২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করেই হারলো আয়ারল্যান্ড

৩৫ ওভারে চাই ১৬০, তার ওপর প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাজটা সোজাই হবে মনে হলেও বাস্তবে তা হয়নি মোটেই। আইরিশরা ভালোই লড়াই করেছে। ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট ফেলে দিয়ে শুরু, তারপর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যুদ্ধ করেই রান তুলতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত। জ্যাক ক্যালিসের ৬৬ রানের হার না মানা ইনিংস দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে ঠিকই, কিন্তু সে জন্য ৩১ দশমিক ৩ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ৭ উইকেটের জয় পেয়ে সেমিফাইনালে ওঠার দাবিটা জোরালো করে তুলেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:30 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার এবি ডিভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়ে কিন্তু অন্য রকম একটা আভাস দিয়েছিলেন আইরিস পেসার বয়েড র‌্যাংকিন। কভারে পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে যখন ডিভিলিয়ার্স বিদায় নেন তখনো স্কোরবোর্ড নড়তেই শুরু করেনি।

দ্বিতীয় উইকেটে ক্যালিস আর অধিনায়ক গ্রায়েম স্মিথের ৭০ রানের জুটিতে সেই ধাক্কা সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা। এতে স্মিথের অবদানই বেশি, ৪৫ বলে ৪১ রানের ইনিংসটা খেলার পথে তার ৬টি বাউন্ডারিতে পাল্টা আঘাত হানা শুরু করেছে প্রোটিয়াসরা।

তবে দারুণ এক রিটার্ন ক্যাচে স্মিথকে ফিরিয়ে দিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক ডেভিড জনস্টন এই জুটি ভাঙ্গার পর র‌্যাংকিনের বলে অ্যান্ড্রু হোয়াইটের আরেকটি দারুণ ক্যাচের শিকার হয়ে হার্শেল গিবসও (৬) ফিরে গেলে জমে ওঠে ম্যাচ।

কিন্তু আয়ারল্যান্ডের সৌখিন ক্রিকেটারদের পেশাদারিত্বের শিক্ষা দিয়ে ক্যালিস আর অ্যাশওয়েল প্রিন্স ঠিকই বের করে নেন ম্যাচটা। চতুর্থ উইকেটে তাদের ৮০ রানের হার না মানা জুটিতেও ক্যালিস ছিলেন সংযমী। ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেওয়ার সময় ৪৭ রানে অপরাজিত ছিলেন প্রিন্স, এ জন্য তার লেগেছে ৪৪ বল। ৬৬ রান করতে ক্যালিস খেলেছেন ৮৬ বল, কিন্তু ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা তিনিই পেয়েছেন।

এর আগে আয়ারল্যান্ড ৩৫ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তুললেও বৃষ্টি বিঘিœত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার টার্গেট নির্ধারণ করা হয় ১৬০।

১১ ওভার শেষে এক উইকেটে ২৩, সেখান থেকে ৩৫ ওভারের ইনিংস শেষে স্কোর ৮ উইকেটে ১৫২। তৃতীয় দফা বৃষ্টির আগে-পরের আয়ারল্যান্ড দলের চেহারা যেন একেবারেই উল্টো। ৩৫ ওভারের ম্যাচের দাবি মেনে বৃষ্টির পর পেশাদার দলের মতোই ব্যাটিং করেছে আইরিশরা।

তৃতীয় দফার বৃষ্টি বিরতির পর শুরুটা অবশ্য মোটেই সে রকম হয়নি আইরিশদের। ম্যাচ আবার শুরু হতে না হতেই উইলিয়াম পোর্টারফিল্ডকে (১৪)এক্সট্রা কাভারে জ্যাক ক্যালিসের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে আরেকটা ধাক্কা দিয়েছেন শন পোলক। এর আগে তৃতীয় ওভারেই অন্য ওপেনার জেরেমি ব্রেকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্যটাও এনে দিয়েছিলেন এই ফাস্ট বোলারই।

সেটা অবশ্য অনেক আগের কথা। তারপর তিন তিনবার বৃষ্টির জন্য থামাতে হয়েছে খেলা, তৃতীয় বারে তো খেলা বন্ধ ছিল প্রায় এক ঘন্টারও বেশি সময়। তাই ৫০ ওভারের জায়গায় ম্যাচটাকে ৩৫ ওভারে সীমিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে আম্পায়ারদের।

তবে তৃতীয় উইকেট জুটিতে মরগ্যান আর নিয়াল ও’ব্রায়েন যে ভাবে খেলছিলেন, তাতে একবারের জন্যও মনে হয়নি আয়ারল্যান্ড সৌখিন ক্রিকেটারদের নিয়ে গড়া এক দল। ৩২ রানের জুটিতে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছেন তারা। ছক্কার দেখা পাননি, কিন্তু দক্ষিণ আফ্রিকান বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে দুজনে মিলে মেরেছেন সাতটি বাউন্ডারি।

মরিয়া দক্ষিণ আফ্রিকান বোলাররা পাল্টা কৌশল হিসেবে দিতে শুরু করেছেন বাউন্সার। এ রকমই এক বাউন্সারে মরগ্যানকে ফিরিয়ে দিয়েছেন অ্যান্ড্রু হল। ব্যাট সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও পারেননি মরগ্যান, ক্যাচ দিয়েছেন স্কয়ার লেগে দাঁড়ানো অ্যাশওয়েল প্রিন্সের কাছে। ২৮ রান করতে ৫০ বল খেললেও চারটি বাউন্ডারি মেরেছেন তিনি, এর তিনটাই এসেছে বৃষ্টির পর।

তারপরও লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিয়াল ও’ব্রায়েন। তবে সহজ একটা রানআউটের সুযোগ মিস করে পরের বলেই শার্ল ল্যাঙ্গাফেল্টের একটা স্লোয়ার বলে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এই বাঁহাতি।

এরপর গ্রায়েম স্মিথের কপালে চিন্তার রেখাটা আরো বাড়িয়ে দিয়েছেন অ্যান্ড্রু হোয়াইট। তবে পাঁচটি বাউন্ডারিতে সাজানো তার ৩০ বলে ৩০ রানের ইনিংসটা শেষ হয়েছে খুবই সাদামাটাভাবে। দক্ষিণ আফ্রিকান অধিনায়কের একটি ফুলটস বলকে সোজা শর্ট মিডউইকেটে হার্শেল গিবসের হাতে তুলে দিয়েছেন তিনি।

এরপর একই ওভারে দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কিছুক্ষণের জন্য ম্যাচে ফিরিয়েছিলেন ল্যাঙ্গাফেল্ট। ম্যাককালান আর মুনি, দুজনকেই উইকেটের পিছনে মার্ক বাউচারের শিকার বানিয়েছেন তিনি। গতি, বাউন্স আর সময়মত গতি পরিবর্তনের মিশেলে ৪১ রানে ৩ উইকেট নিয়ে আরো একবার দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ল্যাঙ্গাফেল্টই। ১২ উইকেট নিয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় লাসিথ মালিঙ্গার পরেই আছেন তিনি। হল নিয়েছেন ৩৭ রানে ২ উইকেট।

তবে শেষ ২০ বলে দুটি ছক্কাসহ ২৮ রান তুলে নিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক ডেভিড জনস্টন আর ল্যাংফোর্ডস্মিথ আবার বদলে দিয়েছেন পরিস্থিতি। স্মিথ ১০ বলে ১৭ আর জনস্টন ১৪ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাসে ছিল বজ্রসহ বৃষ্টির কথা। সেটা হয়নি, তবে মঙ্গলবার জর্জ টাউনের আকাশে যা হয়েছে তাতেই প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ্বকাপ সুপার এইট পর্বের ম্যাচটি যথেষ্টই আক্রান্ত হয়েছে। এমনিতেই আধঘন্টা পর খেলা শুরু হয়েছে, আর পরে আরো তিনবার থামাতে হয়েছে বৃষ্টির কারণেই।

দ্বিতীয় দফার বৃষ্টি বিরতির পর যখন খেলা শুরু হয়, আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাচটি সীমিত করা হবে ৪৭ ওভারে। কিন্তু সেটা রাখা যায়নি আয়ারল্যান্ড ১১ ওভারে ১ উইকেটে ২৩ রান তোলার পর আবার বৃষ্টি নামায়। সেই বৃষ্টি থেমে আবার খেলা শুরু হতে লেগেছে প্রায় একঘন্টারও বেশি।

সকালের বৃষ্টিতে এমনিতেই আধঘন্টা দেরিতে শুরু হয়েছে এই ম্যাচ, তারপর শুরু হতে না হতেই আবার নেমেছে বৃষ্টি। মাঝে একটু থেমে আবার শুরু হয়েছে বর্ষণ। এই ফাঁকে যতটুকু খেলা হয়েছে তাতেই অবশ্য দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্যটা এনে দিয়েছেন পোলক। স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই ফিরিয়ে দিয়েছেন ওপেনার জেরেমি ব্রেকে। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে ৯.২ ওভারে আয়ারল্যান্ড ওই এক উইকেট হারিয়ে তুলেছে ১৭ রান।

এর আগে বোলাররা ভেজা মাঠের সুবিধাটা কাজে লাগাতে পারবেন ভেবে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। অধিনায়কের সিদ্ধান্তটা যে ভুল ছিল না, তাদের দুই নতুন বলের বোলার সেটা বেশ বুঝিয়ে দিয়েছেন। প্রথম দুই ওভার থেকে কোনো রানই নিতে পারেনি আয়ারল্যান্ড, তারপর তৃতীয় ওভারেই পোলকের ওই আঘাত। ৮.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামলে মাঠ ছাড়তে হয় খেলোয়াড়দের। কয়েক মিনিট পরে আরো একবার মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তারা, কিন্তু এক ওভার খেলা হতে না হতেই আবার শুরু হয়েছে বৃষ্টি।

আয়ারল্যান্ড : ৩৫ ওভারে ১৫২/৮ (ব্রে ০, পোর্টারফিল্ড ১৪, মরগ্যান ২৮, নিয়াল ও’ব্রায়েন ২৫, হোয়াইট ৩০, বোথা ১৪, জনস্টন অপ. ১৩, ম্যাককালান ৩, মুনি ০, ল্যাংফোর্ড-স্মিথ অপ. ১৭; পোলক ২/১৭, এনটিনি ০/১৪, ল্যাঙ্গাফেল্ট ৩/৪১, হল ২/৩৭, কেম্প ০/১৪, ক্যালিস ০/২০, স্মিথ ১/৫)

দক্ষিণ আফ্রিকা : ৩১ দশমিক ৩ ওভারে ১৬৫/৩ (ডিভিলিয়ার্স ০, স্মিথ ৪১, ক্যালিস অপ. ৬৬, গিবস ৬, প্রিন্স অপ. ৪৭; র‌্যাংকিন ২/২৬, ল্যাংফোর্ড-স্মিথ ০/৩১, মুনি ০/৪০, জনস্টন ১/১৫, বোথা ০/১৮, ম্যাককালান ০/২৭, হোয়াইট ০/৮)

ফল: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : জ্যাক ক্যালিস।