আরেক বিজয়ের রংয়ে রঙ্গীন স্বাধীনতা দিবস
স্বাধীনতা দিবসটা আসলে এমনই হওয়া উচিত। এমন রংয়ের মেলা। এমন আনন্দসম্ভারে সাজানো। এমন তৃপ্তিভরপুর। বাংলাদেশ খুব সম্ভব ২৫ মার্চ রাতে ঘুমায়নি। আরও একবার নির্ঘুম কেটেছিল, ’৭১ সালে এবং সেই রাতটাকে ভয়াল কালো রাত হিসাবেই আমরা জেনে এসেছি। ৩৬ বছর পর আবার নির্ঘুম ২৫ মার্চের রাত, কিন্তু এবার আর ভয়াল রাত নয়, এবার অর্জনের রংমাখা রাত।
এবার অপেক্ষা ক্রিকেটের মই বেয়ে নতুন স্বর্গে উত্তরণের। আর তাই এবারের ২৬ মার্চটা হবে সত্যিকারের অর্থবহ। এতদিন স্বাধীনতা দিবস মানে রাষ্ট্রপ্রধান --- সরকারপ্রধানদের চিরন্তন বাণী, পতাকা অর্ধনমিত রাখা, অফিস --- আদালতের ছুটি, রেডিও --- টিভিতে অনুষ্ঠান! এসবই তাত্ত্বিক উৎসব, মানুষের কাছে আদতে স্বাধীনতা দিবস আর একটা দিনের মতোই। এদিন ছুটি থাকে বলে কাজ করতে হয় না এই যা! সেই তুলনায় এবারের স্বাধীনতা দিবসটি! বাণী দিয়ে মানুষকে উদ্দীপ্ত করতে হবে না! চেতনার রং ছড়িয়ে দিতে টিভির জমজমাট টক শোরও দরকার পড়ছে না। মানুষ নিজে থেকেই উৎসবমুখী। ’৭১ এর পর আর কোনো ২৬ মার্চ এমন হিসাব মিলিয়ে আসেনি।
বাধাবিঘœ কম ছিল না। সকাল থেকেই বৃষ্টি এমন শত্র“তা শুরু করলো যে ম্যাচ হয় কিনা তাই নিয়ে সন্দেহ! শুরু হলো ঘণ্টা দুয়েক পর, তারপরও শান্তি নেই। বাচ্চাদের হাতে কোনো দামী খেলনা দেয়ার আগে যেমন ওদের সঙ্গে একটু দুষ্টুমি করে নিতে হয়, তেমনি বৃষ্টি যেন সুপার এইটের টিকেটটা হাতে নিয়ে একটু লুকোচুরি খেলল। যেন বোঝাতে, জানো তো এর মর্মটা কী! বাংলাদেশের তর সইছে না। এ সময় অপেক্ষার প্রহর একটু দীর্ঘ হয়। বাংলাদেশ খেলতে চায়, অনুপস্থিত অথচ সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতও চাইছে ম্যাচটা মাঠে গড়াক। ক্রিকেটের আনন্দ আহার করতে আসা বারমুডাও তাই। কিন্তু সবার মিলিত শক্তির চেয়েও যেন বৃষ্টির জোর বেশি। স্থানীয় সময় পৌনে ১২টায় খেলা শুরু হয়ে বিরতি নিল চারবার। সেই বিরতিগুলোও মজার, কভার --- টভার সরিয়ে যখন খেলা শুরুর আয়োজন তখনই বৃষ্টি। বিরতির কারণে সময় কমল, সময় কমার কারণে কমল ওভার। শুরুর ৪১ ওভার প্রথম দফা বৃষ্টিতে কমে হল ৩৫, তারপর ৩০ এবং শেষপর্যন্ত ২১! ২১ মানে সর্বনিম্ন ওভারের চেয়ে একটা বেশি। আর বৃষ্টি হলে খেলা হয় না, না হলে স্বাধীনতা দিবসের দিনটি বাংলাদেশকে কাটাতে হয় ঘোর টেনশনে, এবার বৃষ্টির মনে হলো ছাড় দেয়া উচিত। সে বাংলাদেশের স্বপ্ন নিয়ে একটু লুকোচুরি খেলতে চেয়েছে, অর্জনের মর্ম বোঝাতে, শত্র“ হতে চায়নি কখনোই।
এই ম্যাচে চাপ থাকবে জানা ছিল। থাকবে প্রেরণাও। দুটোই থাকল। সুপার এইটের উত্তেজনাজনিত চাপে গোলমাল হলো কিছু, আর সঙ্গে সঙ্গে প্রেরণা সেটা পুষিয়েও দিল। আশরাফুল সহজ ক্যাচ ফেললেন, কিন্তু হাবিবুল পেছন দিকে দৌড়ে ধরলেন অসাধারণ একটা ক্যাচ। রাসেল ক্যাচ ফেললেন, কিন্তু তামিম বাউন্ডারিতে দাঁড়িয়ে ক্যাচটা ধরতে ভুললেন না। চাপ --- প্রেরণা উভমুখী প্রভাবের সঙ্গে সঙ্গে থাকল ভাগ্য এবং সেটা একমুখী হয়েই। বাংলাদেশমুখী হয়েই। টস জিতে আগে বোলিং নেয়াতে শুধু বোলিংয়ে নয়, লাভ হলো বারমুডা তাদের ইনিংসটা নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারল না। ৪১ ওভার জেনে নামল প্রথমে, তারপর প্রতি বিরতির পর নতুন লক্ষ্য, নতুন করে চিন্তা, সেই চিন্তা করতে না করতেই আরেক দফা বিরতি। শেষ দফায় অবশ্য আর কোনো বিকল্প ছিল না বলে শেষ ৬ ওভার একেবারে যাকে বলে ব্যাট থ্রো করে ৩৫ বলে ৪৯ রান। কিন্তু এর জন্য মূল্যও দিতে হয়েছে। হারাতে হয়েছে ৫ উইকেট।
ডাকওয়ার্থ লুইসের জটিল হিসাবে এরপরে বাংলাদেশের টার্গেট ৯৫ রানের পরিবর্তে দাঁড়ায় ৯৬। অবশ্য ভাগ্যের পক্ষপাত ঠিকই পেয়ে এসেছে বাংলাদেশ। বারমুডার বোলাররাও উদাত্ত হাতে বল করতে লাগলেন বাংলাদেশের লক্ষ্যপুরণে। নো আর ওয়াইডের এমন ছড়াছড়ি যে শুরুতে বাংলাদেশের ব্যাটসম্যানরা নড়বড়ে থাকলেও স্কোরবোর্ড ঠিকই এগিয়েছে। ৩৭ রানে ৩ উইকেট হারানোর চোট সামাল দেয়ার সময়ও পাওয়া গেছে এতে। আশরাফুল আর সাকিব যে ঠান্ডা মাথায় ইনিংস পুনর্নির্মাণ করতে পারলেন তাও ওদের অতি মাত্রায় অতিরিক্ত রান দেয়া আর অতিরিক্ত বল করার সুবাদে।
ব্যাটিং অর্ডারে এরকম একটি প্রতিভাকে কেন ৭ নাম্বারে ব্যাট করতে পাঠানো হয় সেই প্রশ্নের উত্তর কত দিতে হয়েছে! যত ব্যাখ্যাই হোক বিদেশী সাংবাদিকদের কাছে আশরাফুলকে ৭ নাম্বারে পাঠানো মানে প্রতিভার চূড়ান্ত অপব্যবহার। কাল সেই প্রতিভাকে ঠেলে দেয়া হলো ৫ নাম্বারে, চ্যালেঞ্জও যেন, দেখাও সবাই যা ভাবে তুমি আসলে তাই। ঘনিয়ে আসা দুর্যোগ সামাল দেয়ার শক্তি আজও তোমার ব্যাট রাখে। আর সাকিব! এই বিশ্বকাপে বাংলাদেশ খেলোয়াড়দের জন্মদিন এত ঘনঘন আসছে যে এগুলো বিশ্বকাপ স্পেশাল জন্মদিন কিনা সেই প্রশ্নও আসে। সাকিবের জন্মদিন ছিল পরশু। কোনো প্রেরণা ছাড়াই যিনি সবসময় সজীব, সতেজ, সক্রিয়, জন্মদিনের প্রেরণা তার ইঞ্জিনে আরও জ্বালানি হবে না তাই কি হয়! হলো। তাই ওদের জুটিতে তরী তীরের আরও কাছে যায়! টার্গেটের সঙ্গে ব্যবধান কমে। স্বপ্ন আরও কাছায়। স্বর্গ আরও বেশি করে দেখা যায়। শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের স্বর্গে উত্তরণ ঘটল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশে যখন ২৬ মার্চ ভোর। যখন ৩৬তম স্বাধীনতা দিবসের শুভ্র সকাল আসি আসি করছে।
এই স্বাধীনতা দিবস আমাদের ক্রিকেট দিবসও বোধহয়। স্লোগানে ক্রিকেটও বোধহয় থাকবে। স্বাধীনতার বীরদের সঙ্গে কাউকে তুলনা করা ধৃষ্টতা, তবু বলছি এই ক্রিকেট বীররাও ইতিহাসে ঢুকে গেলেন।
স্বাধীনতার স্বর্গীয় এবং জীবিত বীরদের কেউ রাগ করবেন না জানি! এদের জন্যই তো এত বছর পর আবার স্বাধীনতা দিবসটা রংঝলমলে। উৎসবমুখর।
প্রবাসীদের বাংলাদেশ --- বাংলাদেশ স্লোগান শুনছি। বাংলাদেশটা কতো শুনতে হয়, এত মধুর কখনো লাগে না।
ডেভ হোয়াটমোর আর হাবিবুলের হাসি দেখছি। ওদের হাসিটাও কতো আকর্ষনীয়!
এটা তো ছবিরই বাংলাদেশ। স্বপ্নের আর স্বর্গের বাংলাদেশ।
