২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আয়োজকদের সমালোচনায় স্টিভ ওয়াহ

মাঠে বিশ্বকাপের ম্যাচ চলছে। অথচ গ্যালারিতে খাঁ খাঁ শূন্যতা। চলতি বিশ্বকাপের হাওয়ায় তাই মৃদু হলেও আয়োজকদের সমালোচনা উড়তে শুরু করেছিল। তবে এবার বোধহয় রীতিমতো শোরগোল পড়ারই যোগাড়! আয়োজকদের দর্শক টানার ব্যর্থতা নিয়ে যে এবার সোচ্চার হয়েছেন স্টিভ ওয়াহর মতো ক্রিকেট ব্যক্তিত্বও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বিখ্যাত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ‘লরিয়াস’এ অংশ নিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এখন স্পেনের বার্সেলোনায়। সেখানেই সোমবার সংবাদমাধ্যমের কাছে স্টিভ ওয়াহর অভিযোগ, ক্যারিবীয় তরুণদের মাঝে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বকাপকে কাজে লাগাচ্ছেন না আয়োজকরা।

সাত সপ্তাহের এই আসরে এখন পর্যন্ত খেলা হয়েছে ছয়টি দ্বীপ দেশে। আর সেসব দেশের মাঠে দর্শক উপস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। এজন্য টিকেটের উচ্চমূল্যকেও দায়ী করেছেন অস্ট্রেলিয়াকে বিশ্বের সেরা দলের আসনে বসিয়ে যাওয়া এই গ্রেট ব্যাটসম্যান,“ অবশ্যই টিকেটের মূল্যটা খুব চড়া। সেখানকার শিশুদের ক্রিকেট শিক্ষায় শিক্ষিত করে তোলার দারুণ এক সুযোগ ক্যারিবিয়ানরা হারিয়েছে বলেই মনে হয় আমার।” সেই সঙ্গে একটা প্রশ্নও রেখেছেন স্টিভ ওয়াহ,“সাধারণ লোকদের তাই করতে বলা উচিত যা তাদের করা উচিত। এটা সবারই জানা তাদের কী করা উচিত। যখন বিশ্বকাপের মাধ্যমে নিজেদের অর্জনকে সবার সামনে তুলে ধরার এবং নিজেদের শিশুদের ক্রিকেটে ফিরিয়ে আনার মোক্ষম সুযোগ, তখন টিকেটের মূল্যটা এতো চড়া কেন?”

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে টিকেটের সর্বনিম্ন মূল্য ২৫ মার্কিন ডলার। ক্যারিবিয়ানের সাধারণ মানুষের কাছে অঙ্কটা খুব বেশি বলেই প্রমাণিত হয়ে গেছে এতোদিনে। তবুও সেন্ট কিটস অ্যান্ড নেভিসের প্রধানমন্ত্রী ডেনজিল ডগলাস তার দেশের মানুষের মাথাপিছু আয়ের অঙ্ক দেখিয়ে বিষয়টাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ছোট্ট এই দ্বীপ দেশটির মাথাপিছু আয় বছরে ৮ হাজার মার্কিন ডলার। তবু সেখানে হওয়া প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে দর্শক হয়নি। কিছু কিছু দ্বীপে তো মাঠে এসে খেলা দেখার জন্য স্কুলে ছুটিও দেওয়া হচ্ছে। তাতেও মাঠে শিশুদের উপস্থিতি আশাপ্রদ নয়। শিশুদের ক্রিকেটমুখী করার ক্ষেত্রে আয়োজকদের ব্যর্থতার দিকে স্টিভ ওয়াহর তজর্নি তাক করাটা এখানে আরো যৌক্তিক হয়ে উঠছে। অ্যান্টিগায় সোমবার নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলার সময় বলা আইসিসির মুখপাত্র ব্রায়ান মার্গাট্রয়েডের কথাতেও অভিযোগের সত্যতা ফুটে উঠেছে,“ আজ তিন হাজার স্কুল শিশুর খেলা দেখার বন্দোবস্তের কথা বলা হচ্ছিল। যারা বিনামূল্যে খেলা দেখতে পারবে। কিন্তু মাঠে অতোসংখ্যক শিশু আছে বলে মনে হয় না আমার।”