২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়ের পথে ওয়েস্ট ইন্ডিজ

৩০৩ রান তাড়া করতে নেমে ৪২ রানেই শেষ তিন উইকেট। প্যাভিলিয়নে ফেরা তিন ব্যাটসম্যানের মধ্যে আবার আছেন ব্রায়ান লারাও। ওয়েস্ট ইন্ডিজের আশার সমাপ্তি হয়ে যেতে পারতো সেখানেই। তা হতে দেননি দুই গায়ানিজ, রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপল। চতুর্থ উইকেটে তাদের ৯২ রানের জুটি গড়ে তারপরও স্বাগতিকদের একটা স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু নিখুঁত বোলিংয়ের পাশাপাশি শ্রীলংকানদের দুর্দান্ত ফিল্ডিংয়ের সঙ্গে আর পেরে ওঠেননি শেষ পর্যন্ত। চন্দরপলের ৭৬ আর সারওয়ানের ৪৪ রানের ইনিংসদুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৪ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে মাত্র ১৯০ রান। হেরে গেছে ১১৩ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 05:00 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সুপার এইট পর্বে টানা তৃতীয় হারে তাদের সেমিফাইনাল স্বপ্ন এখন অনেকটাই বিবর্ণ। অঙ্কের হিসাবে এখনো একটা সম্ভাবনা আছে বটে, তবে সে জন্য পরের তিনটি ম্যাচে অবশ্যই জিততে হবে, এবং তারপরও অপেক্ষায় থাকতে হবে অনেক ‘যদি’ এবং ‘কিন্তু’র।

ইনিংস মেরামতির কাজটা করতে গিয়ে চন্দরপল আর সারওয়ানকে এগোতে হচ্ছিল দেখেশুনে। সঙ্গে শ্রীলংকানদের দারুণ ফিল্ডিং এক সময় টানা ১৭ ওভারে একবারও বাউন্ডারি পেরোতে দেয়নি বল। ক্রমশ বাড়তে থাকা আস্কিং রেটের চাপেই শেষের দিকে এসে হুড়মুড় করে ভেঙ্গে পড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ইনিংস।

শুরুটা সারওয়ানকে দিয়েই। ৪৪ রান করে তার বিদায়ে অবশ্য বোলার সনাৎ জয়াসুরিয়ার চেয়ে উইকেটকিপার কুমার সাঙ্গাকারার অবদানই বেশি। রানরেট বাড়াতে মরিয়া সারওয়ান উইকেট ছেড়ে সামান্য একটু এগিয়ে গিয়েছিলেন। দুর্দান্ত এক স্টাম্পিংয়ে বিপজ্জনক হয়ে ওঠা জুটিটা ভেঙ্গেছেন সাঙ্গাকারা।

এর আগেও একটি ‘অসাধারণ’ স্টাম্পিং করে ম্যাচের মোড় ঘোরানোর কাজটা করেছেন শ্রীলংকান উইকেটকিপার। ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ব্রায়ান লারা স্টাম্পড হয়েছেন চামিন্ডা ভাসের বলে!

পরের ওভারেই মারলন স্যামুয়েলসকে (৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে আরেকবার ম্যাচে শ্রীলংকার কর্তৃত্ব ফিরিয়ে এনেছেন মুরালিধরন, আর তারপরের ওভারে লাসিথ মালিঙ্গার দারুণ এক থ্রো থেকে ডোয়াইন স্মিথকে (০) প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সাঙ্গাকারা। আর জয়াসুরিয়ার পরের ওভারে ভাসের হাতে ক্যাচ দিয়ে দিনেশ রামদিনের (২) বিদায়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় শ্রীলংকার জয়।

তারপরও ওয়েস্ট ইন্ডিজের আশার আলো হয়ে ছিলেন চন্দরপল কিন্তু লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে তার ইনিংসটা শেষ হলে শেষ হয়ে যায় প্রভিন্সিয়াল স্টেডিয়ামের দর্শকদের শেষ বিনোদনটুকু।

শ্রীলংকাকে প্রথম সাফল্য অবশ্য এনে দিয়েছেন লাসিথ মালিঙ্গা, তার একটি স্লোয়ারে লং অনে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন গেইল (১০)। এরপর অন্য ওপেনার ডোয়াইন ব্রাভোকে (২১) ইনসুইংয়ে বোল্ড করে নিজের প্রথম সাফল্য পান ভাস।

দারুণ একটা সেঞ্চুরির পর বল হাতেও শ্রীলংকার পক্ষে সবচেয়ে সফল জয়াসুরিয়াই, ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভাস, মুরালিধরন আর মালিঙ্গা নিয়েছেন দুটি করে।

এর আগে জয়াসুরিয়ার সেঞ্চুরিই শ্রীলংকাকে এনে দিয়েছে ৫ উইকেটে ৩০৩ রানের বিশাল স্কোর। বৃষ্টি ভেজা মাঠ, তাই শুরুতে বোলারদের কিছুটা সুবিধা পাওয়ার কথা। টস জিতে বোলারদের হাতে বল তুলে দিতে তাই দুবার ভাবেননি ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ব্রায়ান লারা। এই বিশ্বকাপের আর সব অধিনায়করাই যে কাজটা করছেন প্রায় নিয়মিত, তিনিও করেছেন তাই-শ্রীলংকাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাট করবার। পৌঁনে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া সুপার এইটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই সূচনা এনে দিয়েছিলেন তাদের বোলাররা। ৩৫ রানের মধ্যেই দুটি উইকেট ফেলে দিয়ে শ্রীলংকার রানের চাকায় বাঁধ দিয়েছিলেন। কিন্তু তৃতীয় উইকেটে ১৮৩ রানের দুর্দান্ত এক জুটি গড়ে লারার মুখের হাসি কেড়ে নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।

শুরুতে দেখেশুনে খেললেও এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি করতে মাত্র ৮৬ বল লেগেছে জয়াসুরিয়ার। ১০১ বলে ১১৫ রানের ইনিংসে ৪টি ছক্কা আর ১০টি বাউন্ডারি মেরেছেন এই বাঁহাতি। অথচ প্রথম ৩৩ বলে মাত্র ১৪ রান করেছিলেন তিনি। ক্যারিয়ারের পঁচিশতম সেঞ্চুরিটি করার কিছুক্ষণ পরেই অবশ্য আউট হয়ে গেছেন তিনি। দ্বিতীয় স্পেলে ফেরা ড্যারেন পাওয়েল তাকে বোল্ড করে ম্যাচে ফিরিয়ে এনেছেন ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং তারই, ১০ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি।

এক প্রান্তে জয়াসুরিয়া যখন এই আগ্রাসন চালাচ্ছেন, অন্য প্রান্তে তখন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে তাকে সঙ্গ দিয়েছেন শ্রীলংকার অধিনায়ক। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেটা পাননি তিনি। প্রথম স্পেলের চার ওভারে ২৯ রান দেওয়া ডোয়াইন ব্র্যাভো দ্বিতীয় স্পেলের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে এলোমেলো করে দিয়েছেন তার স্টাম্প। ১১৩ বলে ৮২ রানের ইনিংসে মাত্র দুটি চার আর একটি ছক্কা মেরেছেন এই ডানহাতি।

জয়াবর্ধনের বিদায়ের পর হঠাৎ করেই যেন আবার ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ব্র্যাভো আর রামনরেশ সারওয়ান শ্রীলংকার রানের গতিতে খানিকটা বাধ দিতে সক্ষম হন। ক্রমাগত লেগস্টাম্পে বোলিং করে সারওয়ান একটি উইকেটও পেয়ে যান। রান পেতে মরিয়া চামারা সিলভা (২৩) অনেকটা পিছিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দেন ওয়াইড মিডঅফে দাঁড়ানো লারার হাতে।

তবে তিলকরত্নে দিলশানের ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসটা শেষ পর্যন্ত তিনশ পার করে নিয়ে গেছে শ্রীলংকানদের। শেষ দুবলে চার ও ছক্কা মেরে ওই মাইলফলকটা পেরিয়েছেন তিনি। অন্যপ্রান্তে রাসেল আরনল্ড তখন অপরাজিত ৪ রানে।

এর আগে ষষ্ঠ ওভারে ওপেনার উপুল থারাঙ্গাকে (৮) বোল্ড করে দিয়ে গায়ানার প্রভিন্সিয়াল স্টেডিয়ামের ভরা গ্যালারিকে মাতিয়েছেন ড্যারেন পাওয়েল। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি আঘাত হেনেছেন এই ম্যাচেই দলে ফেরা ইয়ান ব্র্যাডশ। নিজের চতুর্থ বলেই কুমার সাঙ্গাকারাকে (৭) উইকেটের পিছনে দিনেশ রামদিনের শিকার বানিয়েছেন তিনি।

এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে দুটো পরিবর্তন আছে। লেন্ডল সিমন্সকে নিয়ে এক ম্যাচের পরীক্ষা শেষে ফিরিয়ে আনা হয়েছে ফাস্ট বোলার জেরম টেলরকে আর কোরি কলিমোরের জায়গায় এসেছেন ইয়ান ব্র্যাডশ। শ্রীলংকা ফারভিজ মাহারুফের জায়গায় ফিরিয়ে এনেছে দিলহারা ফার্নান্ডোকে।

শ্রীলংকা দল : মাহেলা জয়াবর্ধনে, রাসেল আরনল্ড, তিলকরত্নে দিলশান, সনাৎ জয়াসুরিয়া, দিলহারা ফার্নান্ডো, লাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা, চামারা সিলভা, উপুল থারাঙ্গা, চামিন্ডা ভাস।

ওয়েস্ট ইন্ডিজ দল : ব্রায়ান লারা, ইয়ান ব্র্যাডশ, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, কোরি কলিমোর, ক্রিস গেইল, ড্যারেন পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, জেরম টেলর।