২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার সামনে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

—অ্যান্টিগা থেকে গায়ানাতে এসে সাফল্যের আনন্দে মেতে উঠতে পারবে তো ওয়েস্ট ইন্ডিজ! অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে বিশ^কাপের স্বাগতিকরা এখন গায়ানার জর্জটাউনে। রোববার প্রভিডেন্স স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়রা কি ঘুরে দাঁড়াতে পারবে? শ্রীলঙ্কানদের কাছেও হেরে গেলে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কিন্তু প্রায় ধূলিস্যাতই হয়ে যাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এই মুহূর্তে ব্রায়ান লারাসহ পুরো ওয়েস্ট ইন্ডিজ দল ভীষণ চাপের মুখে। অন্যতম নির্বাচক অ্যান্ডি রবার্টসের সঙ্গে লারার ঝামেলাও স্বাগতিক দলকে কম বেকায়দায় রাখছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার অনুসন্ধানেই বেশি ব্যস্ত। এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেও  কোনো ম্যাচে আড়াই শ’ রান করতে না পারার যন্ত্রণা যেন বিদ্ধ করছে তাকে,“এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আমরা ২৫০ রান করতে পারিনি। ব্যাপারটা নিয়ে আমাদের ভেবে দেখতে হবে।”

সেই তুলনায় শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অনেক নির্ভার থাকার কথা। ব্যাটিং --- বোলিং --- ফিল্ডিং তিন বিভাগেই তার দলের পারফরম্যান্স দুর্দান্ত। বুধবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে দারুণ লড়াই করে মাত্র এক উইকেটে হেরে যাওয়া ম্যাচটাও ’৯৬ -- এর চ্যাম্পিয়নদের বাড়তি অনুপ্রেরণা দেবে নিঃসন্দেহে। সেদিন টানা ৪ বলে উইকেট নেয়া লাসিথ মালিঙ্গার কাছ থেকে রোববার সেই প্রভিডেন্স স্টেডিয়ামে আরেকটি চমকই চাইছে শ্রীলঙ্কানরা। সঙ্গে ভাস --- মুরালিরাও জ্বলে উঠলে টানা তৃতীয় পরাজয় এড়ানো কঠিনই হয়ে পড়বে স্বাগতিকদের জন্য!