২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সম্ভাবনা নেই

বব উলমারের আততায়ী কি কোনো আলামত রেখে গিয়েছিলেন? তার ডিএনএ’র নমুনা কি পাওয়া যাবে? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে জ্যামাইকা পুলিশের নির্ঘুম রাত কাটছে এখন। খুনির সন্ধানে মরীয়া হয়ে তারা পরিকল্পনা নিয়েছে সেদিন পেগাসাস হোটেলে অবস্থান করা প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহের! তদন্তকারী কর্মকর্তাদের বিশ্বাস, উলমারের ঘরে আততায়ীর ডিএনএ নমুনা ফেলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তবে কাজটা খুবই কঠিন হওয়ার কথা। একে তো বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে ক্রিকেটপ্রেমীদের জমজমাট ভীড়। তার ওপর সাপ্তাহিক ছুটির দিনে (রোববার) উলমারের মৃত্যু হওয়ায়  সে সময়টায় হোটেলে তিল ধারণেরও জায়গা ছিল না। পুলিশের ধারণা, খুনের দিন পেগাসাস হোটেলের ৩০০ টা ঘরে অন্তত হাজার খানেক মানুষ ছিল। ক্রিকেটার, কর্মকর্তা, ক্রিকেটভক্ত, সাধারণ পর্যটক তো ছিলেনই, তাদের সঙ্গে হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীরাও সে সময় অবস্থান করছিলেন সেখানে। এত লোকের ডিএনএ নমুনা সংগ্রহ করা কি সম্ভব?

কাজটা ভীষণ কঠিন, তবে সেজন্য হাত পা গুটিয়ে বসে থাকতে রাজি নন জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস। বুধবার কিংস্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  শিল্ডস বলেছেন, “আমার ধারণা ১৩ তলায় উলমারের ঘরে খুনির ডিএনএ ফেলে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে। এ ধরনের হত্যাকান্ডে, কিংবা অন্য যে কোনো অপরাধের সময় লোকে সাধারণত তাদের ডিএনএ নমুনা ফেলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কতখানি?”

উলমারের মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে সৃষ্টি হওয়া রহস্য সম্পর্কেও বক্তব্য রাখতে হয়েছে শিল্ডসকে। ক’ দিন আগে কয়েকটি পত্রিকা জানিয়েছিল, প্রথম ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ জন্ম নেয়ায় আবারও কাটাছেঁড়া হতে পারে উলমারের মৃতদেহের। তবে এই গুঞ্জনকে একেবারে উড়িয়েই দিয়েছেন শিল্ডস, “দ্বিতীর বার ময়না তদন্ত হবে না। এমন কোনো পরিকল্পনাও করা হয়নি।”

আরেকটি বিষয় নিয়েও মুখ খুলতে হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক গোয়েন্দাকে। উলমারের ঘরের সামনে রাখা ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিওটেপের ছবি বেশ ঝাপসা আর সেজন্য তদন্ত কাজে বিঘœ ঘটছে --- এমন একটা তথ্যও দিয়েছিল কয়েকটি পত্রিকা। এই তথ্যও ঠিক নয় বলে জানিয়েছেন শিল্ডস, “আমি যে সব ছবি দেখেছি সেগুলো পরিষ্কারভাবে ১৩ তলায় যাওয়া মানুষদের চিহ্নিত করতে পারছে।” বরং তিনি জানিয়েছেন সে সব ভিডিও টেপ ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করে গোয়েন্দারা তদন্তে অনেকখানি এগিয়ে গেছেন।

উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছে ---  পিসিবি’র কয়েক জন কর্মকর্তার এমন   মন্তব্যের সঙ্গে মোটেই একমত নন শিল্ডস। বরং তিনি জানিয়েছেন,“ যতক্ষণ না টক্সিকলজি সংক্রান্ত ফরেনসিকদের চূড়ান্ত রিপোর্ট এবং অন্যান্য বিষয় নিয়ে সমস্ত তথ্য হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে এ সম্পর্কে (উলমারের হত্যা) বিন্দুমাত্র সন্দেহ জাগবে না।”