্মানজনকভাবে হেরে কোনো লাভ নেই।

প্রশ্ন : কিন্তু জয়ের সংখ্যাটা বেশি হতে হলে কতদিন লাগবে বলে মনে হয়?

হাবিবুল : সেটার জন্য একটু সময় লাগবে।

প্রশ্ন : কতদিন?

হাবিবুল: এখন যে ধারা আছে এবং আমাদের যে শক্তি তাতে আমার মনে হয় এক-দেড় বৎসর সময় লাগবে।