উলমার-হত্যা-রহস্য উদঘাটনে তোড়জোরের শেষ নেই
“আমি শুরু থেকেই বলে এসেছি যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে ববের শারীরিক ক্ষতি করার জন্যও কোনো কিছু ব্যবহার করা হয়ে থাকতে পারে। হতে পারে কেউ ঘরে ঢুকে ঠান্ডা মাথায় খুন করেছে তাকে। তবে সব ধরনের তদন্ত চালু রাখার ওপরে আবারো জোর দিচ্ছি আমি”-দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও বব উলমারের হত্যা-রহস্য তদন্ত নিয়ে আগের মতোই ধন্দে থাকা মার্ক শিল্ডসের মন্তব্য।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা কোচকে কে খুন করলো সে সম্পর্কে তদন্ত কর্মকর্তারা যে তেমন এগোতে পারেননি, জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনারের কথাতে তা পরিষ্কারভাবেই বেরিয়ে এসেছে। শ্বাসরোধের কথা মাথায় থাকলেও আরেকটা সম্ভাবনাও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ধারণা, উলমারকে বিষ প্রয়োগেও হত্যা করা হয়ে থাকতে পারে!
বৃটেনের ‘সানডে মেইল’ পত্রিকা জানিয়েছে, ‘অ্যাসোনাইট’ নামের এক ধরনের বিষ ব্যবহার করে খুন করা হয়েছে উলমারকে। এই ‘অ্যাসোনাইট’ মানবদেহের ভেতরের কলকব্জাকে বিকল করে, শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে থামিয়ে দেয়। ৩০ মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। যদিও এই রিপোর্টের সত্যতা সম্পর্কে সরাসরি শিল্ডস কিছু বলেননি,“তদন্ত চালানোর সময়ই আমরা বিষ প্রয়োগের সম্ভাব্যতা সম্পর্কে তথ্য পেয়েছি। তবে টক্সিকোলজি রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা বলা খুব কঠিন।”
জ্যামাইকান পুলিশকে সেই কঠিন কাজে সাহায্য করার জন্য মঙ্গলবার স্কটল্যান্ড ইয়ার্ডের চার জন পুলিশ কর্মকর্তার কিংস্টনে পৌঁছানোর কথা। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার দু’জন সিনিয়র কর্মকর্তা মাহমুদ ও কলিম ইমামেরও খুব তাড়াতাড়িই সেখানে পৌঁছানোর কথা। সবার উদ্দেশ্য একই, উলমারের হত্যা তদন্তে জ্যামাইকান পুলিশকে সাহায্য করা। ইন্টারপোলের একজন ফরেনসিক বিশেষজ্ঞও কিংস্টনে যাবেন। এত জনের সহযোগিতার যোগফল উলমারের হত্যাকারীকে খুঁজে বের করতে পারে কিনা তার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে সবাইকে!
