২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের ঘরে জ্যোতিষী!

মনের জানালায় ভবিষ্যৎটা কখনো কখনো আগাম উঁকি দিয়ে যায়। যেমন দিয়েছিল শেফালির মনে। তাই গভীর রাতে তাকে জ্যোতিষীর মর্যাদাই দিয়ে ফেলতে চাইছিলেন মোশতাক আহমেদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, মনের এই কথাটা সাহস করে বলে ফেলার জন্যও প্রশংসার দাবিদার শেফালি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:15 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তারা দুজনেই বিশ্বের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকে সত্যি সত্যিই হারানোর ভিত গড়া মোহাম্মদ আশরাফুলের কাছের মানুষ। মোশতাক তার বড়ো ভাই। আর শেফালি তাদের বাসার গৃহকর্মী। তাই বলে ওর ক্রিকেট প্রেমে কোনো বাঁধা নেই। এমনকি রাত জেগে বাংলাদেশের খেলা দেখার ছাড়পত্রও তাকে নিতে হয় না। রাত পৌনে চারটায় মোশতাক বলছিলেন, “বাসায় আমার বাবাকে যদি ক্রিকেট গুরু ধরেন তাহলে শেফালি তার শিষ্য। আর এখন তো ওকে আমার জ্যোতিষ বলেই মনে হচ্ছে।”

শনিবারের সন্ধ্যায় ফিরে গিয়ে মনে হওয়ার কারণটাকেও যৌক্তিক করে তুলছেন, “আমি সাতটার দিকে বাসায় ফিরেছি। ফেরার পথে কয়েকজন বন্ধুর কথা শুনে মেজাজটাও বিগড়ে গিয়েছিল। ওরা বলছিল, ‘বাংলাদেশ গো-হারা হারবে।’ ঘরে ঢুকতেই শুনলাম শেফালি বলছে,‘আইজ ছোটোমামা (আশরাফুল) ফিফটি করবো। বাংলাদেশও জিতবো।’ ওর কথাটাই কিনা শেষপর্যন্ত সত্যি হয়ে গেল।”

সত্যি হয়ে তা আরেকবার বাংলাদেশে এনে দিল উৎসবের রাত। আব্দুর রাজ্জাকের বলে দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান মাখায়া এনটিনির ক্যাচ নিয়ে মাশরাফি বিন মর্তুজা গায়ানায় দলীয় উৎসবের জন্য ছুট লাগানোর সময় হাজার হাজার মাইল দূরের অগণিত মানুষও ছুটছিলেন। আর নড়াইলের লোকদের আনন্দ মিছিলের গন্তব্য ছিল শহরের দুর্গাপুরের মহিষখোলায় মাশরাফিদের বাড়িতে। সেখানে দেশসেরা পেসারের বাবা গোলাম মর্তুজা ছেলের ইনজুরিতে ব্যথিত না হয়ে বরং বাংলাদেশের অবিস্মরণীয় জয়েই আপ্লুত হচ্ছিলেন বারবার, “ওর ইনজুরি নিয়ে এখন কোনো চিন্তাই করছি না। আগে এত্তো বড়ো জয়টা উদযাপন করে নেই।” অবশ্য ম্যাচের পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাশরাফির ব্যাপারে সবাইকে একরকম আশ্বস্তই করেছেন অধিনায়ক হাবিবুল বাশার,“ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তবে আশা করছি তা গুরুতর নয়।” শেষ দিকে বোলিংটা এজন্য সাচ্ছন্দ্যে করতে না পারলেও মাত্র ১৬ বলে তার ২৫ রানের ‘ঝড়’ বাংলাদেশের আড়াইশো পেরুনোতে রেখেছে সবচেয়ে সহায়ক ভূমিকা।

মূল ভূমিকা অবশ্যই মোহাম্মদ আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের ইনিংসের। কিছুদিন হল তার ইনিংসগুলো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন মমতাময়ী মা শাহিদা খাতুন। “চোখে খুব ভালো একটা দেখতেন না আম্মা। কিছুদিন আগে অপারেশন করানোর পর এখন খুব ভালো দেখছেন। ক্রিকেটও বোঝেন না তেমন। তবু বাংলাদেশের খেলা দেখেন। আজ তো পুরো খেলাই দেখলেন। সমস্যা হল আশরাফুল একটা চার মারলে পরের বলটায় কী হয় না হয়, তা নিয়ে ভয়ে থাকেন উনি”-ফোনের ওপার থেকে হাসতে হাসতে বলছিলেন মোশতাক। ছেলের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠতে দেখার পরপরই তিনি ঢলে পড়েছেন ঘুমে। বাবা আব্দুল মতিন অবশ্য বিশেষজ্ঞরা কে কী বলছেন তা শোনার জন্য তখনো জেগে। বড়ো ছেলে ফোনটা দিতেই বললেন, “বিশ্বের এক নাম্বার দলকে হারিয়েছে বাংলাদেশ। আমার ছেলেও ওদের খুব করে ঠেঙ্গিয়েছে। বাবারে, এই আনন্দ মুখে বলে বোঝানোর মতো নয়।”

কখনো কখনো এসব কল্পনাশক্তি দিয়ে বুঝে নিতে হয়। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলামকে ফোনে ধরতেই বললেন, “কী করছি? চোখ বন্ধ করে আশরাফুলের ইনিংসটা কল্পনা করছি।” তার মতো আপনিও করুন। আশরাফুলের ১২ বাউন্ডারিকে একে একে চোখের সামনে ভাসান। মনে হয় না কারো থেকে কোনো বিশেষণ শোনার প্রয়োজন পড়বে!