২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে পারফরম্যান্সের জন্য হোয়াটমোরও কি দায়ী নন?

সুপার এইটে এসে বাংলাদেশ দলের পথ হারিয়ে ফেলার একমাত্র কারণ হয়তো এটা নয়। তবে অন্যতম কারণ হতে পারে কোচ ডেভ হোয়াটমোরের উড়ুউড়ু মনোভাব। এমনই মনে করছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 11:27 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তার ভাষায়,“ এটা ঠিক, তিনি ভারতের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছেন সুপার এইটে বাংলাদেশ দুটো ম্যাচ খেলে ফেলার পর। কিন্তু ভারতের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তখন গ্রেগ চ্যাপেল চাকরি হারাতে পারেন, নয়তো তিনি ছেড়ে দিতে পারেন, এসব কথা শোনা যাচ্ছিল। এখন মনে হচ্ছে হোয়াটমোর তখন থেকেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। যার প্রভাব সুপার এইটে দলের পারফরম্যান্সে পড়েছে বলেই মনে হয় আমার।”

সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন,“ কোচ তার ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এত চিন্তিত হয়ে পড়লে তা দলে প্রভাব ফেলতে বাধ্য। আমিও তার কমিটমেন্টকে দায়ী করতে বাধ্য হচ্ছি। তাছাড়া আমার কাছে কখনোই তাকে ক্রিকেটারদের বন্ধু মনে হয়নি। দেশে থাকতে ক্রিকেটারদের কাছে কোচের ব্যাপারে নানা অভিযোগের কথা শুনতাম।”

এটা না শোনার কথা নয় গাজী আশরাফ লিপুরও। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের কথায় তেমনই আভাস,“ হোয়াটমোর লোকটাকে সবসময়ই সুযোগসন্ধানী মানুষ বলে মনে হয়েছে আমার। নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশ দল এখন আর তার ধ্যান-জ্ঞান নয়। তিনি শুধু নিজেকে নিয়েই ভাবছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, এশিয়ানদের ক্রিকেট মানসিকতা খুব ভালো বোঝেন তিনি। তাহলে তো এটা তার ভাবা উচিত ছিল যে, বাংলাদেশের মানুষ তার মন্তব্যকে কিভাবে নেবেন। তাছাড়া এমনও তো নয় যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবে না এমন কথা বলে দিয়েছে, কিংবা নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে।”

এই অবস্থায় সুপার এইটের বাকী ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো করতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহ আছে আরেক সাবেক অধিনায়ক আকরাম খানের,“ এমনিতেই দলের খুব বাজে অবস্থা। এ সময়ে কোচের মনযোগ সরে যাওয়া দলের ক্ষতিই করবে। নিজের দল যখন ভালো করছে না, তখন তিনি আরেক দলের কোচ হওয়ার কথা ভাবছেন! যতো যা-ই বলুন এটাকে ভালো চোখে দেখা অসম্ভব।”