২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিচার্ডসের মাঠে লারা আর ওয়েস্ট ইন্ডিজকে দেখার অপেক্ষা

একটু অমনযোগী হলেই ওয়েস্ট ইন্ডিজে তারকা ক্রিকেটারদের সঙ্গে গায়ে গায়ে ধাক্কা লেগে যাবে। অভিজ্ঞতার আলোকে সফরকারী বাংলাদেশের সাংবাদিকমহলে কথাটা প্রচলিত। এবং তা যে সত্য তা আরেকবার জানলাম ত্রিনিদাদ থেকে অ্যান্টিগা পৌঁছার পথে। বিমানে সঙ্গী পেড্রো কলিন্স। এমন কিছু বড় ক্রিকেটার নন, ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলেছেন, নিজে যদিও দাবী করছেন ফর্ম তার খুব ভালো, কিন্তু বিশ্বকাপ দলে অন্তত নেই। তবু পেড্রো কলিন্স বাংলাদেশের ক্রিকেটে আছেন। থাকবেনও সম্ভবত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 03:10 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তাকে স্থায়ী করে রাখছেন বাংলাদেশের দুজন ওপেনার। একজনের নাম জাভেদ ওমর, যিনি ৯৮ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ বিধ্বস্ত হওয়ার পর জানিয়েছিলেন তার খেলা সবচেয়ে কঠিন বোলারের নাম পেড্রো কলিন্স। বেশ হাস্যকর, আকরাম-ম্যাকগ্রা-অ্যামব্রোসদের খেলার পর কিনা পেড্রো কলিন্স! তা নিয়ে হাসাহাসিও হয়েছে যথেষ্ট।

সেই হাসাহাসি হান্নান সরকার নামের আরেকজন ওপেনারের ভালো লাগেনি। তিনি ২০০৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনবার প্রথম ওভারে তার বলে আউট হয়ে বিশ্বরেকর্ডই করে বসলেন। জাভেদ এই বিশ্বকাপ দলে আছেন না থাকার মতো করে, হান্নান দৃশ্যপটেই নেই। অক্রিকেটীয় পোষাকে ক্রিকেটারদের অন্যরকম দেখায়, সবচেয়ে ভীতিকর বোলারটির মধ্যেও সেই ধারালো দাঁত আর নখের কোনো ছাপ থাকে না, তবু জাভেদ এবং হান্নান সূত্রে পেড্রো কলিন্সকে দেখার পর বাংলাদেশের ক্রিকেটের লজ্জার অধ্যায়টিই ফিরে আসার কথা। কিন্তু এলো না। একজন তো রসিকতা করে পেড্রো কলিন্সকে জানিয়ে দিলেন,‘বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল। বাংলাদেশ চ্যাম্পিয়ন, ওয়েস্ট ইন্ডিজ রানার্স আপ।’ কলিন্সও হাসেন।

সেই কলিন্স, বাংলাদেশের দুজন ওপেনারের দুঃস্বপ্ন হয়ে যার বেঁচে থাকার কথা আজীবন তিনিও এখন বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনার পিঠে ঠোট ওল্টাতে পারেন না। অবশ্যই বিশ্বকাপ ফাইনাল বাংলাদেশের জন্য এখনও ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, তবু এখন সেটা রসিকতা হিসাবে চালানো যায়। বাংলাদেশীরা খুব চালাচ্ছেন। আর চলছেও। ওয়েস্ট ইন্ডিয়ানরা শুনে হাসে। প্রশ্রয় দেয়।

বাংলাদেশের সম্ভাব্য ফাইনাল প্রতিদ্বন্দী ওয়েস্ট ইন্ডিজকে আগে দেখা হয়নি। স্বাগতিকদের সঙ্গে বিশ্বকাপের কোনো সুসম্পর্ক নেই, ৯৬তে সামান্য কিছু ম্যাচ আয়োজন করা শ্রী লংকাকে ভুলে গেলে আজও বিশ্বকাপে কোনো স্বাগতিক চ্যাম্পিয়ন হয়নি। ভারত-পাকিস্তানে ৮৭র যে বিশ্বকাপ হলো তাতে দুই দলের কেউই ফাইনালে নেই, অথচ পরের তিনটি বিশ্বকাপেই তাদের কেউ না কেউ আছে। গত চারটি বিশ্বকাপের তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, মাঝখানে শুধু ৯২তেই মিস হয়েছে তাদের এবং সেবার দুর্ভাগ্যবশত বিশ্বকাপটা হয়েছিল অস্ট্রেলিয়াতে। তা  রেকর্ডে এমন নিরুৎসাহ থাকুক, তবু স্বাগতিকদের ঘিরে আশার আলো সবসময়ই থাকবে। এবারও আছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন পথ হারানো, মোটা দাগে ভাবলে লারা এবং দশ জনের একটা দল, কিন্তু নিজ মাঠের শক্তিতে বলীয়ান হয়ে অংকের হিসাবে সম্ভাবনার বৃত্তে ওরা ভালোমতোই আছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঘোষণাটা দেয়ার পর গ্র“পের পচা শামুক আয়ারল্যান্ডের বিপক্ষেও তারা সাবলীল; আর ইদানীংকার জিম্বাবুয়েকে হারানোর রুটিন ওয়ার্কটাও করেছে অনায়াসে।

তবু প্রায়ই কাগজে বেরিয়েছে দলের কোচ বেনেট কিংয়ের হুশিয়ারি, দলকে তিনি তাগাদা দিচ্ছেন, আরও ভালো খেলতে হবে! গ্র“প পর্যায় হয়ত এভাবেই চলছে, কিন্তু সুপার এইটে চলবে না। আর সুপার এইটে প্রথম ম্যাচেই সামনে অস্ট্রেলিয়া। কে না জানে এখনকার ক্রিকেট মানেই অস্ট্রেলিয়ার জয়, মাঝে-মাঝে তারা হারবে, কিন্তু সেই হারের জন্য বিপক্ষের কাউকে না কাউকে অতিমানবীয় কিছু করতে হবে।

এখানে লারা আছেন। আছেন বলেই ভয়। দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর এ তো ক্রিকেট ক্লাসের ওয়ানের ছাত্রও জানে চ্যালেঞ্জ যত বড় লারা তত বড় ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকারের সঙ্গে গত দেড় যুগ ধরে তার যে লড়াই সেখানে তিনি জিতেছেন এই শক্তির জোরে। শচীন ধারাবাহিকতায় ফার্স্ট বয়, লারা সেখানে ফার্স্ট বেঞ্চেও বসতে পারবেন না। কিন্তু বড় ম্যাচ জেতানো, অতি প্রাকৃত কাণ্ড এসবে লারা যখন লেটার মার্কেরও বেশি পাবেন, তখন শচীন টেন্ডুলকার কারো কারো হিসাবে নাম্বারই পাবেন না।

ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ মানে শুধুই ক্রিকেট নয়। পর্যটকদেরও একটা সুযোগ। এক-আধটু ক্রিকেটপ্রেম নিয়েও লোকজন ওয়েস্ট ইন্ডিজে চলে আসছে এক ঢিলে দুই পাখি মারতে। খেলা দেখবে এবং ঘুরে বেড়াবে। আর তাই মাঠে সব দেশের লোকজনই কম..বেশি আছে। অ্যান্টিগার মাঠে যেমন ওয়েস্ট ইন্ডিজের মেরুনের তুলনায় অস্ট্রেলিয়ার হলুদ মলিন নয়। তবে যেহেতু মরিয়া ক্রিকেটপ্রেমীর চেয়ে সৌখিন পর্যটকই সংখ্যায় বেশি, তাই নাচ-গান হলো দু-পক্ষ মিলেই। ভিভ রিচার্ডসের মাঠের প্রথম ম্যাচ রীতিমতো যুদ্ধ-যুদ্ধ ভাবের বদলে আনন্দমেলাই যেন, হাত ধরাধরি করে নাচানাচি, একে অন্যের সঙ্গে বিয়ারের গ্লাস ভাগাভাগি!

আর এসবের সাক্ষী হয়ে থাকলেন তিনি স্বয়ং। ভিভ রিচার্ডস। স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট মাঠ নামের এই স্টেডিয়ামটি বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয়েছে, চীন সরকারের আর্থিক সহায়তার সঙ্গে অ্যান্টিগা সরকারের সদিচ্ছা আর আন্তরিকতা মিলে লোকালয় থেকে বেশ অনেকটা বাইরে একেবারে ক্রিকেটময় একটা জগত। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাই মাঠের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, নামের সঙ্গে ব্যক্তিত্বের ছটা নিয়ে সশরীরী রিচার্ডসও পুরোপুরি থাকলেন এই মহাক্ষণে।

কিন্তু বৃষ্টি নামের আজন্ম ক্রিকেট শত্র“টির জাত---পাত, স্থান---কালের কোনো ভেদ নেই। কাল এই দিনেও তার  থাবা। অস্ট্রেলিয়ার ৫০ ওভারে ৩২২ রান এমন চ্যালেঞ্জিং যে রিচার্ডসেরও ব্যাট হাতে নেমে পড়তে ই”চ্ছা হওয়ার কথা। তা সম্ভব না হলেও উত্তরাধিকারী একজন তো আছেন। তার কীর্তির সুযোগ্য পতাকাবাহী ব্রায়ান লারা। কিন্তু বৃষ্টিতে সব  বিঘিœত।

রিচার্ডসের মাঠে লারা রিচার্ডসকে কী উপহার দেন সেটা দেখার অপেক্ষা তাই  একটা দিন বেড়ে গেল! আমাদেরও অপেক্ষা খানিকটা বাড়লো। রসিকতার বাংলাদেশ---ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলের ব্যাটিং শক্তিটা দেখতে ধৈর্য ধারণ করতে হচ্ছে আরও একদিন।