ভারতের কোচ হওয়ার আগ্রহকে অন্যায় কিছু মনে করেন না হোয়াটমোর
‘আমি একজন পেশাদার কোচ। মে মাসের পর আমার চাকরি নেই। আমার একটা পরিবার আছে, কাজেই সে দিকটাও আমাকে দেখতে হয়।’
খুবই মানবিক কথা। কিন্তু ডেভ হোয়াটমোরের এই সাফাই শুনে যদি আপনার মনে মানবিকতা জাগে তাহলে জেনে নিন, পেশাদার খেলায় মানবিকতার আগে পেশাদারিত্ব। আর সেই পেশাদারিত্বের জায়গা থেকে হোয়াটমোর ভারতের কোচ হওয়ার বিষয়ে এমন খোলামেলা আগ্রহ দেখিয়ে ঠিক কাজ করেছেন কিনা সে নিয়ে আর সবার মতো এমনকি বাংলাদেশ দলের মধ্যেও প্রশ্ন আছে। দল বিশ্বকাপে, সামনে চার-চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এখন তাদের চিন্তাটা ক্রিকেট থেকে বিতর্কের দিকে সরিয়ে নেওয়ার দায় বা অবদান আর কারো নয়, স্বয়ং দলের কোচের! মানবিক জায়গাটা সাধারণ মানুষের কাছে আগে আসতে পারে, কিন্তু মনের কথাটা মুখে না আনাটাও তো পেশাদারিত্বের অংশ!
পরশু রাতে ডেভ হোয়াটমোরের রুমে বিশ্বকাপ কাভার করতে আসা সব বাংলাদেশি সাংবাদিক হাজির। হোয়াটমোর নিজে থেকেই তাদের মনে করিয়ে দিলেন, “মনে আছে দুই বছর আগেও এমন কথা উঠেছিল। আমি ভারতে চলে যাচ্ছি। শেষ পর্যন্ত তার কিছুই হয়নি। অনেকের সাক্ষাৎকার নিয়েছে তারা। আমি সেই দলেও ছিলাম না।”
ঠিক যে গ্রেগ চ্যাপেল যখন ভারতে আসেন তখন মিডিয়ায় এটাও রটেছিল যে তালিকায় হোয়াটমোর আছেন। তখনও আগ্রহটা হোয়াটমোরের দিক থেকেই বেশি ছিল বলে খবর। এবারেরটাও সেরকম। ভারতের একটি চ্যানেলকে ডেভ হোয়াটমোর জানিয়েছেন, সেরকম সুযোগ যদি আসে তাহলে তিনি সেটা গ্রহণ করতে তৈরি। এরপর তার আগ্রহের বিষয়ে কথা থাকে না। হোয়াটমোর নিজে তার জায়গা থেকে ব্যাখ্যা দিলেন, “আমার চুক্তি মে মাস পর্যন্ত। আমার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চুক্তি বিষয়ে কথা হয়নি। এখন যদি অন্য সুযোগ আসে তাহলে সেটা আমি নেবো না!”
কিন্তু এরকম আগ্রহ দেখানোর জন্য এটা কি সঠিক সময়? এই প্রশ্নটাও ঠিক গ্রহণ করতে চাইছেন না হোয়াটমোর, “তার মানে তোমরা বলতে চাইছো সব ঠিক আছে, শুধুমাত্র সঠিক সময় হচ্ছে সেটা যখন অন্যরা মনে করবে সঠিক সময়। আমি নই।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তার সঙ্গে কথা বলেনি, কিন্তু যদি বাংলাদেশ তাকে রাখতে আগ্রহী হয় এবং ভারতও তাকে প্রস্তাব দেয় তাহলে কী হবে? ডেভ হোয়াটমোর সরাসরি কিছু বলতে চাইছেন না, “এখানে অনেকগুলো বিষয় জড়িত। তোমরা যদি ভেবে থাকো শুধু টাকা তাহলে সেটা ভুল। টাকাটাই একমাত্র বিষয় নয়।”
তাহলে বিষয়টা কি? “চ্যালেঞ্জ। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। নতুন চ্যালেঞ্জ চাই।” নতুন চ্যালেঞ্জ নেয়ার বিষয়টি অবশ্যই তার ভারতমুখিতার প্রমাণ, কিন্তু ঠিক এই অবস্থায় বাংলাদেশকে ছেড়ে চলে যাওয়া কি একটা মিশন অসমাপ্ত রেখে যাওয়া নয়! যখন বাংলাদেশ মাত্র জিততে শুরু করেছে, একটা দলও তৈরি হয়ে গেছে বলে মনে হচ্ছে, তখন তার বিদায়টা কি ধাক্কা হবে না! হোয়াটমোর প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করছেন, “আচ্ছা মিশনটা কখন শেষ হবে? কোনো কিছুই কখনো শেষ হয় না। পুরো বিষয়টাই একটা চলমান প্রক্রিয়া।”
এসব কথাবার্তাই জানিয়ে দেয় ভারতের ডাক এলে ডেভ হোয়াটমোর তা গ্রহণ করতে এক পা বাড়িয়েই আছেন। তিনি অস্ট্রেলিয়ান, বাংলাদেশ তার কাছে যেমন বিদেশ, ভারতও তাই। পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভালো সুযোগ পেলে চলে যাওয়াটাও অন্যায় নয়। আপত্তি একটাই, বিশ্বকাপের মাঝখানে এভাবে অন্য দলের সঙ্গে নিজের নাম জড়িয়ে দলের মনযোগটা ক্রিকেট থেকে যে অন্যদিকে সরিয়ে দিলেন।
হোয়াটমোরের সাফাই, “আমি পেশাদার কোচ। এই দু-দিনে আমি কী করেছি জানো? দলের সবার সঙ্গে আলাদা-আলাদা সেশন করেছি। আগামী চব্বিশ ঘণ্টাও তোমরা দেখবে আমি কী করি। কাজেই আমি কেন দলের মানসিকতা ধ্বংস করতে যাবো। এরকম অভিযোগ করা হলে সেটা হবে অন্যায়।”
ঠিক যে গায়ানা আসার পর একজন ছাড়া দলের সবার সঙ্গে হোয়াটমোর আলাদা করে বসেছিলেন, গত দুই ম্যাচে ওদের ব্যক্তিগত পারফরম্যান্স মুল্যায়ন করেছেন, ওদের কাছ থেকে জানতেও চেয়েছেন কেন এমন হলো, কিন্তু কোচ চলে যাচ্ছেন এমন খবর তিল থেকে তাল হয়ে খেলোয়াড়দের মনটাও অন্যদিকে নিয়ে গেছে। সবার আলোচনাতেই পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামীকালের ম্যাচ, আগে কোচ চলে যাচ্ছেন না থাকছেন সেই বিষয়ে কৌতুহল। এ ওর কাছে জানতে চাচ্ছেন এবং যেহেতু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তাই তর্ক-আলোচনা-অনুমান ইত্যাদিতেই ব্যস্ত বাংলাদেশ দল।
