২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বব উলমারকে গভীর শ্রদ্ধায় স্মরণ

জ্যামাইকা পুলিশ এখনো মাথার ঘাম পায়ে ফেলছে তার মুত্যু রহস্য উদঘাটন করতে। তাই সেখান থেকে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়নি বব উলমারের মরদেহ। তবু কেপটাউনের শহরতলীর উইনবার্গ হাই স্কুলে পরম শ্রদ্ধায় স্মরণ করা হলো দক্ষিণ আফ্রিকার সাবেক কোচকে। সেখানে ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড, দক্ষিণ আফ্রিকা দলে খেলা আরো কয়েকজন ক্রিকেটার। এসেছিলেন উলমারের স্ত্রী ও দুই ছেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

উইনবার্গের স্কুলটির ছেলেদের সবসময়ই বেশি করে মনে পড়ে উলমারকে। সেই আশির দশকের শুরুতে এখানেই সুবিধাবঞ্চিত ছেলেদের ক্রিকেট শেখাতেন উলমার। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রানীর সঙ্গে ডিনার করেছেন। কিন্তু বারবার ফিরে এসেছেন দক্ষিণ আফ্রিকার নিষিদ্ধ ক্রিকেটে প্রাণ দিতে। পরে ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করে দারুণ খ্যাতি পেয়েছেন।

উলমারের শিষ্য ‘সাদা বিদ্যুৎ’ হিসেবে পরিচিত ডোনাল্ডের চোখের পানি বাধ মানছে না, ‘‘তিনি ছিলেন খেলোয়াড়দের কোচ, ছিলেন আমার গুরু। দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিলেন তিনি আর সে কারণে কখনো তাকে ভুলবো না। আমার কাছে কিংবদন্তির শেষ কথা হলেন তিনি।’’

‘শেষ’ প্রসঙ্গেই ডোনাল্ডের মনে হয়, ক্রিকেটের জন্য নিবেদিত মানুষটি ক্রিকেটকেই জীবনটা দিয়ে গেলেন, ‘‘তার বেঁচে থাকার মানে ছিল ক্রিকেট। সেই খেলাটির কাছেই নিজেকে উৎসর্গ করে গেলেন তিনি।’’

পাকিস্তানের কোচ হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন ‘ক্রিকেট সন্ন্যাসী’ উলমার। কিন্তু অপ্রত্যাশিত হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে যায় তার দলের। পরের দিন হোটেল রুমে অচেতন পাওয়া যায় উলমারকে। হাসপাতালে নিলে সেখানে মৃত ঘোষণা করা হয়। পরে জানা যায়, খুন করা হয়েছে তাকে।

ভিন্নধর্মী অ্যাকশনের চায়নাম্যান বোলার পল অ্যাডামস বলেছেন, ‘‘এখনো দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল কোচ তিনি। ক্রিকেটের মহান এক সৈনিককে হারিয়েছি আমরা।’’ গ্যারি কার্স্টেন, নিকি বোয়েরাও জানিয়েছেন তাদের শ্রদ্ধা।

উলমারের বিধবা স্ত্রী জিল আর ছেলে ডেল ও রাসেলের পক্ষ থেকে সারা বিশ্বের শুভাকাক্সক্ষীদের জন্য দেওয়া ধন্যবাদ বাণী পড়ে শুনিয়েছেন ডোনাল্ড, ‘‘ইনজামাম উল হক ও পাকিস্তান দল, বব তোমাদের ভালোবাসতো।’’

পাকিস্তান সরকারের পক্ষ থেকে উলমারের স্মরণসভায় সমবেদনা প্রকাশ করেছেন সেদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাসিম আশরাফ, ‘‘পাকিস্তান ববকে ভালোবাসে। ক্রিকেটের জন্য ছিল তার বেঁচে থাকা, ক্রিকেটকে ভালোবাসতেন তিনি, ক্রিকেটের জন্যই জীবন দিয়ে গেলেন।’’

ক্রিকইনফো-এর সহায়তায়