অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অস্তিত্বের লড়াই
তারা আবার দারুণ ফর্মে, কোনো প্রতিপক্ষ দাঁড়াতেই পারছে না তাদের সামনে। অন্যদিকে ইংল্যান্ড এখন বড় বিপদে। আর এক ম্যাচ হারলেই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা সূতোয় ঝুলবে। এমন কঠিন এক পরিস্থিতিতে রোববার তারা মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার! বিশ্বকাপে এর আগের ৫ দেখায় ৩-২-এ এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কি হবে এবার?
অস্ট্রেলিয়ার লক্ষ্য একটাই। জয় ছাড়া অন্যকিছুর কথা তারা ভাবছেই না। এমন গর্বিত উচ্চারণ বিশ্ব চ্যাম্পিয়নদেরই মানায়। ক্যারিবিয়ার বিশ্বকাপে তাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে জয়রথ চলছে সব বাধা গুড়িয়ে। এই অবস্থায় দলে একটাই পরিবর্তন হতে পারে। ইনজুরি আক্রান্ত অল রাউন্ডার শেন ওয়াটসনের জায়গায় ব্যাটসম্যান ব্র্যাড হজ না পেসার মিশেল জনসন আসবেন, সেটা ঠিক করতে সময় লাগছে।
অস্ট্রেলিয়া দলের সবারই মনে আছে ইংল্যান্ডের কাছে গত ফেব্রুয়ারিতেই ত্রিদেশীয় সিরিজের দুটো ফাইনালই হারার কথা। ওই পরাজয় তাতাচ্ছে তাদের। সেই সূত্র ধরে দুদিন আগেই এই ম্যাচকে আলাদা করে ফেলেছেন কোচ জন বুকানন, ‘‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে নিজেদের সেরাটা দিতে পারলে আক্ষরিক অর্থেই আমরা আরেকটি দলকে টুর্নামেন্টের বাইরে বের করে দিতে পারবো।’’ এর পাশাপাশি মরীয়া ইংল্যান্ডের ব্যাপারে সতর্ক উচ্চারণও আছে বুকাননের, ‘‘তাদের জন্য পত্যেকটি ম্যাচই নক আউট ম্যাচ। সে কারণে তাদের দলটির মরীয়া না হয়ে উপায় নেই। তার মানে হলো, আমাদের বিপক্ষে পুরোপুরি তৈরি হয়ে নামছে তারা।’’
তৈরি হচ্ছে না, আসলে তৈরি হতে হচ্ছে ইংল্যান্ডের। তাদের ব্যাটিংয়ে ভীষণ সমস্যা। টপ অর্ডারে ব্যর্থতা, রান নেই অধিনায়ক মাইকেল ভন আর তরুণ জয়েসের ব্যাটে। অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ রান করতেই যেন ভুলে গেছেন! যদিও শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে রবি বোপারা ও পল নিক্সন বুঝিয়ে দিয়েছেন ইংলিশদের ব্যাটিং গভীরতা। তবে ওপরের দিক থেকে রান না এলে নিচের দিকের ব্যাটসম্যানরা আর কতটুকুইবা করতে পারেন?
অবস্থায় পরিবর্তন আনতে তাই ইংল্যান্ডকে কেনিয়ার বিপক্ষে সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ওপেনার জয়েসকে বাদ দেয়ার চিন্তা করতে হচ্ছে। তার জায়গায় অ্যান্ডু স্ট্রসকে নামানো হতে পারে। যদিও গত দুমাস নেট ছাড়া আর কোথাও ব্যাটিং করেন নি স্ট্রস। তার আগমনে অস্ট্রেলিয়া খানিকটা খুশিও হতে পারে। কারণ,স্ট্রসের আসা মানে তো জয়েসের বাদ পড়া, আর জয়েসই তো ত্রিদেশীয় সিরিজের প্রথম ফাইনালে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া বধের পথ দেখিয়েছিলেন।
সেই সিরিজের সুখস্মৃতি নিয়ে এখন অস্ট্রেলিয়ার গুণগান গাইতে হচ্ছে ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের, ‘‘বিশ্বকাপে সবচেয়ে ফর্মে থাকা দল অস্ট্রেলিয়া। এ পর্যন্ত নিজেদের প্রত্যেকটা ম্যাচই নিয়ন্ত্রণ করেছে তারা। অস্ট্রেলিয়া খুব শক্তিশালী। তাই তাদের সঙ্গে লড়তে আমাদের সেরা খেলাটা খেলে এটিকে ভালো ম্যাচে রুপ দিতে হবে।’’ তা করতে হলে কি দরকার? মাইকেল ভনের মতে, দলের অন্যদের সঙ্গে তার নিজের, ফ্লিনটফের, সুযোগ হলে স্ট্রসের রান করতে হবে।
সর্বশেষ ২৪ ইনিংসে একটাও হাফ সেঞ্চুরি নেই ফ্লিনটফের। তবে ইয়ান বোথামের পর ইংল্যান্ডের ইতিহাসের সেরা এই অলরাউন্ডারের মনে হচ্ছে, খরা কেটে গেল বলে, এবার তার রান করার পালা।
কিন্তু হিসেব মিলছে না।অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের এখন যে মারমার-কাটকাট অবস্থা তার সঙ্গে ফ্লিনটফ রান করলেই বা তাল মেলাবে কী করে ইংল্যান্ড? ম্যাথু হেইডেন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং কিংবা অন্য ব্যাটসম্যানদেরও প্রায় সবার ব্যাটেই রানের ধারা। ১২ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা নেতৃত্ব দিচ্ছেন বোলিং আক্রমনে, নাথান ব্র্যাকেন কিংবা গতিময় শন টেইট কাউকে পাত্তা দিচ্ছেন না! তো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের প্রেরণা কি?
একটাই। যে কোনো যুগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়ালেই ইংল্যান্ড দল নেয় অন্যরকম রুপ। মনে পড়ে যায় ঐতিহাসিক শত্রুতা!
