গাভাস্কারকে ভারতের কোচের দায়িত্বে দেখতে আগ্রহী কপিল
গ্রেগ চ্যাপেল জানিয়ে দিয়েছেন তিনি আর ভারতের কোচের দায়িত্বে থাকছেন না। সেই সুবাদে উঠে এসেছে মূল্যবান এক প্রশ্ন,“কে হবেন ভারতের পরবর্তী কোচ?”
এ ব্যাপারে ‘নানা মুনির নানা মত’এর ভীড়ে সবচেয়ে দামী কথাটা বোধহয় কপিল দেবই বললেন। প্রায় আর্জির সুরে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার জানালেন, এই সঙ্কটজনক পরিস্থিতি থেকে একমাত্র সুনীল গাভাস্কারই পারেন দলকে উদ্ধার করতে। আর তাই ‘লিটল মাস্টার’ গাভাস্কারেরই ভারতীয় দলের দায়িত্ব নেয়া উচিৎ।
“(ভারতের কোচ হিসেবে) সুনীলই হবেন সেরা ব্যক্তি। যখন খেলতাম তখন বহুবার তার উপদেশ নিয়েছি আমি”-ভারতের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এভাবেই গাভাস্কারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতের ’৮৩ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ’৯৯এর অক্টোবর থেকে ২০০০এর আগস্ট পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে থাকা কপিল এর পর সমর্থন জানালেন তার দীর্ঘদিনের সতীর্থের প্রতি,“আমি ব্যক্তিগতভাবে মনে করি তার মতো মানুষের এগিয়ে এসে বলা উচিৎ,‘ঠিক আছে, এখন সময় এসেছে আমাদের দায়িত্ব নেয়ার। আমরা তো এর চেয়ে খারাপ কিছু করতে পারতাম না।”
বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কারণ বিশ্লেষণে শুক্র ও শনিবার মিটিংয়ে বসছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই মিটিংয়ে সাবেক অধিনায়ক হিসাবে কপিল ও গাভাস্কার দু জনই অংশ নেবেন। কপিল জানাচ্ছেন, এই মিটিংয়ে তিনি গাভাস্কারকে ভারতের কোচ হওয়ার অনুরোধ করবেন,“আমার কাছে এক জন সুনীল থাকলে আমি কিছুতেই কোন বিদেশি কোচকে ডাকতাম না। তার সঙ্গে দেখা হওয়ার পর আমি বলবো,‘সুনীল, প্লিজ, ভারতের তোমাকে প্রয়োজন। এগিয়ে এসো এবং কাজটা নাও।”
