২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের এই দল সব পারে

আগে কখনো যাদের সঙ্গে জেতা যায়নি, তাদের সঙ্গে জিততে কোনো সমস্যা নেই। দুই ম্যাচে যা-তা হার, তাতেও সমস্যা নেই কোনো। বাংলাদেশ চাইলেই জিততে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গায়ানা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়টা তাই শুধুই একটা জয় নয়, একটা শিক্ষা। বাংলাদেশের রূপান্তরিত চারিত্রিক বৈশিষ্ট্যের এমন একটা ছবি যে ছবিটা বাংলাদেশের চিরকালীন ক্রিকেট ফ্রেমে বাঁধা থাকবে। সেই ফ্রেমের পাশে থাকবে যে সম্মানের অঞ্জলি তাতে লেখা, এটা এমন একটা দল যাদের সম্পর্কে কোনো ভবিষ্যদ্বানীই নিরাপদ নয়। নিজেদের দিনে বিশ্বসেরার মুকুট, র‌্যাংকিংয়ের শীর্ষস্থান কোনোকিছুই কিছু না। ক্রিকেটের সঙ্গে সঙ্গে এদিন ওসব নিয়ে ছেলে-খেলাও করতে পারে।

আগেও বাংলাদেশ জিতেছে। এবং তার সবগুলোতে আগে থেকেই একটা সৌরভ পাওয়া যাচ্ছিল। ভারতের সঙ্গে ম্যাচে অঘটন অঘটন গন্ধে ত্রিনিদাদের বাতাস ভরপুর। বারমুডার সঙ্গে জিততেই হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের আগে নানামুখী চাপে এমন নুয়ে পড়া যে এ যেন মৃত্যুপুরী থেকে স্বপ্নযাত্রা। কী সেই অন্তর্নিহিত শক্তি যার জোরে বাংলাদেশ এমন দুনিয়া ওল্টানো কাণ্ড করে ফেলে! অধিনায়ক হাবিবুল বাশার হাসতে হাসতে বললেন,“আমার দলকে আমিও আসলে সবসময় ঠিক বুঝতে পারি না। এটা সত্যিই একটা অসাধারণ দল। তাদের সামর্থ্য সম্পর্কে শেষ কথা কখনোই বলা যাবে না। তবে আমার একটা জিনিস মনে হয়, যেদিন মাঠে নেমে ফিল্ডিংয়ে আমাদের শুরুটা ভালো হয়, সেদিন আমরা কেমন যেন বদলে যাই। সবাই অনুপ্রানিত।”

জেদ ছিল অনেক। সুপার এইটে ওঠার পর ভারতকে বিদায় করে বাংলাদেশ বিশ্বকাপ নষ্ট করেছে বলে অভিযোগ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর ভারতের সঙ্গে ম্যাচটা ফ্লুক ছিল বলে সমালোচকদের ফিসফাস। ওদিকে কোচ ডেভ হোয়াটমোরের ছেড়ে যাওয়া-জনিত আলোচনাও আরেকটা পিছুটান। এসবকিছু থেকে বের করতে এই ম্যাচে একটা কিছু করার দরকার ছিল। কিন্তু সেই একটা কিছু যে এমন অকল্পনীয় জয়ে রুপ নেবে এমনটা কেউ ভাবেননি। এমনকি আগের ম্যাচগুলোর আগে যে অধিনায়ক জয়ের কথা বলতেন জোরে-শোরে, তিনিও কিন্তু অনেক রক্ষনাত্মক। যে একাদশ, যে ব্যাটিং-অর্ডার তাতেও জিগীষার চেয়ে মান বাঁচানোর ইচ্ছাই আগে। তাহলে! এক কথায় বললে কারণটা আশরাফুল। আর এ তো আমরা জানিই, যেদিন আশরাফুল খেলবেন সেদিন সব ক্রিকেট অংক-তত্বের ছুটি। সেদিন পিঠের সব বোঝা এক নিমিষেই নেই। সেদিন সব পিছুটানের পিছু হটার দিনও।

গায়ানা যতই দক্ষিণ আমেরিকার দেশ হোক রুচি, সংস্কৃতি সবকিছু মিলিয়ে এটা আসলে ভারত। মানুষজনের সিংহভাগ ভারতীয়। এবং উইকেটও তাই ভারতীয় ঘরানারই। প্রথম দিনের ম্যাচ দেখেই সবার মনে হচ্ছিল, এখানে যদি আরও কয়েকটা ম্যাচ পাওয়া যেতো! উইকেট স্লো, বলে টার্ন আছে, এ তো আমাদের পছন্দেরই উইকেট। সেখানে আশরাফুলের কৃপায় যখন ২৫১ হয়ে গেলো তখনই স্বপ্ন একেবারে দরজায়।

তারপর শুরুতেই গ্রায়েম স্মিথ এবং জ্যাক ক্যালিস আউট হয়ে যাওয়ার পর আর কারো মনেই হয়নি যে অন্যকিছূ হতে পারে। “গায়ানায় আমরা কিছু একটা করে ফেলতে পারি”-এই তত্বের সবচেয়ে বড় প্রবক্তা যিনি, সেই প্রধান নির্বাচক ফারুক আহমেদ পুরো দলের মনস্তত্ব ব্যখ্যা করছেন এভাবে,“টস হেরে ব্যাটিং করাতে বরং সুবিধাই হয়েছে। ২৫১ হওয়ার পরই বুঝতে পেরেছিলাম, ম্যাচে আমাদের সুযোগটা বেড়ে গেলো। কারণ, এখানে উইকেট আস্তে আস্তে

আরো স্লো হবে। আর স্লো উইকেটে আমাদের স্পিনাররা যতটা কার্যকর, ওদের ব্যাটসম্যানরা ততোটাই অনভ্যস্ত।”

স্পিনারদের অন্যতম রাজ্জাক জানাচ্ছেন,“এমনিতে সবসময়ই আমাদের লক্ষ্য থাকে উইকেটের ওপর বল রাখা। আজ উইকেট দেখে মনে হলো, ওটা ঠিকঠাক করতে পারলেই হবে। ওরা গতিটা ঠিক বুঝতে পারবে না।” শুরুর দুটো ব্রেক থ্রু এনে দেয়া রাসেল বলছেন,“অন্যান্য দিনে আমার বলে সুইং থাকে অনেক। কিন্তু আজ সুইং তেমন পাইনি। শুধু গতি কম-বেশি করেছি। আর তাতেই কাজ হয়েছে।”

তত্ব অনেক দেয়া যায়। ম্যাচ শেষের হিসাবে সবাই-ই পাকা বিশ্লেষক। কিন্তু এসব শুনতে শুনতে মনে হচ্ছিল আসলে কিছুতেই তো কিছু হয় না, যদি না আশরাফুলের ব্যাটে এমন সুর ওঠে। স্পিনাররা উইকেট পেয়েছেন, ফিল্ডিং দারুণ হয়েছে, জেদ কাজ করেছে-সব ঠিক আছে, কিন্তু এসবতো কতদিনই ক্রিয়াশীল থাকে, তাতে কী হয়! কতদিনই তো আরও কতকিছু হয়, কই বাংলাদেশ তো এমন দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে না। যে যেমনই ব্যখ্যা করুক, আরও যত সহায়ক শক্তি থাকুক, সব ভুলে বলেই ফেলা যাক, এই ম্যাচ আসলে বাংলাদেশ জেতেনি, জিতেছেন আশরাফুল।

ও, হ্যাঁ। সার্বিক জয়ে কিছু চিরন্তন ঘোষনা আছে। প্রথমত, এই দলকে কখনোই উড়িয়ে দেয়া ঠিক হবে না। ওরা খাদের কিনারায় গেলেও মনে রাখতে হবে যে এক লাফে আবার আকাশ ছুঁয়ে ফেলতে পারে।

আর দ্বিতীয়ত, ভবিষ্যতে যখনই খারাপ সময় আসবে তখনই প্রেরনা হয়ে আসবে এই ম্যাচ। খারাপ সময়েও তো আমরা দক্ষিণ আফ্রিকাকে এক নিমিষে মাটিতে নামিয়ে আনতে পারি। কাজেই....

এই ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের চিরকালীন অ্যালবামে ফ্রেমে বাঁধা ছবি হয়েই থেকে যাবে। পাশে সম্মানের অঞ্জলিতে সতর্কবানীও-এই দলকে বাতিল করার ভুল করে বিপদে পড়বেন না যেন!