‘নতুন বাংলাদেশ’ এর সূচনা হয়েছিল যে দিনে..
যেকোনো ‘প্রথম’ই মনে স্থায়ী হয়ে থাকে। নাফিস ইকবালের যেমন প্রথম লিমোজিনে চড়ার স্মৃতি এখনো অমলিন। তাও আবার তার সেই সৌভাগ্য হয়েছিল এমন একদিনে, যেদিন বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর অমৃত চেখেছিল। ২০০৫ এর ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ ক্রিকেটের বিজয়কাব্যে নিজের তেমন একটা অবদান নেই বলে অবশ্য এখনো আক্ষেপ হয় এই ওপেনারের, “এতো বড়ো একটা জয়ে তেমন কিছুই করতে পারিনি। মাত্র ৮ রান করে আউট হয়ে গিয়েছিলাম।”
আউট হওয়ার সময় ভাবতেও পারেননি ‘অস্ট্রেলিয়া বধ’ বাংলাদেশের জন্য কেবলই রূপকথা হয়ে থাকছে না। রূপকথা সত্যি হলে যা হয়, নাফিসের ক্ষেত্রেও হয়েছে তাই। আনন্দের আতিশয্যে ব্যাপক নাচানাচি আর লাফালাফির ফল, স্মৃতি থেকে হারিয়ে গেছে পারিপার্শ্বিক প্রায় সবই, “বিশ্বাস করুন কে কী করেছিলাম কিছুই মনে নেই। খেলা শেষ হওয়ার পরও ঘন্টা দেড়েক আমরা ড্রেসিংরুমে আনন্দে মেতেছিলাম। রাতে আমাদের একটা দাওয়াত ছিল। কার দাওয়াত, কোথায় --- বলতে পারবো না। এটুকুই মনে আছে, লিমোজিনে চড়ে ওই দাওয়াতে গিয়েছিলাম। ওই প্রথম আমি লিমোজিনে চড়লাম।”
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের ঠিক আগে একসময়ের প্রিয় সতীর্থ মানজারুল ইসলাম রানার মৃত্যু শোককে শক্তিতে পরিণত করেছিলেন হাবিবুল বাশাররা। এবার সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেও ফিরে আসবে সেই স্মৃতি। ন্যাটওয়েস্ট সিরিজের বাংলাদেশ দলে যে রানাও ছিলেন। দল বেঁধে আনন্দ উদযাপনের স্মৃতিতে রানা উঁকি দিতেই আনমনা হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজনও। ওই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কিন্তু মাঠের বাইরে বসে ওই ম্যাচের উত্তাপ গায়ে মেখেছেন ভালোমতোই, “সত্যি কথা বলতে কী, জিততে পারি এই ভাবনা নিয়ে ওই দিনটা আমরা শুরু করিনি। এমনকি অস্ট্রেলিয়াকে ২৪৯ রানে আটকে দেওয়ার পরও নয়। আশরাফুল আর সুমনের (হাবিবুল বাশার) মধ্যে একটা বড় পার্টনারশিপ গড়ে ওঠার সময়ই আমরা প্রথম জেতার কথা ভাবতে শুরু করি। তখন ড্রেসিংরুমের সামনে বসে কী যে টেনশনে সময় কাটছিল আমাদের। ওরা প্রতি ওভারে প্রায় আস্কিং রেট অনুযায়ীই রান করছিল।”
আশরাফুল --- হাবিবুলের ১৩০ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ বাংলাদেশের জয়ের পথ খুলে দিয়েছিল বলেই মনে করেন মাহমুদ। তবে এর পথ দেখানোর কৃতিত্ব দিচ্ছেন তুষার ইমরানের ব্যাটিংকেও। যিনি এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে। মাহমুদের ভাষায়, “দ্রুতই প্রথম উইকেটটা হারিয়েছিলাম আমরা। এরপর তুষার ছোট্ট অথচ দারুণ একটা ইনিংস খেলে অন্যদের পথ দেখিয়েছিল যে ওই উইকেটে খেলাটা তেমন কোনো বিষয়ই নয়।”
তবে কার্ডিফ বিজয়ের নায়ক অবশ্যই মোহাম্মদ আশরাফুল। তার প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি না হলে যে কারো কারো দেখানো পথের শেষে গিয়ে পৌঁছানোই হতো না বাংলাদেশের। বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের অগ্রজ নাফিসের দৃষ্টিতে ‘মধ্যমণি’ আশরাফুলের পার্শ্বচরিত্র হিসেবে আফতাবই নম্বর পাচ্ছেন বেশি, “অ্যাশ পুরো ম্যাচটা আমাদের হাতে এনে দিয়েছিল। এরপর আফতাব যা দারুণ ফিনিশ করলো না! উফ! অসাধারণ! গিলেস্পিকে মারা ছক্কাটা!”
পেছন ফিরে গিয়ে কোচ আর অধিনায়কের একটা কথাই বারবার কানে বাজছে নাফিসের, “কার্ডিফের উইকেটটা আমাদের সবার কাছেই খুব পরিচিত মনে হচ্ছিল। বাউন্স তেমন ছিল না। মুভমেন্টও খুব একটা নয়। তাই লাঞ্চের সময় কোচ --- অধিনায়ককে বারবার একটা কথাই বলতে শুনছিলাম,‘উই ক্যান মেক ইট, উই ক্যান মেক ইট।’ এরপর তো আশরাফুলের ব্যাটিং এই বিশ্বাস এনে দিল যে আমরাও জিততে পারি।”
এখনকার দলকে যে ‘নতুন এক বাংলাদেশ’ বলা হচ্ছে তার চারাগাছটি কী তাহলে সেই কার্ডিফেই রোপিত হয়েছিল? যেটা একটু বড় হয়ে এখন ওয়ানডেতে নিয়মিত জয় ফল হিসেবে দিতে শুরু করেছে বাংলাদেশকে। মাহমুদ একবাক্যেই কথাটা মেনে নিতে রাজী, “হ্যাঁ, আমার তাই মনে হয়। মনে আছে পরের বছর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে আমরা ভীষণ আত্মবিশ্বাসী ছিলাম। কোনো না কোনো ম্যাচে ওদের হারানোর ব্যাপারে। সিরিজের প্রথম ওয়ানডেতে আমি অবসর নিলাম। পরের ম্যাচেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো।”
জয় নামের সুস্বাদু ফলের তত্ত্বে বিশ্বাস আছে নাফিসেরও, “গত কিছুদিনে অস্ট্রেলিয়া কিন্তু বেশ কিছু ম্যাচে হেরেছে। তবে আমরা যখন হারিয়েছিলাম, তখন ওরা অপরাজেয়ই ছিল। কেউই ওদের হারাতে পারছিল না। সেবার পারলে আবারো অসম্ভব নয়। আমি বলবো ওই জয়ের পর থেকেই সত্যিকারভাবে বদলাতে শুরু করেছিল বাংলাদেশ। জয়টাকে তাই এখন অভ্যাসে পরিণত করে ফেলতে পারছি আমরা।”
১৮ জুন ২০০৫ কে এখন তাই শুধুই আর ঐতিহাসিক দিনের সীমায় বাঁধা যাচ্ছে না। ‘নতুন বাংলাদেশ’ এর জন্মদিনও যে এটাই। নাফিসের প্রথম লিমোজিনে চড়ার দিন!
