২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলের আত্মবিশ্লেষণ এবং আত্মবিশ্বাস

“গায়ানায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ। সেই ম্যাচটা না জিতলেই সেমিফাইনালের আশা শেষ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অ্যান্টিগা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রসিকতা নয়। বাংলাদেশ অধিনায়ক এমন সিরিয়াস ভঙ্গিতে কথাটা বললেন যে মনে হলো, সেমিফাইনালে না গেলে বিশাল স্বপ্নভঙ্গ হবে। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড যে রক্তস্নান করিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে সেটা তখনও ধুয়ে-মুছে শেষ হয়নি। কিন্তু অধিনায়ক তবু তার দলের ওপর বিশ্বাসটা রাখেন। না। সেমিফাইনালের বিশ্বাসটা হয়তো পুরোপুরি নয়, কিন্তু বড় যে তিন দল বাকি, তাদের কোনো একটিকে হারানোর বিষয়ে বাংলাদেশ অধিনায়ক এখনও আত্মবিশ্বাসী।

বাংলাদেশ অধিনায়কই বিশ্বকাপে একদিন কথায় কথায় বলছিলেন,“আগে আমরা আত্মবিশ্বাস দেখাতাম মুখে। এখন মন থেকেই বলি। এখন মাঠে নামার আগে সবাই সত্যিই এই বিশ্বাস নিয়ে নামি যে সম্ভব।” তা এটা ‘মনের আত্মবিশ্বাস’ না ‘মুখের আত্মবিশ্বাস’ সেটা পরে। আগে প্রশ্ন হচ্ছে, আত্মবিশ্বাসটা তিনি পেলেন কোথায়, যখন পর-পর দুটো ম্যাচে বাংলাদেশ ধুলিস্যাৎ?

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা তবু মানা গিয়েছিল। ২২ ওভারের খেলা, এ ধরনের ক্রিকেটে বাংলাদেশ ঠিক অভ্যস্ত নয়, আর বিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচেও তো তাই। ৫০ ওভারের ম্যাচে এমনকি প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশ’ রানও করতে পারেনি। কেন? হাবিবুল মনে করেন দায়টা ব্যাটসম্যানদের, “আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের প্রথম চার ব্যাটসম্যানের প্রত্যোকেই রান করেছে। কিন্তু কেউ বেশি রান করতে পারেনি। সেট হয়ে সবাই আউট হয়েছে। ওপেনাররা ভালো করেছে বটে, কিন্তু ওরা সময়টাও অনেক বেশি নিয়েছে। তারপর আউট হয়েছে খুব বাজে সময়ে, ফলে বাকিদের ওপর চাপটা অনেক বেশি পড়ে গেছে।”

টপ অর্ডারের চার ব্যাটসম্যানের সবাই রান পেলেও তাদের কারো ইনিংস কেন বড় হলো না? একজন একটা বড় ইনিংস খেললেই রানটা দুশ’ পেরিয়ে যেতে পারে। আর ঠিক এই জায়গাটাতেই অধিনায়কের সঙ্গে একমত হয়ে আশরাফুলের মতো কেউ কেউ মনে করেন, কোনোভাবে যদি রানটা ২৩০-২৪০ হতো, তাহলেই লড়াই করার মতো একটা ম্যাচ হতো।

ভারতের সঙ্গে ম্যাচের পর থেকে বাংলাদেশকে সবাই নিচ্ছে বিশ্লেষণের টেবিলে, তাতে যা পাওয়া যাচ্ছে, তা হলো, বাংলাদেশের বোলিং শক্তি আসলেই একঘেঁয়ে। শুরুতে মাশরাফি বাদ দিলে আর সব বাঁ-হাতি স্পিনার। ফলে প্রত্যেকের জন্য আর আলাদা করে ব্যাটসম্যানদের ভাবতে হয় না, নতুনভাবে নিজেকে সেট করার বিষয়ও নেই। গত কয়েক ম্যাচের অভিজ্ঞতার পর এখন বাংলাদেশ দলও বুঝতে পারছে, এরা যতই কার্যকর হোন না কেন, বৈচিত্র্যের অভাবে সামগ্রিকভাবে বোলিং শক্তি তাই আর অতটা ভীতিকর নয়।

অল্প রান হলে বিপক্ষ শুরুতে একটু দেখে খেলে, তারপর তাদের ব্যাট একেবারে খাপ-খোলা তরবারী, ঢালের আর দরকারই নেই। অস্ট্রেলিয়া দেখিয়েছিল আগের ম্যাচে, তারপর নিউজিল্যান্ড যেমন ছেলে-খেলা করলো তাতে মাঝে-মধ্যে এখন হাবিবুলের এই আফসোসও হচ্ছে,“ইস, যদি আমাদের একটা অফ স্পিনার থাকতো!”

আফসোস আছে মাশরাফির মতো যদি এমন আরেকজন পেসার পাওয়া যেতো! শাহাদাতের লাইন-লেন্থটা ঠিক থাকতো যদি! কিংবা যদি একজন পেস বোলিং অলরাউন্ডার থাকতো! ফরহাদ রেজাকে দিয়ে যে চেষ্টাটা করা হয়েছিল সেটা সফল হলে কিংবা তার মতো আর কাউকে পাওয়া গেলে...

ওয়েস্ট ইন্ডিজে এসে শুরুতে ত্রিদেশীয় সিরিজ জয়। তারপর নিউজিল্যান্ডকে হারানো। ভারতের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচেও যখন সেই ধারা অটুট তখন বাংলাদেশ যেন একটা স্বপ্নরাজ্যে চলে গিয়েছিল। পেছনে পড়ে গিয়েছিল একের পর এক হারের দুঃস্বপ্ন। হারানো দিনের আত্মবিশ্লেষণ। বাংলাদেশ শিবিরের ঘনিষ্ঠ কেউ কেউ মনে করেন, বাংলাদেশ সুপার এইটে না উঠে বরং তিন ম্যাচে দুটো জয় নিয়ে বিদায় নিলেই ভালো হতো। সম্মানজনক বিদায় হতো! সুপার এইটে বড় বড় দলগুলোর বিপক্ষে বড় বড় হারে আত্মবিশ্বাস এমন তলানিতে গিয়ে ঠেকবে যে আবার নতুন করে শুরু করতে হবে। তাদের কথায় যুক্তি আছে ঠিক, কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের পর হাবিবুলের আত্মবিশ্লেষণ দেখে মনে হচ্ছে, সুপার এইটে ওঠায় খুব ভালো হয়েছে। হারলেও বাংলাদেশ অন্তত বিশ্বকাপ থেকে জেনে যাবে মেরামতগুলো কোথায় দরকার,কী করতে হবে! হাওয়ার জাহাজে চড়ে স্বপ্নে আকাশে চড়ার চেয়ে রিকশায় করে সড়কে ঘুরে বেড়ানোই তো কাজের।

আর আত্মবিশ্লেষণে যাওয়া মানে তো এই নয় যে আত্মবিশ্বাস একেবারে শেষ হয়ে গেছে। তাই যদি হতো, তাহলে অধিনায়কের মুখে কী করে আসে সেমিফাইনালের কথা! কিংবা বড় তিন দলের কেউ একজনকে ভূ-পাতিত করার টার্গেট।

শুধু মাঠের পারফরম্যান্সই নয়, আত্মবিশ্লেষণও কখনও কখনও আত্মবিশ্বাসের যোগানদাতা!