২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল : স্ট্রোকমেকার থেকে ফিনিশার

ব্রায়ান লারার দেশে শচীন টেন্ডুলকার ডুবলেন। আমাদের আশরাফুল ডুবলেন না। বরং ডুবন্ত তরীকে এমন সাহসী নাবিকের মতো ভাসিয়ে নিয়ে গেলেন তীরে যে ত্রিনিদাদের বৃষ্টিভেজা সন্ধ্যায় অন্ধকার ঘনাতে পারল না! ত্রিনিদাদের আকাশে সারাদিন জমে ছিল মেঘ, বাংলাদেশের ইনিংসের শুরুতেও হঠাৎ করে সেই মেঘের কালো চোখ, আশরাফুল ব্যাট হাতে সেটা উপড়ে দিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তামিম ইকবালের উত্থানের পর তিনি আর একা বাংলাদেশের স্ট্রোকভাণ্ডার নন। শাহরিয়ার নাফীস সর্বোচ্চ স্তরে পারফরম্যান্সের ধারাবাহিকতায় পেছনে ফেলেছেন তাকে। সাকিব আল হাসান যতটা নির্ভরতার প্রতীক আশরাফুল ততোটা কখনো হতে পারেননি। একে একে সব যাচ্ছিল তার। ব্যাটিং অর্ডারে চার নাম্বার থেকে ছয় নাম্বারে, যেখানে দলের সেরা ব্যাটসম্যান দূরে থাক, স্বীকৃত ব্যাটসম্যানই কখনো খেলেন না, ওটা অলরাউন্ডারদের জায়গাই সাধারণত। এরপরের স্তরই হচ্ছে দল থেকে বেরোনো। চূড়ান্ত বিপাকে পড়লে যেমন মানুষ মুক্তির পথ খুঁজে পায় জীবনের সেই চিরসত্যটাই যেন সত্যি হলো আশরাফুলের বেলায়। তার মানের ব্যাটসম্যানের তুলনায় অসম্মানজনক জায়গায় গিয়ে তবেই আশরাফুল নেমেছেন পুনরুদ্ধার প্রকল্পে। এখন আর আশরাফুল সস্তায় নিজের উইকেট বিলিয়ে দেন না, টেল এন্ডারদের সঙ্গে নিয়ে জুটি গড়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার এই মানসিকতাটা আশরাফুলচরিতের তুলনায় বিস্ময়কর। ধীর তার অবিশ্বাস্য কিন্তু  কার্যকর রূপান্তর। যে আশরাফুল উইকেটে গিয়ে কত তাড়াতাড়ি রান করবেন, বোলারদের কত বেধড়ক পেটাবেন সেসব ছাড়া আর কিছু ভাবতেই চাইতেন না, তিনি এখন বলের পর বল ছাড়েন। অন্য ব্যাটসম্যানদের জন্য শিক্ষণীয়ও কখনো কখনো। বারমুডার সঙ্গে ম্যাচে যেমন। শুরুতে তামিম তার মতো খেলে আউট হলেন, সমস্যা নেই কোনো, তামিম এমনই খেলবেন সবসময়, আর তার যে ক্যাচটি বারমুডা ধরেছে সেটা এককথায় জানবাজি রেখে ধরা। কিন্তু শাহরিয়ার নাফীসের যে কী হলো! বিশ্বকাপের আগেই কি তার রানের কোটা শেষ! আর আফতাব। এই অবস্থাতেই কেন বারবার ডাউন দ্য উইকেট আসতে চাইলেন সেই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। ব্যাটিং অর্ডারে এরপর আসার কথা অধিনায়কের, কিন্তু রূপান্তরিত আশরাফুল অধিনায়কের কাছেও সবচেয়ে নির্ভরযোগ্য। তাই ৫ নম্বরে আশরাফুল। নেমে প্রথম বলটা মাঝ-ব্যাটে খেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জানালেন, আমাদের ২১ ওভারে চাই মাত্র ৯৪, কাজেই ব্যস্ত হওয়ার কিছু নেই, ধরে খেললেই হবে, তোমরা খামাখা...। ম্যাচ শেষে আশরাফুলের মুখেও শোনা গেল সেই কথা যেটা তার মাথায় সবসময় থাকলে ধরেই নিতে পারেন শেষপর্যন্ত আশরাফুল সমস্যার সমাধান হতে যাচ্ছে। উইকেটে গিয়ে কী ভাবছিলেন তিনি? সহজ উত্তর,‘আমি চাইছিলাম শুধু টিকে থাকতে। জানতাম শেষপর্যন্ত টিকে থাকতে পারলেই এই রান হয়ে যাবে।’ এই কী সেই আশরাফুল যাকে সবসময় উত্তর দিতে হতো উল্টো প্রশ্নের। কেন ঐ শটটা খেলতে গেলেন? দরকার ছিল কোনো?

আশরাফুল একটা জীবন্ত ক্রিকেট কোষ। নিজের রান --- ইনিংস --- আউট প্রত্যেকটা তার এমন হুবহু মনে থাকে যে মনে হয় পাশ থেকে বই দেখে কেউ প্রম্পট করে দিচ্ছে। তাকে দিয়ে ওপেনিং করানোর শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত কয়েক মাস ধরেই ৬ নম্বর তার জায়গা, সেখানে বড় স্কোর করা কঠিন, অপরাজিত থেকে ইনিংস শেষ করাই দায়িত্ব। রান করেন না বলে চোখে পড়ে না, কিন্তু এই ম্যাচের পর ম্যাচ জেতানো ইনিংসের পর হিসাব করে দেখা যাচ্ছে আশরাফুলই এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। বিস্ময়কর শোনালেও সত্যি, এই বিশ্বকাপে এখনও আউটই হননি তিনি। ভারতের সঙ্গে ম্যাচে ৮ রান করে ম্যাচ জিতিয়ে আসার পর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে সর্বোচ্চ অপরাজিত ৪৫, তারপর বারমুডার সঙ্গে আবার ম্যাচ জেতানো ২৯। আর তার নিজের কাছ থেকে জানা যাচ্ছে ক্যারিবিয়ানে আসার পর মাত্র একবার আউট হয়েছেন তিনি। যারা তাকে চেনেন তাদের কাছে আশরাফুলের ছয় নম্বরে নামাটা এমন অগ্রহণযোগ্য দৃশ্য যে এটা নিয়ে রসিকতাও চলে। কারো কারো কাছে সেই রসিকতায় তিনি মাইকেল বেভানের মতো দ্য ফিনিশার! এবং এটা তো এখন আর রসিকতা নয়। সত্যি। আশরাফুল স্ট্রোকমেকার থেকে  ফিনিশার।

আবার বলি, আশরাফুলের দ্যুতিময় স্ট্রোক না দেখা, তার স্ট্রোকের ঝুলি তালাবদ্ধ থাকা মেনে নেওয়ার নয়। আশরাফুলেরও নিশ্চয়ই ভালো লাগে না। কিন্তু পৃথিবীর মতো ক্রিকেটেও সবকিছু সবার মনমতো হয় না। জীবনের মতোই পেতে গেলে কিছু ছাড় দেয়ার প্রশ্ন থাকে। আশরাফুল সেই ছাড়টা দিয়েছেন। এই ত্যাগই শেষপর্যন্ত বোধহয় তাকে দিতে শুরু করেছে ক্রিকেট । তবু তার নিজেরও একটা আফসোস আছে। এমনিতে মোটা পর্দা দিয়ে আড়াল করে রাখেন, কিন্তু  খুব একান্ত সময়ে, খুব ঘনিষ্ঠ লোকের কাছে সেটা বেরিয়ে যায়।

তাই ঠিক বুঝতে পারছি না, আশরাফুলের স্ট্রোকমেকার থেকে ফিনিশার হয়ে যাওয়াটা কতোটা আনন্দের আর কতোটা আফসোসের।