২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাসিথ মালিঙ্গা : বিশ্বসেরাদেরও ছাড়িয়ে .....

ক্রিকেট শুধু মহান অনিশ্চয়তার খেলাই নয়, অনিশ্চয়তার ভয়াবহতা কখনো কখনো হাস্যকরও করে তোলে সবকিছুকে। দক্ষিণ আফ্রিকা জয় থেকে আর মাত্র ৪ রান দূরে --- এ কথা ভেবে বুধবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচ থেকে যারা চোখ সরিয়েছিলেন তারা এখন কতটা হাসির পাত্র একবার ভেবে দেখুন! সুযোগ পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অনন্য এক ঘটনা উপভোগ না করার জন্য তারা তো নিজেদের কাছেও করুণার পাত্র। এ জন্য দায়ী কিন্তু ক্রিকেটই। আর দায়ী লাসিথ মালিঙ্গা। টানা চার বলে চার উইকেট নিয়ে শ্রীলংকার এই ফাস্ট বোলার ছাড়িয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ও বর্তমান সব বোলারকেই। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকসহ টানা চার বলে চার উইকেট নেয়া প্রথম ও একমাত্র বোলার মালিঙ্গাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৫ উইকেটে ২০৬। অর্থাৎ শ্রীলংকার ২০৯ রান টপকাতে মাত্র ৪ রান চাই তাদের। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয়ের দিকেই যাচ্ছে প্রোটিয়ারা  --- এই ভেবে নিশ্চয়ই শেষ ৩২ টি বল না দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকে। এখন নিশ্চয়ই তাদের মাথার চুল ছিড়তে হচ্ছে আফসোসে। ৪৫ তম ওভারের পঞ্চম বলটিতে দারুণ এক ¯ে¬ায়ার দিয়ে শন পোলককে বোল্ড করে দিলেন মালিঙ্গা।  স্কোর ৬ উইকেটে ২০৬। পরের বলে নতুন ব্যাটসম্যান অ্যান্ড্রু হল পেলেন এমন এক ইয়র্কার যা সামলাতে গিয়ে কাভারে ক্যাচ দিয়ে দিলেন উপুল থারাঙ্গার হাতে।   স্কোর ৭ উইকেটে ২০৬। ওভার শেষ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কোথায় একটু হাঁফ ছেড়ে বাঁচবেন, তা নয়, চামিন্ডা ভাস ওভার শেষ করলেন কোনো রান না দিয়ে। তাতে অবশ্য দুশ্চিন্তা বাড়েনি। ৪ ওভারে ৪ রান করা তো কোনো ব্যাপারই নয় -- এমন মানসিকতা নিয়েই মালিঙ্গার পরের ওভারের প্রথম বলটা খেলতে গিয়েছিলেন জ্যাক ক্যালিস। ড্রাইভ করতে গিয়ে তিনিও দিলেন ক্যাচ, তবে কাভারে নয়, উইকেটের পেছনে। ওয়ানডে ইতিহাসের ২৪ তম এবং বিশ্বকাপের পঞ্চম হ্যাটট্রিক করা হয়ে গেল মালিঙ্গার। আতঙ্ক ছড়িয়ে পড়লো গ্রায়েম স্মিথের শিবিরে। সে আতঙ্কেই যেন ওভারের দ্বিতীয় বলে এনটিনিও আউট। বিপদ ঘটানো কোনো রসদ ছিল না, মালিঙ্গার স্বাভাবিক গতির সোজা বল, তাতেই এনটিনি বোল্ড! গলের সমুদ্রে সাঁতরে সাঁতরে আর নারকেল গাছ বেয়ে বেয়ে যার শৈশব কেটেছে সেই ছেলেটি এক লাফে ক্রিকেট ইতিহাসের সব বোলারের ওপরে। এতদিন কেউ যা পারেননি মালিঙ্গা তা করে দেখালেন এক লহমায়!

একে আকস্মিক চমক মনে করলে দোষ দেয়া যাবে না, তবে মালিঙ্গার জন্যে অস্বাভাবিক মনে করলে তা হবে মস্ত বড় ভুল। অস্বাভাবিক অ্যাকশনের ডান হাতি এই ফাস্ট বোলার জীবনে প্রথম ক্রিকেট বল হাতেই নিয়েছেন ১৭ বছর বয়সে। সেই থেকে তাকে নিয়ে আলোচনা কম হয়নি শ্রীলংকায়। আশার ফানুস উড়েছে অনেক। একেবারে হতাশও করেননি। ২০০৪ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক। এর মধ্যে  ৩২ ওয়ানডেতে ৫০ আর ২১ টেস্টে ৭১ উইকেট কি খুব খারাপ? মোটেই না।  টেস্ট অভিষেকে নিজের প্রথম দু’ বলে বিদায় করেছিলেন অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান আর অ্যাডাম গিলক্রিস্টকে। মানতেই হবে, টেস্ট ক্রিকেটের কঠিন আঙ্গিনায় তার আবির্ভাবটা মন্দ হয়নি। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪টি ডেলিভারিতে নিজেকে যে উচ্চতায় তুলেছেন সে তুলনায় ৫০ বা ৭১ উইকেট যে চেপে যাওয়ার মতো রেকর্ড তা ---  তো স্বীকার করতেই হবে।

অতীতকে ¤¬ান করে দিয়ে হঠাৎ উজ্জ্বলতম শিখরে আরোহন  --- ক্রিকেটে এ অবশ্য নতুন কিছু নয়। রেকর্ড সবসময় রাঘব --  বোয়ালদের নিজস্ব সম্পত্তি নয়, শহীদ আফ্রিদি, রবি শাস্ত্রিদেরও দীর্ঘস্থায়ী অধিকার থাকে সেখানে।