২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশ স্পিনারদের শেখালেন ল্যান্স গিবস

তাদের চুনোপুটি বলে যারা তুচ্ছ --- তাচ্ছিল্য করেছিলেন তারা মোটামুটি চুপ। পাকিস্তানকে হারিয়ে, সুপার এইটে উঠে যে সমালোচকদের দাঁত ভাঙ্গা একটা জবাব দিয়ে দিয়েছে আয়ারল্যান্ড! এখন আরো কিছু বিস্ময় উপহার দেয়ার প্রস্তুতি চলছে আইরিশ শিবিরে। বোলিং দুর্বলতা দূর করার একটা বিরাট সুযোগ এসেছিল সামনে। আইরিশ স্পিনাররা লুফে নিয়েছেন সেই সুযোগ। স্পিন বোলিংয়ে কীভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় সে সম্পর্কে বেশ ভালো ধারনা পেয়ে গেছেন দলের দুই অফ স্পিনার কাইল ম্যাককালান ও অ্যান্ড্রু হোয়াইট। তাদের হাত ধরে স্পিন বোলিংয়ের খুঁটিনাটি শিখিয়েছেন টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট পাওয়া প্রথম স্পিনার ল্যান্স গিবস!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আয়ারল্যান্ড সুপার এইটে প্রথম ম্যাচ খেলবে শুক্রবার, ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে উইন্ডিজ গ্রেট ল্যান্স গিবসকে শিক্ষক হিসেবে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।  বৌর্ডায় তাদের এ সৌভাগ্য হয়েছিল গত সোমবার। ৭২ বছর বয়সী গিবস নিজে কথা বলেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক ট্রেন্ট জনস্টন আর দুই স্পিনার ম্যাককালান ও হোয়াইটের সঙ্গে। ১৯৫৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ওয়েস্টইন্ডিজের হয়ে খেলা গিবস জানিয়েছেন প্রাথমিক যে বিষয়গুলো না জানলে স্পিন বোলিংয়ে সফল হওয়া যায়না, সেগুলোই একটু বুঝিয়ে বলার চেষ্টা করেছেন দুই আইরিশ

ক্রিকেটারকে,“ কীভাবে বল গ্রিপ করতে হয় --- এটা থেকে শুরু করে নানা বিষয় সম্পর্কে ওদের ধারনা দিয়েছি। সেই ’৭৬ সাল থেকে আমি আর ক্রিকেট খেলিনা। তারপরও আমার স্পিন করার আঙ্গুলটা দেখিয়েছি ওদের। স্পিন বোলিং তো একটা শিল্প। বোলিংয়ের সময় গতিতে, ফ্লাইটে পরিবর্তন আনতে হয়; সবসময়ই একভাবে বল করা যায় না।” এসবের পর যা বলেছেন তা যদি ম্যাককালান , হোয়াইটরা সত্যি সত্যি শিখে নিয়ে থাকেন, তাহলে শুধু আগামী ম্যাচে ইংলিশদের কেন, সুপার এইটে সব প্রতিপক্ষকেই ভুগতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে, “ ওদের আরো বলেছি, ব্যাটসম্যানদের শক্তি আর দুর্বলতা খুঁজে বের করতে হবে। কোনো ব্যাটসম্যানের একটা দুর্বলতা খুঁজে পেলে সেখানে আঘাত করেই ওকে শিকার করতে হবে। কখনোই  তোমাকে পেটানোর সুযোগ দিলে চলবে না।”

শুক্রবার ইংল্যান্ড -- আয়ারল্যান্ড ম্যাচটি হবে গায়ানার নতুন আন্তর্জাতিক ভেন্যু প্রভিডেন্স স্টেডিয়ামে। সাবেক আর্ন্তজাতিক ভেন্যু বৌর্ডায় ল্যান্স গিবসের কাছ থেকে টিপস পেয়ে কাইল ম্যাককালান রীতিমতো উচ্ছসিত,“ একজন কিংবদন্তীর সঙ্গে সাক্ষাত এমনিতেই দারুণ অভিজ্ঞতা। উনি (গিবস) আমাকে আর হোয়াইটকে বেশ কিছু টিপস দিয়েছেন। এতদিন আমাদের যেভাবে শেখানো হয়েছে তার চেয়ে ওনার গ্রিপটা আসলেই আলাদা। এখানে প্র্যাকটিসে এবং মৌসুমের বাকি সময়ে আমরা তা পরীক্ষা করে দেখবো।”