সহকারী ম্যানেজারকে জ্যামাইকায় ফেরত পাঠালো পিসিবি
লন্ডন থেকে আবার জ্যামাইকায় ফিরে যাচ্ছেন পাকিস্তান দলের সহকারী ম্যানেজার আসাদ মুস্তফা। বব উলমারের মৃতদেহ কেপ টাউনে না পৌঁছানো পর্যন্ত তাকে ওখানে থাকারই নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “উলমারের মৃত্যুর তদন্ত চলাকালে কিংস্টনে পাকিস্তানের একজন দয়িত্বশীল কর্মকর্তা থাকা প্রয়োজন।” আর সেজন্যই বাড়ির পথে পাকিস্তান দলের সহকারী ম্যানেজার আসাদ মুস্তফাকে লন্ডন থেকেই জ্যামাইকায় ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তানের বৃটিশ কোচ মারা যাওয়ার পর দু সপ্তাহ কেটে গেলেও এখনো তদন্তের কোনো অগ্রগতি নেই। খুনের মামলা হিসেবেই তদন্ত চলছে। গত সপ্তাহে জ্যামাইকা ছাড়ার আগে জবানবন্দী নেওয়া হয়েছে পাকিস্তান দলের সদস্যদের, ডিএনএ টেস্টও করানো হয়েছে তাদের। চলমান এই তদন্তে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে সহযোগিতা করবেন পাকিস্তানের সহকারী ম্যানেজার আসাদ মুস্তফা ও দক্ষিণ আফ্রিকার ফিটনেস ট্রেনার মুরারি স্টিভেন্সন।
